আজ আন্তর্জাতিক অহিংসা দিবস। মহাত্মা গান্ধীরও জন্মদিন। লিখতে বসেছিলাম অহিংসার দর্শন সম্পর্কে। কিন্তু তা ফেলে রেখে গভীর বেদনার সঙ্গে লিখতে হচ্ছে হিংসার কথা। বাঙালির হিংসার কথা। যে হিংসার পাশবিক প্রকাশ ঘটেছে আজ আমাদের বাংলাদেশে—রামু, টেকনাফ, উখিয়া ও পটিয়ায়। শনি ও রোববার কক্সবাজারে যা ঘটেছে তাতে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে মাথা হেঁট হয়ে আসে। যারা একটা বালুকণার সমানও দোষ করেনি, পুড়ে ভস্মীভূত হয়েছে তাদের ঘরবাড়ি। অতি উঁচু নারকেল-সুপারিগাছগুলোর নারকেল-সুপারির গুচ্ছ এবং পাতাও পুড়ে ছাই হয়েছে। দাউ দাউ করে জ্বলছে বৌদ্ধমন্দির। এ যেন বুদ্ধমূর্তি নয়, মহামতি বুদ্ধের নরম শরীর পুড়ে কয়লা হয়েছে। এসব হয়েছে ব্যক্তিগত শত্রুতাবশত নয়, হিংসাবশত। আজ অহিংসা ও প্রেমের ওপরে প্রাধান্য লাভ করছে হিংসা ও দ্বেষ।অহিংসা পরম ধর্ম—কথাটা ভারতবর্ষের বুকের ভেতর থেকেই উচ্চারিত হয়েছিল। মহামতি বুদ্ধ থেকে মহাত্মা গান্ধী পর্যন্ত কত মহামানব ও সাধারণ মানুষ এই বাণী প্রচার করেছেন। এই বাণীর কার্যকারিতা তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন। এই স্বল্পকাল স্থায়ী মানবজীবনে অশান্তি নয়, শান্তিই যে কাম্য; অমঙ্গল নয়, মঙ্গলই যে প্রার্থিত; হিংসা নয়, অহিংসাই যে আরাধ্য—তা জড় বুদ্ধিসম্পন্ন কেউ ছাড়া প্রত্যেকেই স্বীকার করবে। কিন্তু যখন বিজ্ঞান ও প্রযুক্তির অকল্পনীয় অগ্রগতি হয়েছে, মানুষের সবচেয়ে সুখ-শান্তিতে থাকার কথা, তখনই হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে পৃথিবী। পাশবিক প্রবৃত্তিসম্পন্ন মানুষের হিংসার প্রকাশ ঘটে নানাভাবে। হিংসা থেকে কেউ কারও মাথায় লাঠি দিয়ে আঘাত দেয়, কেউ কাউকে আঘাত দেয় অন্তরে একটি বাক্য বা একটি কাজের দ্বারা। একটা হিংসা শুধু আরেকটা পাল্টা হিংসা নয়, অনেক হিংসার জন্ম দেয়। একটা বিশেষ বিশ্ব-পরিস্থিতিতে আমরা বাস করছি। জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, ধর্মে ধর্মে হিংসা-বিদ্বেষ থেকে হানাহানি, রক্তপাত আগেও ছিল। আগের সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে এখনকার সাম্প্রদায়িক সহিংসতার গুণগত বা চরিত্রগত পরিবর্তন ঘটেছে। খ্রিষ্টান-ইহুদি অধ্যুষিত পশ্চিমে আজ ইসলাম ও মুসলমানরা আক্রমণের শিকার। শুধু মুসলমানরা নয়, হিন্দু, বৌদ্ধ, শিখ প্রভৃতি প্রাচ্য ধর্মাবলম্বীরাও নিরাপদ নয়। একটা হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই পরিস্থিতিকে মোকাবিলা করার উপায় দুটো: প্রতিহিংসার পথে অথবা অহিংসার পথে। উগ্র সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী একশ্রেণীর মুসলমান হিংসাকে হিংসা দিয়েই জবাব দিতে চান। আমরা যারা শান্তিতে ও অহিংসায় বিশ্বাস করি, তারা মনে করি প্রতিহিংসা ও হিংসার পথ ভ্রান্ত পথ। সঠিক পথ হিংসাকে অহিংসা দিয়ে প্রশমিত ও জয় করা। ইনোসেন্স অব মুসলিমস ছবির নির্মাতা নকুলা বাসিলে কোনো ব্যক্তি নন, তিনি তাঁর দেশের কোটি কোটি মানুষের প্রতিনিধি। তিনি জানতেন ওই ছবি হিংসার জন্ম দেবে। হিংসাকে উসকে দেওয়ার জন্যই তিনি বিপুল অর্থ ব্যয় করে ওই ছবি নির্মাণ করেছেন। তাঁর উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু তার জন্য তাঁর সম্প্রদায়কেও কিছুটা মূল্য দিতে হচ্ছে। পশ্চিমের অগ্রসর অর্থনীতিতে প্রাচ্য দেশগুলো থেকে যাওয়া দরিদ্র মুসলমান, হিন্দু, বৌদ্ধ, শিখদের অবদান বিশাল। তবু তাঁরা শরীরের চামড়ার রঙের কারণে বর্ণবৈষম্যের শিকার। তাঁরা নানাভাবে অপমানিত, লাঞ্ছিত ও নির্যাতিত। শুধু ব্যক্তি হিসেবে মুসলমানদের অপমানিত ও লাঞ্ছিত করে একশ্রেণীর পশ্চিমা মানুষ সুখ ও শান্তি পাচ্ছে না, বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টির লক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অব্যাহতভাবে কিছুকাল যাবৎ অপমান করা হচ্ছে। ফরাসি কার্টুনিস্ট খুব ভালো জানতেন তাঁর ব্যঙ্গচিত্রের প্রতিক্রিয়া কী হতে পারে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিষ্টান হোক বা মুসলমান হোক—কোনো ধর্মের প্রবর্তক সম্পর্কে অবমাননাকর কোনো মন্তব্য করা মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না। এই জগতে সবকিছুরই একটা সীমারেখা আছে। তা অতিক্রম করলে বিপর্যয় ঘটা অস্বাভাবিক নয়। তবে কোনো নীচতা ও অন্যায়ের প্রতিবাদ কোনোক্রমেই সহিংস উপায়ে করা সমর্থনযোগ্য নয়। ইনোসেন্স অব মুসলিমস ছবি ও ফরাসি কার্টুন নিয়ে যখন সারা পৃথিবী উত্তপ্ত, বাংলাদেশের রাজপথেও হচ্ছে বিক্ষোভ, ঠিক তখনই আগুনে ঘি ঢালার মতো একটা ঘটনা এক বৌদ্ধ যুবকের ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননার একটা ছবি। কাজটা যে উসকানিমূলক, তা যেকোনো নির্বোধেও বোঝে। কিন্তু তার তথাকথিত প্রতিবাদে যা ঘটেছে, বাংলাদেশের ইতিহাসে তা অভূতপূর্ব। বর্বরতা বললে কম বলা হয়। রামু, পটিয়া ও টেকনাফের ঘটনা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ, তা সবাই বোঝে। কিন্তু প্রশাসনের কাজটা কী? ফেসবুকের ঘটনা প্রচারিত হওয়ার পরপরই উত্তেজনার আশঙ্কা ছিল। কী ব্যবস্থা নিয়েছিল প্রশাসন ও পুলিশ? রামুর ঘটনা তাৎক্ষণিক নাশকতামূলক কাজ নয়। একেবারে জানান দিয়ে দীর্ঘ সময় ধরে নারকীয়তা চলেছে। রামুর ১০-১২ ঘণ্টা পরে তাণ্ডব হয় পটিয়ায়। তার পরে টেকনাফে। জনগণের টাকায় বেতন-ভাতা দেওয়া কর্মকর্তাদের কাজটা কী? দায়িত্বে থাকার পরে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশের কলুষিত রাজনৈতিক সংস্কৃতিতে অহিংসা, যুক্তি ও ন্যায়পরায়ণতার স্থান নেই। পারস্পরিক দোষারোপ আমাদের রাজনীতিকদের খাসলত। রামুর বর্বরতা আমাদের ক্ষমতাসীন ও বিরোধী দলের রাজনীতিকদের মধ্যে কোনো করুণার উদ্রেক করেছে, সে পরিচয় পাওয়া যায়নি। সত্য উদ্ঘাটনের চেষ্টা নয়, দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আটক করা নয়, রাজনীতিকীকরণের চেষ্টাই দেখা গেল। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, রামুর সংঘটিত সহিংসতায় সরকারের মদদ রয়েছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতার নামে পরিচালিত ওই সব তৎপরতায় সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরাই নেতৃত্ব দিয়েছেন। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়মতো ব্যবস্থা নিতে পারেনি। দেশের শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষকে এ ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আমরা প্রশংসা করব যদি তিনি তাঁর নিজের দলের নেতা-কর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বলেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর রামু পরিদর্শন করে বলেছেন, হামলায় বিএনপির সাংসদের উসকানি ছিল। সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে মন্দিরে হামলা করেছে। তিনি যথার্থই বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের জঘন্য ঘটনা আর ঘটেনি। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এ রকম নারকীয় তাণ্ডব আর কোথাও হয়নি।আমরা যারা ষাটের দশকে কিঞ্চিৎ রাজনৈতিক ব্যাপারে জড়িত ছিলাম তারা জানি, সরকারের গোয়েন্দা বিভাগ শকুনের মতো দূর থেকে অনেক কিছু দেখতে পেত। কোনো ইস্যুকে কেন্দ্র করে অরাজকতা ও সহিংসতার আভাস পেলে তারা সরকারকে নোট দিয়ে সতর্ক করে দিত। ছাত্র আন্দোলনগুলোর ব্যাপারে এ রকম দেখা গেছে। যারা গোলমাল বাধাতে পারে, তাদের নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছে। বৌদ্ধ গ্রামগুলোতে সহিংসতা হতে পারে সে আশঙ্কা গোয়েন্দা বিভাগের না থাকার কোনো কারণ নেই। গ্রামগুলোর নিরাপত্তা জোরদার করলে এই অপূরণীয় ক্ষয়ক্ষতি ঠেকানো যেত।আজ সরকারি ও বিরোধী দলের রাজনীতি একটি অভিন্ন কেন্দ্রবিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। সেই কেন্দ্রবিন্দু হলো টেলিভিশন চ্যানেলগুলোর ক্যামেরা। সারা দেশের মানুষ পড়ে রয়েছে একদিকে, নেতা-কর্মীরা দাঁড়িয়ে আছেন ক্যামেরার সামনে। এ জিনিস আগে ছিল না। কারণ, তখন টিভি ক্যামেরা ছিল না। নিজেদের প্রয়োজনে ও জনগণের স্বার্থে নেতাদের ট্রেনে হোক, ঘোড়ার গাড়িতে হোক, নৌকায় হোক—মানুষের বিপদে-আপদে ছুটে যেতে হতো জনগণের পাশে।ভারতের সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিক্রিয়ায় পূর্ব বাংলার সাম্প্রদায়িক গোষ্ঠী দাঙ্গা বাধায় ১৯৬৪-এর জানুয়ারিতে। আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি প্রভৃতি অসাম্প্রদায়িক প্রগতিশীল দলের নেতারা সর্বদলীয় সভা করে দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠন করেন। একটি লিফলেট প্রকাশ করা হয়েছিল, যার শিরোনাম ছিল: ‘পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও’। তাতে বলা হয়েছিল: ‘দুর্বৃত্তদের হামলায় ঢাকার প্রতিটি পরিবারের শান্তি ও নিরাপত্তা আজ বিপন্ন। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের নিরীহ মানুষের ঘরবাড়ি পোড়ানো হইতেছে, সম্পত্তি বিনষ্ট করা হইতেছে, এমনকি জনাব আমির হোসেন চৌধুরীর মতো শান্তিকামী মানুষদেরও দুর্বৃত্তদের হাতে জীবন দিতে হইতেছে।...এই সর্বনাশা জাতীয় দুর্দিনে আমরা মানবতার নামে, পূর্ব পাকিস্তানের সম্মান ও মর্যাদার নামে দেশবাসীর নিকট আকুল আবেদন জানাইতেছি, আসুন সর্বশক্তি লইয়া গুন্ডাদের রুখিয়া দাঁড়াই, শহরে শান্তি ও পবিত্র পরিবেশ ফিরাইয়া আনি। প্রতি মহল্লায় দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠন করুন। গুন্ডাদের শায়েস্তা করুন—নির্মূল করুন।’আমার মনে পড়ে সেদিনের দাঙ্গাবিরোধী মিছিলের কথা। তা ছাড়া লালবাগ শেখসাহেব বাজার এলাকায় আমরা রাশেদ খান মেননের শ্বশুর কেরামত আলী সাহেব, আজাদ-এর বার্তা সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামানদের নেতৃত্বে দল বেঁধে রাস্তায় সারা রাত শীতের মধ্যে পাহারা দিতাম।আজ জনগণের প্রতিনিধিদের দ্বারা গিজ গিজ করে সমগ্র এলাকা। জনগণের প্রাণপ্রিয় ব্যক্তিরা নির্বাচিত প্রতিনিধি হয়ে বসে আছেন ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, পৌরসভায়, জেলা পরিষদে। সবার ওপরে ছড়ি হাতে নিয়ে আছেন এলাকার মাননীয় সাংসদ। কক্সবাজারের পটিয়ার গোলযোগ প্রতিহত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সেখানকার সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা কি সম্মিলিতভাবে ভূমিকা রাখতে পারেন না?সাম্প্রদায়িক ও ধর্মান্ধ গোষ্ঠীকে প্রতিহত করতে এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আবেদন, বড় বড় দলের নেতা-কর্মীদের সমন্বয়ে ১৯৬৪ সালের মতো সর্বদলীয় শান্তি কমিটি গঠন করুন। সমস্বরে ঘোষণা করা হোক: সাম্প্রদায়িক ও সমাজবিরোধী গোষ্ঠীকে রুখিয়া দাঁড়াও।২০০১ সালের আগে অবসরপ্রাপ্ত, হাইকোর্টের এমন একজন বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হোক। নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের যদি কঠোর শাস্তি দেওয়া না হয়, তা হলে আমরা ধরে নেব—বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ের বক্তব্যই সত্য।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।