অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মে মালেক নামে এক বখাটে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মরিয়মের হাত প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। ওই ঘটনায় কণিকা ঘোষ নামের একজন শিক্ষার্থী মারাও যায়। কিন্তু রহস্যজনক কারণে গত চার মাসেও মেডিকেল রিপোর্ট দেননি সংশ্লিষ্ট চিকিৎসক। ফলে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হলেও বিচারকাজ শুরু হতে পারছে না। আর শেলি আক্তারের মুখ অ্যাসিডে ঝলসে দেন তাঁর সাবেক স্বামী জাহাঙ্গীর। আত্মহত্যা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

কেবল এই তিনটি ঘটনা নয়, গণমাধ্যমে প্রতিদিন নারী নিগ্রহের খবর ছাপা হলেও এর বিরুদ্ধে সামাজিক আলোড়ন লক্ষ করা যায় না। কিছুদিন লেখালেখি ও হইচইয়ের পর সবাই নীরব হয়ে যান। এতে অপরাধীরা আশকারা পেয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে মামলার তদন্ত হয় না। তদন্ত হলেও বিচারকাজ এগোয় না। যে সমাজে অপরাধ করে দুর্বৃত্তরা পার পেয়ে যায়, সেই সমাজে অপরাধ রহিত হবে কীভাবে? আমরা নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির কথা ফলাও করে প্রচার করি; কিন্তু নারীর ওপর এই নৃশংসতা আমাদের বিচলিত করে না। সমাজ ও রাষ্ট্রের এই নির্লিপ্ততার কারণে নিহত ও নিগ্রহের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এই সামাজিক অসুস্থতা ও অবক্ষয় থেকে কি আমাদের মুক্তি নেই?

উল্লেখিত তিনটি ঘটনার শিকার পরিবারগুলো অসহায় ও দরিদ্র। তাদের পক্ষে মামলা লড়া কিংবা যাঁরা বেঁচে আছেন, তাঁদের চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। সে ক্ষেত্রে তাঁদের সহায়তায় সরকার ও সমাজকেই এগিয়ে আসতে হবে।

প্রতিটি নারী নির্যাতন ও হত্যার সুষ্ঠু তদন্ত হতে হবে। অপরাধীদের শাস্তির পাশাপাশি এই সামাজিক অনাচার ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর প্রতি এই নৃশংসতা রুখতেই হবে।