অ্যাসিড-সন্ত্রাসের ঘটনায় প্রতি চারজন আসামির তিনজনই খালাস পেয়েছেন। অর্থাৎ চারজন আক্রান্ত নারীর তিনজনই বিচার পাননি। ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৪ বছরে এই হলো বিচারহীনতার পরিসংখ্যান। অথচ অ্যাসিড অপরাধ আইন, ২০০২ অনুযায়ী, এসব মামলার বিচারের কাজ ৯০ দিনের মধ্যেই শেষ করার বাধ্যবাধকতা ছিল। বিচারহীনতার ‘সুফল’ অ্যাসিড-সন্ত্রাসীরা ভালোভাবেই ভোগ করছেন।
এই ১৪ বছরে অ্যাসিড-সন্ত্রাসের মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ড হলেও কার্যকর হয়নি একটিও। এ সময়ে সারা দেশে মামলা হয়েছে ২ হাজার ৫৭টি। অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে পুলিশ অভিযোগপত্র দিয়েছে ৮২২টি মামলায়। মুলতবি রাখা হয়েছে ৪৬৯টি মামলা। সিংহভাগ মামলাই দুর্বল তদন্তের কারণে আসামিকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ ২ হাজার ৫৮টির মধ্যে ১ হাজার ৮৬৯টি অ্যাসিড-সন্ত্রাসের আসামি বিচারহীনতার কারণে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। ওপরে বলা মামলাগুলোতে মোট আসামির সংখ্যা ছিল পাঁচ হাজারেরও বেশি। গ্রেপ্তার হন মাত্র ১২ শতাংশ। বাকি ৮৮ শতাংশ থেকে যান ধরাছোঁয়ার বাইরে। এঁদের মধ্যে নিরপরাধও থাকতে পারেন। কিন্তু অধিকাংশকেই আইনের মুখোমুখি করতে না পারার ব্যর্থতা কীভাবে ঢাকবে পুলিশ বিভাগ? এভাবেই অপরাধ প্রশ্রয় পায়, আর অ্যাসিড-সন্ত্রাসের মতো বর্বর মর্মান্তিক ঘটনার শিকার ব্যক্তিরা করুণ পরিণতির ভার বহন করে চলতে থাকেন।
৭৫ শতাংশ মামলারই সাজা না হওয়ার প্রধান কারণ পুলিশের গাফিলতি, ব্যর্থতা ও দুর্নীতি। যত কঠিন আইনই করা হোক, পুলিশ যদি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তদন্ত না করে, সেই তদন্ত থেকে তৈরি অভিযোগপত্র যদি আসামির দিকে হেলে থাকে, তাহলে আদালতের কী করার থাকে? আবার বিচারিক আদালত শাস্তি দিলেও সেই শাস্তি যদি কার্যকর করা না হয় অর্থাৎ আসামি পলাতক থেকে কিংবা আপিলের নামে রায় বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়, তখন অপরাধী ও সম্ভাব্য
অপরাধীদের কাছে কী বার্তা যায়? এগুলোর যুক্তিসংগত ব্যাখ্যা কি দিতে পারবে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়?