অর্থমন্ত্রীর স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস ধরে চলা বিরোধী জোটের অবরোধের ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা শুরু থেকেই সরকারকে সজাগ করে এর প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার তা আমলে নিয়েছে বলে মনে হয়নি। এখন সরকারের মন্ত্রী ও অংশীদারেরাও পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছেন।
গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রপ্তানিকারকদের সঙ্গে বৈঠকে বলেছেন, ‘সমস্যা সবারই হয়েছে। এবারেরটি একেবারে অপ্রত্যাশিত। আমি বলছি না যে জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। বড় বিষয় হচ্ছে ভীতি। এটা মারাত্মক। এর একটা শেষ থাকতে হবে। কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এটা জাতীয় সমস্যা।’ এর আগে তিনি বলেছিলেন, রাজধানী স্বাভাবিক হলেও বাইরের অবস্থা অত্যন্ত নাজুক। এখন সেই ঢাকায়ও প্রতিদিনই গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
অর্থমন্ত্রীর কাছে রপ্তানিকারকদের ২১ দাবিঅবরোধ ও দফায় দফায় হরতালে দেশের অর্থনীতির মেরুদণ্ডই কেবল ভেঙে পড়েনি, জনজীবনও প্রায় স্থবির হয়ে পড়েছে। শিক্ষা, শিল্প, বাণিজ্য, পরিবহন—কিছুই ঠিকমতো চলছে না। প্রতিদিনই বোমা–ককটেলের শিকার হচ্ছে মানুষ। এই সমস্যা সমাধানের টোটকা ওষুধ নেই। এবং বিষয়টিকে নিছক আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখলেও ভুল হবে। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু গত সোমবার জাতীয় সংসদে সমস্যা সমাধানে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন।
আমরাও মনে করি, এই সমস্যা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমেই। তবে সরকার বলতে পারে যে সে ধরনের উদ্যোগের আগে বিরোধী দলকে কর্মসূচির নামে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে। এখনই সমস্যা সমাধানে সচেষ্ট না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, তখন আর আলোচনায়ও কাজ হবে না। আশা করি, সরকার পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করবে।