আইনের শাসন আবারও সমুন্নত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির ইতিহাসের অন্যতম মর্মস্পর্শী বিয়োগান্ত অধ্যায় হলো বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। কিন্তু এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার যে বাংলার মাটিতে হতে পারে, তা অনেকেরই ধারণার বাইরে চলে গিয়েছিল। এর আগে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা কিছুটা সান্ত্বনা পেয়েছিলেন। এবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, যিনি ১৯৭১ সালে কুখ্যাত আলবদর বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, গতকাল সর্বোচ্চ আদালতে তাঁর মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে ওই পরিবারগুলো এবং বিচারের অপেক্ষায় থাকা লাখো মানুষ আরও বেশি স্বস্তি লাভ করবেন। তাঁদের বেদনার ভার আরও খানিকটা প্রশমিত হবে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার দায় যে প্রধানত আলবদর বাহিনীর, সে–বিষয়ক দলিল-প্রমাণাদি ১৯৭১ থেকেই ছিল প্রকাশ্য এবং তার সত্যতা নিয়ে কার্যত কারও মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। নিজামী যে পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী সংস্থা হিসেবে স্বীকৃত আলবদর বাহিনীর প্রধান ছিলেন, তা–ও ছিল প্রমাণিত। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ-আদালতেও নিজামী মৃত্যুদণ্ডতুল্য অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
বাংলাদেশের জন্য এটা চরম দুর্ভাগ্যের যে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত নিজামী ও মুজাহিদকে মন্ত্রিত্ব দিয়েছিল। তখনই এর প্রতিবাদ করা হয়েছিল। কিন্তু বিএনপি নেতৃত্ব তাতে কর্ণপাত করেনি। এমনকি আজও বিএনপি এ জন্য অনুশোচনা করেনি।
জামায়াতে ইসলামী তার নামের সঙ্গে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ শব্দটি যুক্ত করেছে। কিন্তু তারা জাতির কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। উপরন্তু তারা যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার জন্য গোড়া থেকেই নানা ওজর-আপত্তি তুলে বিচার–প্রক্রিয়ার প্রতি অনাস্থা ব্যক্ত করে চলেছে। তাদের উচিত রায় মেনে নেওয়া এবং জাতির কাছে আন্তরিকভাবে অনুশোচনা ব্যক্ত করা।
নিজামীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হরতাল ডাকার ঘটনা দুর্ভাগ্যজনক। এই রায় আইনের শাসনের চেতনাকে সমুন্নত করেছে। এই হরতাল নিন্দনীয়।