অস্থির শিক্ষাঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনবৈষম্যের বিরুদ্ধে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন শুরু করলেও এখন সেটি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক পর্যায়ে চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের পাশাপাশি কলেজের শিক্ষকেরা শনিবার ধর্মঘট পালন করেছেন, প্রতীকী কর্মবিরতিতে আছেন প্রাথমিক শিক্ষকেরাও। এর পাশাপাশি দুই সপ্তাহ ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন, সভা-সমাবেশ চলা সত্ত্বেও সরকারের তরফে একধরনের নীরবতা লক্ষ করা যাচ্ছে, যা দুর্ভাগ্যজনক।

বিলম্বে হলেও শনিবার শিক্ষামন্ত্রী মহোদয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বসেছেন। শিক্ষকেরা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও আলোচনা চলবে। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। বছরের প্রথম তিন মাস বিরোধী দলের হরতাল-অবরোধের কারণে কোনো প্রতিষ্ঠানেই ঠিকমতো ক্লাস-পরীক্ষা হতে পারেনি। এখন বছরের শেষ দিকে এসে এ ধরনের অচলাবস্থা চলতে দেওয়া যায় না।
শিক্ষাঙ্গন অস্থির রেখে কিংবা শিক্ষকদের বঞ্চিত রেখে যে দেশের শিক্ষা এগোতে পারে না, এই সরল সত্যটি সরকারকে বুঝতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পৃথক বেতনকাঠামো সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ২০১০ সালের শিক্ষানীতিতেও তা পুনর্ব্যক্ত করা হয়েছে। নতুন বেতনকাঠামোয় শিক্ষকদের প্রতি বৈষম্য করা হয়েছে—এই অভিযোগে শিক্ষকেরা মাঠে নেমেছেন। কিন্তু এর প্রতিকারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেই। বরং নীতিনির্ধারকদের কারও কারও বেফাঁস মন্তব্য পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক—সবাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের কর্মবিরতির ক্ষতিও অনেক, যা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না।
এ অবস্থায় প্রত্যাশা, সরকার শিক্ষার সংকটের গভীরতা অনুধাবন করবে এবং আন্দোলনরত সব শ্রেণির শিক্ষকদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে একটা সমঝোতায় পৌঁছাবে। সবশেষে বলব, শিক্ষকদের ন্যায়সংগত দাবির প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে অনির্দিষ্টকাল কোনো আন্দোলন চলতে পারে না। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি তাঁদের মাথায় রাখতে হবে। শিক্ষাঙ্গনে দ্রুত সুস্থিরতা ফিরে আসুক।