আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রাইজদিয়া গ্রামে আসামি ধরার নামে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তা যেমন মর্মান্তিক, তেমনি আইনের শাসনের পরিপন্থী। যেখানে আদালতের স্পষ্ট নির্দেশনা আছে, সাদাপোশাকে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারবে না, সেখানে সোনারগাঁ উপজেলার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান সাদাপোশাকেই আসামি ধরতে গিয়ে অঘটনের জন্ম দিয়েছেন।
আদমপুর বাজারের পান-সুপারির দোকানদার আবদুল মতিনের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। পুলিশ তাঁকে ধরতে গেলে পাশের খাদে ঝাঁপিয়ে পড়েও তিনি রেহাই পাননি। সেখানে পুলিশের কিলঘুষির একপর্যায়ে তিনি পানিতে ডুবে মারা যান। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে প্রাণ হারান ওই কনস্টেবল।
এ ঘটনা জনগণের ‘সেবক’ পুলিশের সঙ্গে জনগণের সম্পর্কের মাত্রাটি কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে তাকেই তুলে ধরে। পুলিশের দাবি, আবদুল মতিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাহলে তাঁর বিরুদ্ধে কেন মামলা হলো না? প্রকৃত অপরাধী ধরতে গেলে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে পুলিশ পালিয়ে যাবে কেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে জনমনে অনাস্থা ও অবিশ্বাসের অন্যতম কারণ ‘উৎকোচ-বাণিজ্য’। উৎকোচ আদায়ের উদ্দেশ্যে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে নতুন নয়। আবদুল মতিনের পরিবারের অভিযোগ, উৎকোচ না পেয়েই পুলিশ তাঁকে ধাওয়া করেছে।
কেন এই ঘটনাটি ঘটল তার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। পুলিশ বাহিনীর ভাবমূর্তির স্বার্থেই তা জরুরি। দুটো মৃত্যুই দুঃখজনক। কনস্টেবল মারা গেছেন গণপিটুনিতে, আর মতিন মারা গেছেন পুলিশের ধাওয়া খেয়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এ ব্যাপারে পুলিশের তরফে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ ও অবস্থান কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকা প্রয়োজন। পুলিশ সদস্য বা সাধারণ নাগরিক যে-ই হোন না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।