আইএসের নৃশংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপোলির কাছে একটি সমুদ্রসৈকতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ২১ জন মিসরীয় কপটিক খ্রিষ্টান নাগরিককে যেভাবে গলা কেটে হত্যা করেছে, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
ইসলাম ধর্মের নামে এই ধরনের নৃশংস হত্যাযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই নৃশংস অপরাধের দ্বারা মধ্যপ্রাচ্যের একটি ক্ষুদ্র জঙ্গিগোষ্ঠী নিজেদের যে স্বরূপ তুলে ধরল, তার সঙ্গে শান্তির ধর্ম ইসলামের কোনো সম্পর্ক নেই। গোটা মুসলিম বিশ্ব এ ধরনের নৃশংসতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে, তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। মিসরের ইসলাম ধর্মতত্ত্বের খ্যাতনামা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় এ হত্যাযজ্ঞকে ‘বর্বরোচিত’ বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে।
একসঙ্গে ২১ জনকে শিরশ্ছেদবর্বর জঙ্গিরা ২১ মিসরীয় নাগরিকের শিরশ্ছেদ করেই ক্ষান্ত হয়নি, তারা এই নৃশংস দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ভেতরে তারা যে ঘৃণা ছড়িয়ে দিতে চায়, আমরা আশা করব বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায় তাতে বিভ্রান্ত হবে না। এ ধরনের সাম্প্রদায়িক অপরাধ বিশ্বের সামাজিক শান্তি ও স্থিতির ওপর যে হুমকি সৃষ্টি করতে পারে, সব সম্প্রদায়ের মানুষের শুভবোধের শক্তির কাছে তা পরাস্ত হবে। সম্প্রদায়নির্বিশেষে বিশ্বের সব শান্তিপ্রিয় মানুষ এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জঙ্গিগোষ্ঠীকে মানবতার শত্রু মনে করে।
এই হত্যাযজ্ঞের ভিডিওচিত্র ইন্টারনেটে প্রকাশের কয়েক ঘণ্টা পরেই মিসর ও লিবিয়ার যৌথ বাহিনী বিমান হামলা চালিয়ে আইএসের প্রায় ৫০ জঙ্গিকে হত্যা করেছে বলে খবর বেরিয়েছে। কিন্তু এই অভিযানে কোনো নিরীহ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে কি না, তা সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন। আইএস-নিয়ন্ত্রিত এলাকাগুলোয় সামরিক অভিযান চালানোর সময় বেসামরিক জনসাধারণের নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত করা জরুরি।
আইএসের বর্বরতা দমন ও বিশ্বশান্তির প্রতি হুমকি এ ধরনের জঙ্গিগোষ্ঠীগুলোকে নির্মূল করার লক্ষ্যে আরও জোরালো ও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ জরুরি।