ভূমি প্রশাসনের দুর্নীতিগ্রস্ত অংশ, যারা সংখ্যালঘুদের সম্পত্তি নিয়ে টালবাহানা করে চলেছে, তারা আজও নিয়ন্ত্রণের বাইরে। এর প্রমাণ ২০০১ সালে অর্পিত সম্পত্তি আইন হলেও এর বাস্তবায়ন এখনো বলা চলে শুরুই হয়নি। সম্পত্তি ফেরত পাওয়া-সংক্রান্ত প্রায় নয় লাখ আবেদনের বিপরীতে এ পর্যন্ত একজন দাবিদারও অর্পিত সম্পত্তি ফিরে পাননি। এটা এক ভয়ানক শাসনগত ব্যর্থতা। একটি জাতীয় প্রশাসনিক লজ্জা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ১৯ মে অভিযোগ তুলেছে যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নস্যাৎ করতে একশ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিকল্পিতভাবে বিঘ্ন সৃষ্টি করে চলছেন। এই চক্রটি জমিজমা-সংক্রান্ত ঘুষ-দুর্নীতির সঙ্গে অভ্যাসগতভাবে জড়িয়ে আছে। সরকার চাইলে এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অসম্ভব নয়।
একজন দাবিদারও অর্পিত সম্পত্তি ফেরত পাননিসংসদ ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে ছয়বার অর্পিত সম্পত্তি আইন সংশোধন করলেও এই সময়ে আদৌ কোনো অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায় না। অথচ তাঁরা গুরুতর পেশাগত অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গ ঘটিয়ে চলছেন। যেমন: ক তফসিলভুক্ত সম্পত্তি প্রত্যর্পণের আবেদন নিষ্পত্তির সময়সীমা আইনে নির্দিষ্ট করা থাকলেও তা মানা হচ্ছে না। এমনকি ট্রাইব্যুনালের রায়ের পরও বাস্তবায়ন না করে তা ফেলে রাখা হচ্ছে। আপিল না করে তারা মন্ত্রণালয়ের তথাকথিত নির্দেশনার আশায় বসে থাকে। আইন ও ভূমি মন্ত্রণালয়কে এ ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।
খ তফসিলভুক্ত সম্পত্তি ফিরে পেতে জমির মালিকানা সনদ লাগে, আর সনদ দানকারী কর্মকর্তাদের পদগুলো সারা দেশে প্রায় অর্ধেক থানায় শূন্য। তাই এখানে লোকবল দিয়ে সময়সীমা আরও এক বছর বাড়ানো চলে। বিচারক-সংকটে অনেক জেলায় ট্রাইব্যুনালগুলোও যথাযথভাবে চলছে না, অতিরিক্ত জেলা জজ তাঁর মূল কাজ সেরে সময় থাকলে এদিকে মনোযোগ দেন, এসবেরও সুরাহা চাই। সার্বিক বিচারে বর্তমান অচলাবস্থার নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরি।