অসাধুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এখন নানা ধরনের ফলের সমাহার। বর্ষাকালের দেশি ফলফলাদির মধ্যে মূলত আম–কাঁঠালের আধিক্যই বেশি। এবারে এসব ফলের ফলন, জোগান, বিক্রি—সবকিছুই আশাব্যাঞ্জক। কিন্তু রাসায়নিক ব্যবহার করে ফল পাকানোর বিষয়টি নিয়ে ভাবনা থেকেই যাচ্ছে। একসময় আম পাকাতে কার্বাইড ব্যবহার করা হলেও আইনপ্রয়োগ ও নজরদারির কারণে সেটি এখন অনেকটা বন্ধ করা গেছে। তবে এখনো কাঁঠালে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। টাঙ্গাইলের মধুগড় অঞ্চলে এই অসাধু কাণ্ড ঘটছে। এতে ক্রেতারা একদিকে প্রতারিত হচ্ছেন, অন্যদিকে তাঁদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় প্রতিবছর প্রায় এক লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়। এসব কাঁঠাল মধুপুরের জলছত্র, গারো বাজার, ঘাটাইলের সাগরদিঘি এবং সখীপুরের বড় চওনা ও কচুয়া বাজারে পাইকারি বিক্রি হয়। কাঁঠালের মৌসুমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার ব্যবসায়ীরা সেখানে ভিড় করেন। মূলত তখনই কাঁঠালে রাসায়নিক ব্যবহারের ঘটনাটি ঘটে।

ব্যবসায়ীরা বাজার থেকে কাঁঠাল কেনার পর সেগুলোতে রাসায়নিক স্প্রে করেন, যাতে এসব কাঁঠাল ঢাকা বা যেকোনো স্থানে বাজারে নিতে নিতেই পেকে যায়। মূলত দ্রুত বাজার ধরতে এবং দ্রুত বিক্রি করতে এমনটি করে থাকেন তাঁরা। ব্যবসায়ীরাই প্রথম আলোর প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন, ‘ইথিফন’ জাতীয় রাসায়নিক পানির সঙ্গে মিশিয়ে কাঁঠাল পাকানোর জন্য স্প্রে করা হয়। কখনো কখনো ইথিফনের সঙ্গে মেশানো হয় লবণ ও পটাশ সার। তবে এর ক্ষতিকারক দিক সম্পর্কে তঁারা অনেকে জানেন না বলে দাবি করেছেন।

চিকিৎসকেরা জানাচ্ছেন, মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করা হলে এ ফল খেয়ে মানুষের লিভার, ফুসফুসে জটিলতা দেখা দিতে পারে।

বাগানিদের তুলনায় পাইকারি ব্যবসায়ীরা এ কাজটি বেশি করছেন। নাগরিক সংগঠন নিরাপদ খাদ্য আন্দোলনের বক্তব্য, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাঁঠালসহ বিভিন্ন ফলে যাঁরা রাসায়নিক প্রয়োগ করেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু টাঙ্গাইল নয়,

দেশের অন্যান্য অঞ্চলের কাঁঠালের বাজারগুলোতেও বিষয়টির দিকে নজর দেওয়া হোক।

কৃষি কর্মকর্তারা বলছেন, তাঁরা ফলে রাসায়নিকের অপব্যবহার রোধ করতে চেষ্টা চালাচ্ছেন। কৃষকদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে। কিন্তু পাইকারি ব্যবসায়ীদের এ ব্যাপারে সচেতন করা আরও বেশি জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি প্রশাসনিকভাবেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।