বাঘ রক্ষায় প্রধানমন্ত্রীর জোরদার ঘোষণার পরদিন জানা গেল, বাঘ রক্ষা কার্যক্রমে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে শোচনীয়। বাংলাদেশের গর্ব সুন্দরবনের রাজকীয় বঙ্গীয় বাঘের অবস্থাও তথৈবচ। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাঘ রক্ষা সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাঘ ছাড়া সুন্দরবনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’
বাঁচাতে হলে সুন্দরবন ও এর বাঘকে একসঙ্গেই বাঁচাতে হবে। এ কথা মানলে এটাও মানতে হবে যে, সুন্দরবন ছাড়া বাঘের অস্তিত্বও বিনাশ হবে। কিন্তু সুন্দরবন রক্ষায় তেমন উদ্যোগ কি নেওয়া হচ্ছে? বনঘেঁষা রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বা সুন্দরবনের নির্জন অংশের ভেতর দিয়ে নৌযান চলার মতো বিষয়গুলো কি ভিন্ন চিত্রই তুলে ধরছে না?
সুন্দরবনকে রক্ষার উদ্যোগ না নিতে পারলে বন ও তার অমূল্য বাঘ সহমরণেই যাবে। সংস্কার করা বন্য প্রাণী সংরক্ষণ আইনে বন্য প্রাণীদের মধ্যে বাঘকেই সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয়েছে। ইচ্ছাকৃত বা ব্যবসায়িক উদ্দেশ্যে বাঘ হত্যা বা এর অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির জন্য পরিবহনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে ১২ বছরের কারাদণ্ড অথবা ৩০ থেকে ৫০ লাখ টাকা জরিমানা। কিন্তু বাঘের বিচরণের জন্য অপরিহার্য সুন্দরবন ধ্বংসের শাস্তি কী হবে, তা বন বিভাগের একার বিষয় নয়, তা সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার।
বাঘ রক্ষায় পিছিয়ে আছে বাংলাদেশদ্বিতীয়ত, গতকাল মঙ্গলবারের প্রথম আলো থেকে জানা যাচ্ছে, বাঘ সংরক্ষণে বন বিভাগের সক্ষমতা বাড়ানো হচ্ছে না। সুন্দরবনের বাঘের সংখ্যা নির্ণয় করা না গেলেও এ সংখ্যা মাত্র ২০০-এর বেশি নয়। অথচ প্রতিবেশী ভারত ও ভুটান বাঘ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে।
সরকার সম্প্রতি সুন্দরবনের বনজীবী জনগোষ্ঠীকে সুন্দরবন থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। দুনিয়ার যেখানেই বনজীবী মানুষকে বন রক্ষায় জড়িত করা হয়েছে, সেখানেই বনের বৈশিষ্ট্য রক্ষা পেয়েছে। কিন্তু এর উল্টো পথে চলে কী ফল পাওয়ার আশা করছে বাংলাদেশ?