ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতির দাবি অনুযায়ী দেশে চালু সাড়ে ছয় হাজার অ্যাম্বুলেন্সের বেশির ভাগই ব্যক্তিমালিকানাধীন। অথচ আইনে আছে ব্যক্তিমালিকানাধীন যানবাহন অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। বেশির ভাগ অ্যাম্বুলেন্স ব্যক্তিমালিকানায় থাকা প্রমাণ করে যে এই ক্ষেত্রে আইন পুরোপুরি অকার্যকর।
বৃহস্পতিবার প্রথম আলোর প্রতিবেদনে রাজধানীর চারটি সরকারি হাসপাতালের যে চিত্র পাওয়া গেছে, তা উদ্বেগজনক। এসব হাসপাতালে ৪০টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৩৫টিই ব্যক্তিমালিকানাধীন। মাইক্রোবাসের পাশাপাশি প্রাইভেট কার ও পিকআপ অ্যাম্বুলেন্স বানিয়ে ব্যবহার করা হচ্ছে। অ্যাম্বুলেন্স চালাতে হলে রোগী শোয়ার স্থায়ী শয্যা (পর্যাপ্ত), অক্সিজেন সিলিন্ডার-মাস্ক, চিকিৎসক বসার ব্যবস্থা, স্ট্রেচার ও সাইরেন বসাতে হয়। কিন্তু ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সে সেসব সুযোগ–সুবিধা খুবই অপ্রতুল। অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর জীবন বিপন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিআরটিএ বলছে, কোনো ব্যক্তিমালিকানার যানবাহনকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। তাহলে এসব বাহন কীভাবে অ্যাম্বুলেন্স হিসেবে রাস্তায় নামছে?
গত ১৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকে একটি অ্যাম্বুলেন্সের চাপায় রোগীসহ পাঁচজনের মৃত্যুর পর বেআইনি অ্যাম্বুলেন্স ব্যবসার বিষয়টি সামনে আসে। ওই মৃত্যুর ঘটনা দেশবাসীকে উদ্বিগ্ন করলেও সংশ্লিষ্টদের যে চৈতন্যোদয় ঘটেনি, অ্যাম্বুলেন্স সমিতির সভাপতির বক্তব্যই তার প্রমাণ। বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত গত এক মাসে নিয়ম ভঙ্গের দায়ে অন্তত ১০টি অ্যাম্বুলেন্স পরিত্যক্ত ঘোষণা করে পুলিশের কাছে পাঠিয়েছেন, বিভিন্ন মেয়াদে ৬১ জনকে কারাদণ্ড দিয়েছেন। কিন্তু অ্যাম্বুলেন্স সমিতি তাতে না দমে উল্টো ১ জানুয়ারি থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে।
বর্তমান আইন অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন যানবাহনকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের সুযোগ নেই। কিন্তু এ ধরনের অ্যাম্বুলেন্স যদি বাস্তবতা হয়ে থাকে, একটি আইন বা নীতিমালার অধীনেই এগুলোকে পরিচালিত হতে হবে। ন্যূনতম কী কী সুবিধা অ্যাম্বুলেন্সে থাকতে হবে, সেগুলো ঠিক করতে হবে এবং কেউ তা নিশ্চিত করতে না পারলে শাস্তির বিধান থাকতে হবে। সেসব আইন ও নীতিমালা কার্যকর করার জন্য উপযুক্ত তদারককারী প্রতিষ্ঠানও থাকতে হবে। এখন যে স্বেচ্ছাচারিতা ও বেআইনি কার্যক্রম চলছে তা কোনোভাবেই চলতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখতে হবে। সেই সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতেও প্রয়োজনীয়সংখ্যক অ্যাম্বুলেন্স রাখার বিধান করতে হবে।