অ্যাম্বুলেন্স আছে, জ্বালানির টাকা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়েছে, ছয় বছর ধরে এই হাসপাতালের অ্যাম্বুলেন্স দুটির জন্য তেল সরবরাহ করে আসছিল ফরিদপুর শহরতলির কোমরপুর ফিলিং স্টেশন। কিন্তু অনেক টাকা বকেয়া পড়ায় ফিলিং স্টেশনটি জুলাই মাস থেকে আর তেল সরবরাহ করবে না বলে জানিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে ১ জুলাই থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতালের অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। তাদের বাইরে থেকে বেশি টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে।

যেকোনো হাসপাতালের একটি গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে অ্যাম্বুলেন্স-সেবা। গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে আনা বা অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স দরকার। অথচ সেই অ্যাম্বুলেন্স-সেবাই বন্ধ ১৭ দিন ধরে। একটি সরকারি হাসপাতালের এই বিশৃঙ্খল পরিস্থিতি মেনে নেওয়া যায় না। এসব দেখার কি কেউ নেই? হাসপাতাল কর্তৃপক্ষই বা হাত গুটিয়ে বসে আছে কেন?

কোমরপুর ফিলিং স্টেশন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকভাবে জ্বালানি তেলের দাম পরিশোধ না করায় অর্থবছরের শেষে জুন মাসে এসে দেখা যায় বকেয়া হয়েছে প্রায় ২০ লাখ টাকা। প্রশ্ন হচ্ছে এত টাকা বকেয়া হবে কেন?

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টাকা বরাদ্দ না পাওয়ায় এই টাকা বকেয়া পড়েছে। অ্যাম্বুলেন্স বন্ধ থাকার বিষয়টি তারা মন্ত্রণালয়কে জানিয়েছে। তবে মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

এ ব্যাপারে ফরিদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় উভয়েরই কিছু দায়িত্ব রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ফরিদপুর জেনারেল হাসপাতালকে জ্বালানির জন্য দ্রুত টাকা সরবরাহ করা। আর হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আমাদের দাবি, দ্রুত ফিলিং স্টেশনের পাওনা মিটিয়ে অ্যাম্বুলেন্স-সেবা চালু করুন, রোগীদের দুর্ভোগ দূর করুন।