আগামীকাল বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই শুভক্ষণে আমরা সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দুর্গা দেবীর এক রূপ অসুরবিনাশী, আরেক রূপ মমতাময়ী মাতার। পুরাণ বলে, তিনি অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন। তাঁর এই জয়ের মধ্য দিয়ে অন্যায়-অশুভর বিপরীতে ন্যায় ও শুভশক্তির জয় হয়েছিল। সেই থেকে দেবী দুর্গা কেবল সৌন্দর্য-মমতা-সৃজনের আধার হিসেবে বিবেচিত নন, অসহায় ও নিপীড়িতের আশ্রয় হিসেবেও পূজনীয়। তিনি মানবকুলের জন্য বহন করে আনেন মঙ্গলবার্তা।
কেবল বাংলাদেশ বা ভারতের নয়, সারা পৃথিবীর বাঙালি হিন্দুধর্মাবলম্বীরা এই উৎসবকে তাঁদের ধর্মীয় ও সামাজিক জীবনের প্রধান উৎসব হিসেবে মান্য করে থাকেন। শারদীয় দুর্গাপূজা আনন্দ-মিলনেরও উৎসব। আর সেই উৎসবে সব ধর্মের, সব বর্ণের মানুষের আগমন ঘটে; তাঁরা পরস্পর আবদ্ধ হন সম্প্রীতির বন্ধনে।
আদিতে কেবল বনেদি জমিদারবাড়ির উৎসব হয়ে থাকলেও কালক্রমে তা হিন্দু সমাজের সব স্তরেই ছড়িয়ে গেছে। এর মাধ্যমে ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির অন্তর্নিহিত সর্বপ্রাণবাদ, নারী তথা মাতৃচরিত্রের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। এই গুণাবলি যতটা ধর্মের বিশ্বাস, ততটাই সংস্কৃতির প্রাণরসে ঋদ্ধ। ধর্ম-বর্ণনির্বিশেষে বাঙালি সংস্কৃতিরও অন্যতম উৎসব এটি।
বিগত বছরগুলোতে দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও এবার অত্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। প্রতিটি |পূজামণ্ডপে প্রচণ্ড ভিড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ যখন দেশে জঙ্গি হানা চলছে এবং নানাভাবে সাম্প্রদায়িক প্রচারণা চালানো হচ্ছে, তখন এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতায় মানুষে মানুষে সব বিভেদ ও সংকীর্ণতা চিরতরে দূর হয়ে যাক, মিলন ও সম্প্রীতির ধারা শক্তিশালী হোক। অসুরকে বধ করে সমাজের সর্বত্র সুর ও সুন্দরের অধিষ্ঠান ঘটুক—এটাই শারদীয় উৎসবের একান্ত চাওয়া।