অসচ্ছলদের আইনি সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের আর্থিক অসচ্ছলতা। সম্পত্তি দখলসহ বেশির ভাগ অপরাধের কুশীলবেরা ধনবান ও প্রভাবশালী। অসচ্ছল ভুক্তভোগীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা সম্ভব হয় না।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মনসুরুজ্জামান খান আর্থিক কারণে উত্তরাধিকারসূত্রে পাওয়া ৩ দশমিক ৭৫ শতাংশ জমির মািলকানা–সংক্রান্ত মামলাটি পরিচালনা করতে পারছিলেন না। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটি তাঁর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী নিয়োগ দেয় এবং ২৮ ফেব্রুয়ারি আপিল বিভাগে প্রতিপক্ষের আবেদন (লিভ টু আপিল) খারিজ হয়। ফলে ৬০ বছরের আইনি লড়াইয়ে মনসুরুজ্জামান জয়ী হন।
কেবল এই মামলা নয়, গত এক বছরে (চলতি বছরের জুন পর্যন্ত) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লিগ্যাল এইড কমিটি ৩৫০টি মামলা নিয়েছে, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৯৬টি, অর্থাৎ নিষ্পত্তির হার ৫৬ শতাংশ। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ধন্যবাদ পেতে পারেন।
উল্লেখ্য, অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ২০০০ সালে প্রণীত হয়েছিল আইনগত সহায়তা প্রদান আইন। কিন্তু প্রয়োজনীয় প্রবিধান ও জনবলের অভাবে সেটি দীর্ঘদিন অকার্যকর থাকে। ২০০৯ সালে জেলা আদালতগুলোতে সংস্থার কার্যালয় প্রতিষ্ঠা ও স্থানীয় কমিটি গঠিত হলে সেই বাধা অনেকটা দূর হয়। ফলে বর্তমানে জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমেও অনেকে আইনি সহায়তা পাচ্ছেন। এই কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন। বিশেষ করে যেসব মামলা বছরের পর বছর ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সক্রিয় ভূমিকা প্রত্যাশিত।
রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। আইনি সহায়তা যত জোরদার হবে, অসচ্ছল ও সহায়সম্বলহীন মানুষের আইনি প্রতিকারের পথ তত প্রশস্ত হবে।