আইনশৃঙ্খলার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে পেশাদার অপরাধীরা যখন অতিমাত্রায় তৎপর হওয়ার সুযোগ নিতে চায়, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ অপরাধ দমনের দিকে বাড়তি মনোযোগ না দিলে সমাজে অপরাধবৃত্তি বেড়ে যায়। বর্তমানে দেশে সেটাই লক্ষ করা যাচ্ছে। হত্যা-ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধবৃত্তি বেড়েই চলেছে। কারণ, সরকার রাজনৈতিক প্রতিপক্ষ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করতে যতটা তৎপর, অপরাধ দমন ও জনসাধারণের নিরাপত্তা বিধানে ততটা নয়। আইনের শাসনভিত্তিক কোনো সমাজে নির্বাচিত কোনো সরকারের কাছে এটা মোটেও প্রত্যাশিত নয়।বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি পালনে বাধাদানের বেলায় সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকার যা কিছু করে, সবই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে। কিন্তু বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচিতেই কি শুধু জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়? মানুষ নিজের ঘরে দুর্বৃত্তদের হাতে খুন হয়ে যাচ্ছে, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হচ্ছে, মানুষ পথ চলতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে, কখনো কখনো ধারালো অস্ত্রের আঘাতে বা গুলিতে প্রাণও হারাচ্ছে। নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন, অ্যাসিডে ঝলসে দেওয়া হচ্ছে তাঁদের মুখ। এসব অপরাধ দমন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দায়িত্ব। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এসব অপরাধ বাড়তে পারে না। কিন্তু এ ক্ষেত্রে তাদের আন্তরিকতার প্রকট অভাব দৃশ্যমান।শনিবারের প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য হলো, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে কেউ থানায় মামলা করতে গেলে থানা-পুলিশ মামলা গ্রহণে অনীহা দেখায়। ছিনতাইয়ের শিকার ব্যক্তিকে বলা হয় সাধারণ ডায়েরি অথবা চুরির মামলা দায়ের করতে। সাধারণ মানুষের মধ্যে এমন একটি ধারণা কাজ করে যে ছিনতাইকারীদের সঙ্গে থানা-পুলিশের যোগসাজশ থাকে। এমন ধারণা আরও প্রবল হয়, যখন ছিনতাইয়ের অভিযোগে মামলা নিতে পুলিশ অনাগ্রহ দেখায়। আর ছিনতাইকারী ও চাঁদাবাজেরা যদি ক্ষমতাসীন দলের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়, তাহলে তো কথাই নেই—তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নিতে চায় না।শনিবারের ওই প্রতিবেদনের পাশেই ছাপা হয়েছে আরেকটি প্রতিবেদন: রাজধানীর শেওড়াপাড়ার একটি মেসে গত শুক্রবার দুই ব্যক্তিকে শ্বাসরোধে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর শনিবার দুপুরের খবর, ছাত্রলীগের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ও শিক্ষানবিশ চিকিৎসক সোহেল পারভেজকে কুপিয়েছে ‘সন্ত্রাসীরা’। এ রকম প্রাত্যহিক খুনখারাবির খবরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই স্পষ্ট হচ্ছে, কিন্তু সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের ভাব এমন যেন এগুলো স্বাভাবিক, শাসনকার্য এ রকমই হয়। কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ায় দেশের জনগণের নিরাপত্তা বিধানের যে বাধ্যবাধকতা তৈরি হয়, সেটা পূরণ করার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি চলে না।নির্বাচনের বছরে এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিনগুলোতে অপরাধবৃত্তি দমনের প্রতি সরকার বাড়তি মনোযোগ না দিলে পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা প্রবল। সেটা কোনোভাবেই কাম্য নয়।