সদ্যসমাপ্ত বিশেষ অভিযানের মধ্যেও সন্দেহভাজন জঙ্গিদের উপর্যুপরি হানা ও হুমকির ঘটনা আমাদের উদ্বিগ্ন না করে পারে না। বিশেষ করে ঢাকার শত বছরের পুরোনো রামকৃষ্ণ মিশনের প্রধান পুরোহিতকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়াকে হালকা করে দেখার সুযোগ নেই। মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে কুষ্টিয়ায় একটি সেবাশ্রমের সেবায়েতকেও।
এভাবে মন্দির বা অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা কিংবা পুরোহিত-সেবায়েতদের হত্যার হুমকি প্রমাণ করে যে এই সন্ত্রাসী চক্র কতটা বেপরোয়া। এদের রুখতে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক শক্তির জাগরণ ও সম্মিলিত প্রয়াস। এটিকে নিছক আইনশৃঙ্খলাজনিত সমস্যা এবং বিরোধী দলের উসকানি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
বিশেষ অভিযানকে সরকারের তরফে সফল দাবি করা হলেও এতে কতজন জঙ্গি-সন্ত্রাসী, আর কতজন নিরীহ মানুষ গ্রেপ্তার হয়েছে, তা-ও স্পষ্ট নয়। পুলিশ বলেছে সপ্তাহব্যাপী অভিযানে ১৯৪ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে বিপুলসংখ্যক মানুষকে পাকড়াও করার কী কারণ থাকতে পারে? বিশেষ অভিযানের উদ্দেশ্য যদি হয়ে থাকে জঙ্গি চক্রের তৎপরতা বন্ধ এবং তাদের ভয় পাইয়ে দেওয়া, তবে তা খুব সফল হয়েছে বলা যাবে না।
অন্যদিকে মাদারীপুরে কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী চক্রের একজনকে স্থানীয় বাসিন্দারা ধরিয়ে দিলেও পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাঁর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। টিআইবির প্রধান সুলতানা কামাল বলেছেন, সরকার আইন নিজের হাতে তুলে নিয়েছে। এটি কোনোভাবেই আইনের শাসন কিংবা জঙ্গি দমনের পথ নয়। আইনের পথেই জঙ্গিদের দমন করতে হবে।
রামকৃষ্ণ মিশনের ঘটনাটি দেশের ভেতরে তো বটেই, বাইরেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে ইউরোপীয় পার্লামেন্ট ও যুক্তরাষ্ট্রও অনুরূপ আহ্বান জানিয়েছে। বাংলাদেশ তার নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে না পারলে এ রকম আহ্বান আসতেই থাকবে; যা কোনো আত্মমর্যাদাশীল দেশের জন্য কাম্য হতে পারে না।
সরকারের নীতিনির্ধারকেরা যত দ্রুত বিষয়টি অনুধাবন করবেন, ততই মঙ্গল।