দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতির বিষয়ে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। সামনে নির্বাচন। গা ঢাকা দেওয়া অপরাধীরা ক্রমেই সামনে আসার প্রবণতা দেখাবে। এটা লক্ষণীয় যে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর শাস্তির ঘটনায় হঠাৎ পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটে। কিন্তু তার অনেক আগ থেকেই গুম ও খুনের ঘটনা বেড়ে চলছিল। ২০১২ সালে গড়ে প্রতিদিন ১১ জনের বেশি মানুষ খুন হয়েছে। গত দুই মাসের পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, একই ধারাবাহিকতা চলমান রয়েছে। সরকারের শেষ বছর এবং নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির আশঙ্কা ছিল। কিন্তু সেটা মোকাবিলায় তেমন প্রস্তুতি ছিল না। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক সহিংসতা। তবে অস্বস্তিকর হলো, সরকারি মহলের কেউ কেউ কেবল হামলাকারীদের পরিচয় চিহ্নিত করার মধ্যেই আত্মতুষ্টি পাচ্ছেন বলে প্রতীয়মান হচ্ছে। রাজনৈতিক পক্ষ-প্রতিপক্ষ চিহ্নিতকরণে তাঁরা এমনকি বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন। অন্যদিকে কেবল আদালতের রায়ের প্রতিবাদ জানাতে গিয়ে জামায়াতে ইসলামী বিভীষিকার রাজত্ব কায়েম করে। কিন্তু তা অনুমানের বাইরে ছিল না। অথচ তা মোকাবিলায় সরকারি বাহিনীগুলোকে অপ্রস্তুত, বিব্রত এমনকি ক্ষেত্রবিশেষে বিধ্বস্ত হতে দেখা গেছে। এই অবস্থায় দায়িত্ব পালনে তাদের মধ্যে শৈথিল্য দেখা দিয়েছে। ঘরোয়াভাবে পদস্থ পুলিশ কর্মকর্তারা এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের অযোগ্যতা ও অনভিজ্ঞতার দিকে ইঙ্গিত করছেন।এমন ইঙ্গিত মিলছে যে আইনশৃঙ্খলা রক্ষার নিয়োজিত বাহিনী ও সংস্থাগুলোর মধ্যে একটা গা ছাড়া মনোভাব লক্ষ করা যাচ্ছে। পুলিশের আগাম সতর্ক পদক্ষেপের কারণে কিছু ক্ষেত্রে রক্তপাত বা সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু বহু স্থানে পুলিশকে অক্ষম কিংবা অসহায় অবস্থায় দেখা গেছে। বিরোধী দলের কাঁধে নির্বিচারে দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার কৌশল পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে না মোটেই। আমরা বিশ্বাস করি, যথেষ্ট পূর্বপ্রস্তুতি থাকলে জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলা-পরবর্তী ব্যাপক প্রাণহানি এড়ানো সম্ভব ছিল। প্রশাসন স্পষ্টতই উপযুক্ত সময়ে যথাকৌশল গ্রহণ করতে পারেনি। রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া র্যাব-পুলিশের কাজ নয়। কিন্তু তাদের পেশাদারি শক্তিকে দলীয় প্রতিপক্ষ সামলানোর কাজে যে ব্যবহার করার উদাহরণও যথেষ্ট আছে। এই প্রবণতা ভয়ানক, যা অবশ্যই পরিত্যাজ্য।আমরা লক্ষ করছি, সরকারি দলের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে মাঠে থাকলেও সত্যিকার অর্থে তা জননিরাপত্তা বৃদ্ধিতে কাজে আসেনি। বরং তাদের অপতৎপরতায় সরকারের ভাবমূর্তি মলিন হয়েছে। অভিযোগ মিলছে, ক্ষমতাসীন দলের নানামুখী স্রোত ও বিরোধ একই সঙ্গে অব্যাহত রয়েছে। সে কারণেই প্রশাসনিক ব্যবস্থাগুলো আইনের আপন গতিতে অগ্রসর হতে পারছে না।আশা করি, মানুষের মন থেকে ভীতি ও অনিশ্চয়তা দূর করার বিষয়ে সরকারের টনক নড়বে।