আইনশৃঙ্খলার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার শুধু প্রথম আলোয় ঢাকাসহ বিভিন্ন জেলায় খুন-জখম-মারপিটের অন্তত নয়টি খবর বেরিয়েছে। সিলেটে শিশু হত্যার নির্মম ঘটনার জের কাটতে না–কাটতেই ঢাকায় একটি বাসে ব্যাগের ভেতর শিশু শহিদুলের লাশ শনাক্ত করা হয়েছে। মুক্তিপণ আদায়ের জন্য তাকে অপহরণ ও হত্যা করা হয়। রাজধানীর খিলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে কলেজছাত্র আহত, ফেনীতে চাঁদা না পেয়ে তিনজনকে ছুরিকাঘাত, রংপুরে ছাত্রলীগ নেতা ও তাঁর বোনকে কুপিয়ে জখম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের কর্মীকে আরেক পক্ষের কর্মীদের মারধর, উত্তরায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার প্রভৃতি ঘটনা উদ্বেগজনক। আছে ‘বন্দুকযুদ্ধের’ দুটি ঘটনায় তিনজন নিহত ও একজন গুরুতর জখমের ভয়াবহ ঘটনা। এ ছাড়া বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার চলমান উদ্বেগ তো আছেই।
রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতিতে মানুষ উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মূল কাজ হলো নিরাপত্তা দেওয়া। কিন্তু পুলিশকে এখন রাস্তা পাহারা এবং মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তায় ব্যস্ত রাখা হচ্ছে। ফলে মানুষের নিরাপত্তায় ভাটা পড়েছে। একশ্রেণির অপরাধী এই সুযোগে অপহরণ ও খুনের নেশায় মেতে উঠেছে।
রাজনৈতিক সমস্যা রাজনৈতিক নেতৃত্বকেই মেটাতে হবে। সংকট দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে জনসাধারণের নিরাপত্তা দেবে কে? মানুষ কর-খাজনা দেবে, কিন্তু নিরাপত্তা পাবে না, তা হতে পারে না। জনস্বার্থে পুলিশের ব্যবহারে গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজন। সর্বস্তরে পুলিশের কাজের সুষ্ঠু তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা দরকার। ‘বন্দুকযুদ্ধ’ নয়, আসামিকে বিচারের মুখোমুখি করাই পুলিশের মূল দায়িত্ব। এর বিচ্যুতি হলে সমাজে অরাজকতা দেখা দেবে। এর কিছু লক্ষণ এখনই দেখা যাচ্ছে।
স্থানীয় সরকারের দায়িত্বও অনেক বেশি। জনগণকে সম্পৃক্ত করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা-জেলা পর্যায় পর্যন্ত জননিরাপত্তার উদ্যোগ নিলে সুফল পাওয়া যেতে পারে। এ লক্ষে৵ স্থানীয় জনপ্রতিনিধিদের দলীয় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।