অস্ট্রেলিয়ায় জনশক্তি রপ্তানির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, উন্নত অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া থেকে সুখবর এসেছে। বাংলাদেশের বিভিন্ন পেশার দক্ষ ও আধাদক্ষ জনশক্তির বিশাল বাজার হতে পারে ওই দেশটি। অতিরিক্ত জনসংখ্যার চাপে বিপর্যস্ত বাংলাদেশ এ সম্ভাবনা কাজে লাগিয়ে প্রভূত পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে; বিপুলসংখ্যক বাংলাদেশি অস্ট্রেলিয়ায় কার্যোপলক্ষে গিয়ে ইচ্ছা করলে সেই দেশে অভিবাসী হিসেবে স্থায়ীভাবে বসবাস করার সুযোগও নিতে পারেন আইনসংগতভাবেই।গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের বরাত দিয়ে লেখা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-সংক্রান্ত খাতগুলোসহ ১৭টি পেশার বিভিন্ন পর্যায়ে দক্ষ জনশক্তির অনেক চাহিদা রয়েছে দেশটিতে। এসবের মধ্যে কাজের সুযোগ সবচেয়ে বেশি খনিশিল্পে। কিছু কিছু ক্ষেত্রে আধাদক্ষ জনশক্তির চাহিদা রয়েছে, বিশেষত ইলেকট্রিশিয়ানসহ কারিগরি নানা কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা ওই সব ক্ষেত্রে সহজেই কাজ পেতে পারেন।বাংলাদেশে অদক্ষ জনশক্তির সংখ্যা সবচেয়ে বেশি; কিন্তু দক্ষ ও আধাদক্ষ জনশক্তির সংখ্যাও নেহাত কম নয়। দেশে তাঁদেরও কর্মসংস্থানের ব্যাপক সংকট রয়েছে। স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রাপ্ত অনেক নারী-পুরুষ বেকার। এমনকি উচ্চমাধ্যমিক পর্যায়ের কারিগরি নানা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদেরও চাকরির প্রকট অভাব রয়েছে। তাই অস্ট্রেলিয়ায় এসব জনশক্তির চাহিদার সংবাদ এক বড় সুসংবাদই বটে। উপরন্তু অস্ট্রেলিয়ার সরকারি কর্তৃপক্ষগুলোর তরফ থেকেই বাংলাদেশিদের ওই দেশে কাজের বিভিন্ন সুযোগ গ্রহণের উৎসাহ দেওয়া হচ্ছে। এখন প্রয়োজন এ বিষয়ে সরকারের এমন উদ্যোগ নেওয়া, যেন এ দেশ থেকে দক্ষ ও আধাদক্ষ জনশক্তি অস্ট্রেলিয়ায় চাকরি নিয়ে সহজেই যেতে পারেন। এ ক্ষেত্রে ব্যবস্থাপনার কাজটি অদক্ষ জনশক্তি রপ্তানি ব্যবস্থাপনার চেয়ে কম ঝামেলামুক্ত হওয়ার কথা, কারণ, শিক্ষিত জনশক্তি নিজেরাই ইন্টারনেট ও অন্যান্য মাধ্যমে অস্ট্রেলিয়ায় কাজের সন্ধান নিতে পারেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সংস্থাগুলোও এগিয়ে আসতে পারে; তারা খোঁজখবর নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ করতে পারে অস্ট্রেলিয়ার কোথায় কী কাজের জন্য কতজন দক্ষ ও আধাদক্ষ লোক প্রয়োজন। এসব ক্ষেত্রে সরকারের ভূমিকা হবে সহযোগিতাকারীর।