অসংক্রামক রোগের প্রসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হচ্ছে; পুষ্টিহীনতা, শিশুমৃত্যু-মাতৃমৃত্যু কমছে; গড় আয়ু বাড়ছে। কিন্তু অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার হার ক্রমেই বেড়ে যাচ্ছে। এ রকম বিপরীত চিত্র স্বাভাবিক নয়। স্বাস্থ্যবান জাতি গঠনের পথে এটি একটি বড় অন্তরায়।
স্বাস্থ্য অধিদপ্তর ২০১৫ সালের শেষ দিন গত বৃহস্পতিবার যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দেশে মোট অসুস্থ মানুষের ৬১ শতাংশই নানা ধরনের অসংক্রামক রোগে আক্রান্ত। এগুলোর মধ্যে হৃদ্রোগ, ক্যানসার, ডায়াবেটিস, স্নায়ুরোগ, কিডনি রোগ, স্থায়ী বক্ষব্যাধি, শ্রবণপ্রতিবন্ধিতা, মুখগহ্বরের রোগ, আর্সেনিকোসিস উল্লেখযোগ্য। বড় উদ্বেগের বিষয় হলো, ১৫ বছর বা তার বেশি বয়সী মানুষদের ৯৭ শতাংশেরই ঝুঁকি আছে অন্তত একটি অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার।
অতীতে কলেরা, বসন্তসহ নানা ধরনের সংক্রামক রোগে আক্রান্তের হারই ছিল বেশি। অ্যান্টিবায়োটিক ওষুধের সহজলভ্যতা ও চিকিৎসাব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে সংক্রামক রোগের প্রকোপ কমেছে। কিন্তু অন্যদিকে অসংক্রামক রোগে আক্রান্ত হওয়া ক্রমেই বেড়ে যাওয়ায় নতুন সমস্যা সৃষ্টি হয়েছে।
অসংক্রামক ব্যাধি বাড়ছে প্রধানত খাদ্যাভ্যাস ও জীবনাচরণের পরিবর্তন এবং পরিবেশদূষণের ফলে। চার কোটি মানুষ ধূমপান ও পান-জর্দায় অভ্যস্ত; ১ কোটি ৭০ লাখ মানুষ প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম করে না। হৃদ্রোগ, ডায়াবেটিস ও ক্যানসার বেড়ে যাওয়ার পেছনে এমন জীবনাচরণের ভূমিকা বিরাট। তা ছাড়া ভেজাল খাদ্য, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য, শিল্প প্রক্রিয়াজাত খাদ্য, বায়ুদূষণ, শব্দদূষণ অন্যান্য সংক্রামক রোগ বৃদ্ধির জন্য দায়ী।
জাতির স্বাস্থ্যের জন্য গভীর এই সমস্যার লাঘব করতে হলে সার্বিক স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি। কৃষিতে কীটনাশক-বালাইনাশক ব্যবহার নিয়ন্ত্রণ, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের ওপর কড়া নজরদারি এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ওপরেও জোর দিতে হবে।