সাভার ও নরসিংদীতে পুলিশের দ্বারা সংঘটিত দুটি গুরুতর দুষ্কর্ম ইঙ্গিত দিচ্ছে যে এখনই কঠোর ব্যবস্থা না নিলে পুলিশ সদস্যদের দুর্বৃত্তায়ন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেখানে অপরাধ দমন ও অপরাধীদের পাকড়াও করা পুলিশের পেশাগত দায়িত্ব, সেখানে তাদেরই অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাকে আমরা কীভাবে নেব? এটি কেবল ব্যক্তিবিশেষের বিচ্যুতি, নয়, গোটা পুলিশ বাহিনীর নৈতিক অবক্ষয়ের দলিল। সাধারণ মানুষ দুর্বৃত্তদের কাছে জিম্মি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের কাছে প্রতিকার চাইবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারা যখন সেই বাহিনীর সদস্যদের হাতে জিম্মি হয়ে পড়ে, তখন আর প্রতিকারের উপায় থাকে না।
নরসিংদীতে এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তার দ্বারা পাঁচ যুবককে জিম্মি করে পণ বাবদ তিন লাখ টাকা আদায়ের একটি ঘটনা ফাঁস হয়েছে। নরসিংদীর মেয়র এ ঘটনার মীমাংসা করছেন। আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন যে চেকে নেওয়া ২ লাখ ৩০ হাজার টাকা ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে। অথচ তিনি বলেননি যে ছিনতাইকারীরূপী সন্দেহভাজন গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো। সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার তাঁর কৃতিত্ব নয়, গভীর লজ্জার। অন্যদিকে সাভারে গত সপ্তাহে প্রতিপক্ষের দ্বারা এক ব্যবসায়ী জিম্মি হন। এরপর তাঁকে উদ্ধার করতে গিয়ে পুলিশের একজন উপপরিদর্শক দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন এবং ‘মোটা অঙ্কের’ ঘুষ নিয়ে দুদিন পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখান বলে প্রথম আলোর আরেকটি প্রতিবেদনে উল্লেখিত।
প্রথম ঘটনায় পুলিশ নিরীহ ব্যক্তিকে জিম্মি করেছে এবং দ্বিতীয় ঘটনায় উৎকোচের বিনিময়ে অভিযোগ হালকা করে দিয়েছে। এ ধরনের ঘটনা পুলিশ বিভাগে হরহামেশা ঘটলেও প্রতিকার নেই। অনেক সময়ই বিভাগীয় তদন্তের নামে অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়। এটি চলতে পারে না। আমরা দুটি ঘটনার আশু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করছি।