আইনকে হিমাগারে পাঠাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

যখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে, তখন পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, আসামি ও আটক ব্যক্তির সংখ্যা না জানানোর অবস্থান একেবারেই গ্রহণযোগ্য নয়।

প্রথম আলোর খবর অনুযায়ী, লেখক, গবেষক, মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি ২০২১ সালের ৭ জুন পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর তথ্য অধিকার আইনে আবেদন করে জানতে চান, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে এ আইনে প্রতিবছর দায়ের করা মামলার সংখ্যা, অভিযুক্ত ও গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা কত? হাম্মাদি বাংলাদেশের নাগরিক ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশীয় আঞ্চলিক অফিসে (শ্রীলঙ্কা) কর্মরত। তথ্য না পেয়ে তিনি ১৮ জুলাই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আপিল আবেদন করেন। এরপর পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তথ্য অধিকার আইনের ধারা ৭-এর চ, ছ এবং ড উপধারা অনুযায়ী আবেদনকারীর তথ্য প্রকাশ করার মতো নয়।

পুলিশ বিভাগের পক্ষ থেকে তথ্য অধিকার আইনের যেসব ধারা দেখানো হয়েছে, তা এখানে প্রযোজ্য হতে পারে না। আইনের ৭ অনুচ্ছেদের (চ) উপধারায় বলা আছে, কোনো তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হইতে পারে বা অপরাধ বৃদ্ধি পাইতে পারে এইরূপ তথ্য; (ছ) কোনো তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে বা বিচারাধীন মামলার সুষ্ঠু বিচারকার্য ব্যাহত হইতে পারে এইরূপ তথ্য এবং (ড) উপধারায় কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধীর গ্রেপ্তার ও শাস্তিকে প্রভাবিত করতে পারে এইরূপ তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সংখ্যা, আসামি ও আটকের সংখ্যা প্রকাশ করলে বিচার বাধাগ্রস্ত হওয়া কিংবা জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ার কোনো কারণ আছে বলে মনে করি না।

আমরা প্রায়ই দেখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের আটক করে গণমাধ্যমের সামনে নিয়ে আসেন এবং তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ তথা মামলার বিশদ বিবরণ দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতিবেদনেও অপরাধের ধরন, মামলা ও আসামিদের সম্পর্কিত বিবরণ থাকে। এ অবস্থায় কোনো ব্যক্তি বা সংস্থার পক্ষে কোনো নির্দিষ্ট আইনের অধীনে মামলা ও আসামির সংখ্যা জানতে চাওয়াকে ভিন্ন দৃষ্টিতে দেখার সুযোগ নেই। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সঠিক তথ্যটি দেওয়া হলে জনমনে যেসব বিভ্রান্তি আছে, তা দূর হবে।

প্রথম আলোর খরর থেকে আরও জানা যায়, পুলিশ বিভাগ থেকে তথ্য না পাওয়ায় ওই মানবাধিকারকর্মী তথ্য অধিকার কমিশনে মামলা করেছেন এবং প্রতিকার চেয়েছেন; যার নিষ্পত্তি এখনো হয়নি। আমরা বলতে চাই, যে তথ্যের সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা বিষয়টি জড়িত নয়, সেই তথ্য প্রকাশ করতে হবে আইনের শাসন ও ন্যায়বিচারের স্বার্থেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে থাকার কথা, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের উদ্দেশ্যেই ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস হয়। তথ্য লুকিয়ে রাখার জন্য নয়। ডিজিটাল নিরাপত্তা আইন চালুর পর অনেকটা তথ্য অধিকার আইন ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। এখন এটিকে হিমাগারে পাঠানো হবে না বলেই প্রত্যাশিত।