আইএলওর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের সম্মেলনে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে নতুন করে অনুচ্ছেদ যুক্ত না করাকে সরকার নিজের সাফল্য হিসেবে নিয়েছে এবং ‘বিশেষ অনুচ্ছেদ’ প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করছে। কিন্তু গত বছর আইএলসিতে বাংলাদেশ শ্রম অধিকার নিশ্চিত করার স্বার্থে যে শ্রম আইনে সংশোধনী আনা, ইপিজেড আইনে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা, ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্যের তদন্ত করা এবং ইউনিয়নের নিবন্ধন স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে করার কথা বলা হয়েছিল, তা এখনো বহাল আছে। বরং তারা শ্রম আইন বাস্তবায়নের ক্ষেত্রে চারটি শর্ত পূরণের কথা বলেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের শ্রম আইন ও বিধিমালা আন্তর্জাতিক সনদের সঙ্গে সংগতিপূর্ণ হওয়া ও খসড়া ইপিজেড আইনে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা। এ ছাড়া আন্দোলন করতে গিয়ে ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল; অভিযুক্তদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায়, মামলা দায়ের এবং দ্রুত ট্রেড ইউনিয়নের নিবন্ধন করার কথাও রয়েছে।

সে ক্ষেত্রে কোনোভাবেই বলা যায় না যে আইএলও বিশেষ অনুচ্ছেদটি প্রত্যাহার করে নিয়েছে। সরকার নভেম্বরের মধ্যে শর্তগুলো পূরণ না করলে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও বলা হয়, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত না হলে তারা জিএসপি–সুবিধা প্রত্যাহার করে নেবে।

শ্রম আইন বা যেকোনো বিষয়ে বাইরের সংস্থা বা দেশ আমাদের বারবার সদুপদেশ দেবে কিংবা সতর্ক করবে, সেটি কাম্য হতে পারে না। আশা করি, সরকার নভেম্বরের আগেই আইএলওর সুপারিশগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে। নীতিনির্ধারকদের মনে রাখতে হবে, শ্রমজীবী মানুষকে বঞ্চিত রেখে কোনো দেশ এগোতে পারে না। দেশের উন্নয়ন করতে হলে শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতেই হবে।