দেশে হরতাল, রাজনৈতিক সহিংসতা আর অচলাবস্থার শেষ নেই। শেষ নেই ধনে-প্রাণে এবং ভোগান্তিতে খেসারত দেওয়ারও। তবে বর্তমান অধ্যায়ের শুরু ধরতে চাইলে টানা ১৬ দিন নৌপথে ধর্মঘটকে বেছে নেওয়া যায়। সেই ধর্মঘট শেষ হতে না হতেই শুরু হলো টানা দুই দিনের হরতাল। এর পরে কী আছে আমরা জানি না, কিন্তু ইতিমধ্যে জাতীয় অর্থনীতি থেকে শুরু করে ব্যক্তিজীবনে এর অভিঘাত অসহনীয়। দুই মাস ধরেই দেশের পণ্য পরিবহনব্যবস্থা বিপর্যস্ত হয়েছে বারবার। চট্টগ্রাম বন্দরে শ্রমিক ও মালিকদের উপর্যুপরি ধর্মঘটে জাহাজে পণ্য পরিবহন ভাড়া বেড়ে গেছে। এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘১৬ দিনের অচলাবস্থার কারণে এখন বিদেশি জাহাজে পণ্য পরিবহন ভাড়া বেড়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রথমে ব্যবসায়ীরা ভুক্তভোগী হলেও শেষ পর্যায়ে ভুক্তভোগী সাধারণ জনগণই।’ তাঁর কথাই এখন বাস্তবে ফলে যাচ্ছে। ধর্মঘট, জাতীয় ও আঞ্চলিক হরতাল ও জায়গায় জায়গায় সড়ক অবরোধে আন্তজেলা পরিবহন নিয়ত বাধাপ্রাপ্ত হয়েছে। সব মিলিয়ে পণ্য পরিবহন ব্যয়ও গেছে বেড়ে। বেড়েছে মানুষের ভোগান্তি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, পরিবহন ও বাজারজাতকরণে ব্যাঘাতও মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যে ভোজ্যতেলের দাম বাড়ার সংবাদ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। সয়াবিন তেল প্রতি লিটারে পাঁচ টাকা বেশি দরে বিক্রি শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও স্থানীয়ভাবে দাম বাড়ানোর অজুহাত হিসেবে কাজে লাগছে রাজনৈতিক অস্থিতিশীলতার দোহাই। কেবল তেলের ব্যাপারেই নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের ব্যাপারেই হরতাল, যোগাযোগব্যবস্থার বিঘ্ন ব্যয়বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অজুহাতে ব্যবসায়ীদের বাড়তি মুনাফা আদায়ের চেষ্টাও লক্ষ করা যাচ্ছে। দীর্ঘ মেয়াদে অনিশ্চয়তা ও অস্থিরতা আর্থিক ক্ষতি ছাড়াও মানুষের মনের ওপরও প্রচণ্ড চাপ ফেলছে। জননিরাপত্তা হয়ে পড়েছে ভঙ্গুর। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক সহিংসতা সামাল দিতে ব্যস্ত থাকায় চুরি-ডাকাতি-ছিনতাইসহ নিয়মিত অপরাধ মোকাবিলাও কঠিন হয়ে পড়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদাপন্ন হচ্ছে সাধারণ মানুষ। রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজির দৌরাত্ম্য বেড়ে যাওয়ার সংবাদ গণমাধ্যমে আসছে। সোনারগাঁয়ে এক পরিবারের চারজনকে হত্যার ঘটনাও আইনশৃঙ্খলার নাজুক অবস্থার কথাই মনে করিয়ে দেয়। রাজনীতির সংঘাত কেবল জাতীয় জীবনেই নয়, প্রত্যেকের অর্থনৈতিক, নিরাপত্তাগত ও মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। এ অবস্থা দীর্ঘ মেয়াদে চলতে পারে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে শান্তিপূর্ণ পথে মীমাংসাই আজ জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে জনগণ ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার মধ্যে সুবিবেচনার জাগরণ দেখতে চায়। বৃহত্তর জাতীয় স্বার্থ এবং জনকল্যাণই হোক রাজনীতির লক্ষ্য।