আইনের অধীন থেকে যে যাঁর কাজ করুন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো জনশাসনতত্ত্ববিদ আমলা ও জনপ্রতিনিধিদের ক্ষমতাচর্চা বা খবরদারি নিয়ে কথা বললে আমরা সেটিকে তাত্ত্বিক বিতর্ক বলে অগ্রাহ্য করতে পারতাম। কিন্তু কথাটি বলেছেন খোদ পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান। তিনি এখন রাজনীতিবিদ হলেও অতীতে আমলাই ছিলেন। ফলে পরিকল্পনামন্ত্রী কোনো কথা বললে একে গুরুত্বের সঙ্গেই নিতে হবে।

গত ২৬ জুন জাতীয় বাজেটে ‘স্থানীয় সরকারের জন্য বরাদ্দ ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান অনেকটা খেদের সঙ্গে বলেছেন, ‘আমলারা জনপ্রতিনিধিদের গলায় রশি বেঁধে ঘোরান। বরাদ্দ পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়, আগে নিজেদের ২০ টাকা আছে দেখাও, তাহলে ১০০ টাকা বরাদ্দ পাবে। এভাবে গলার মধ্যে নানা ধরনের রশি দেওয়া হয়।’

পরিকল্পনামন্ত্রীর এ বক্তব্য পুরোপুরি অসত্য বলা যাবে না। ইদানীং প্রশাসনে আমলাদের মাত্রাতিরিক্ত খবরদারি করতে দেখা যায়। এখতিয়ারের বাইরে গিয়ে তাঁরা এমন সব কথা বলেন, যা কোনো সরকারি কর্মকর্তার বলা উচিত নয়। তাঁদের মধ্যে কেউ কেউ দলীয় কর্মীর মতো আচরণ করে থাকেন, যাতে কে আমলা আর কে রাজনীতিক, সে ফারাক করাও কঠিন হয়ে পড়ে।

এই যে আমলারা জনপ্রতিনিধিদের ওপর খবরদারি করছেন, এর জন্য কি সরকারের নীতিনির্ধারকদের কোনো দায় নেই? সংবিধানে স্থানীয় স্বশাসন বলে যে বিধান আছে, তা কার্যকর হচ্ছে না কেন? মন্ত্রীর ভাষায় স্থানীয় সরকারকে কেবল ‘কেন্দ্রীয় সরকারের বর্ধিত অংশ’ ভাবা হয় না, ক্ষমতাসীন দলের ইচ্ছাপূরণের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়। বিরোধী দলের কোনো জনপ্রতিনিধি স্থানীয় সরকার সংস্থার দায়িত্ব পেলে সরকার তাঁকে সহযোগিতার করে না। অনেক সময় তাঁরা জেল-জুলুমেরও শিকার হন। এই কাজে সরকারের নীতিনির্ধারকেরা আমলাদেরও ব্যবহার করেন বলে অভিযোগ আছে।

এ অবস্থায় আমলারা যদি স্থানীয় সরকার সংস্থার জনপ্রতিনিধিদের ওপর খবরদারি করেন কিংবা নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে থাকেন, এর দোষ পুরোপুরি আমলাদের দেওয়া যায় না। দ্বিতীয়ত, পরিকল্পনামন্ত্রী উন্নয়ন প্রকল্পে বরাদ্দের যে শর্তের কথা বলেছেন, সেই নীতিও আমলারা তৈরি করেননি; করেছেন রাজনীতিকেরাই। যেখানে আমাদের স্থানীয় সরকার সংস্থার বেশির ভাগের নিজস্ব আয় নেই, সেখানে তারা উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করবে কীভাবে? দেশের ৮০ শতাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের যে নিয়মিত বেতন হচ্ছে না, সে জন্য নিশ্চয়ই আমলাদের দায়ী করা যাবে না। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকদের ইচ্ছাপূরণের উদ্দেশ্যেই অনেক পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে নিজস্ব আয়রোজগার না থাকা সত্ত্বেও।

সংবিধান বর্ণিত স্বশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনানুযায়ী স্থানীয় সরকার সংস্থাগুলো পরিচালনা করতে হবে। অর্থনৈতিকভাবে এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে রাজস্ব আদায়ের সুযোগও তাদের দিতে হবে। কেবল হাটবাজার ও খেয়াঘাটের আয় দিয়ে স্থানীয় সরকার সংস্থাগুলো চলতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ কারও ওপর খবরদারি করবে না, নিজ নিজ এখতিয়ার অনুযায়ী কাজ করবে, এটাই প্রত্যাশিত। কোনো ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটলে বা ঘটানো হলে আমলা ও জনপ্রতিনিধিদের মধ্যে টক্কর লাগবেই। স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের বর্ধিত অংশ হিসেবে না দেখে স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে দেখতে হবে। জনপ্রতিনিধিরা তাঁদের ওপর অর্পিত দায়িত্বটুকু পালন করলে আমলারা খবরদারি করার সাহস পাবেন না।