আইনের শাসনের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক সমাজের একটি মৌলিক উপাদান আইনের শাসন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রধানত আছে আইন প্রয়োগকারী সংস্থা। তাদের পক্ষপাতহীনভাবে কোনো রূপ অনুরাগ-বিরাগ ব্যতিরেকেই এ দায়িত্ব সম্পন্ন করতে হয়। এতে শৈথিল্য কিংবা পক্ষপাতসুলভ আচরণ তাদের ভূমিকাকে করে প্রশ্নবিদ্ধ। শিথিল হয় তাদের প্রতি জনগণের আস্থা। তখন ক্ষেত্রবিশেষে জনগণের একটি অংশ কোনো কোনো ক্ষেত্রে আইন হাতে তুলে নেয়। এমনকি জঘন্য অপরাধীরা যখন বিভিন্ন ফাঁকফোকরে আইনের আওতার বাইরে থাকে, তখন তাদের বিচারবহির্ভূত হত্যায়ও সমাজের একটি অংশ পুলকিত হয়। আর সেই বিচারবহির্ভূত হত্যা ক্ষেত্রবিশেষে ঘটায় ডাকাত বা ছিনতাইকারী সন্দেহে ক্ষুব্ধ জনগণ। আর কখনো বা আইন প্রয়োগকারী সংস্থাই ঘটায় ক্রসফায়ার, এনকাউন্টার ইত্যাদি নামে। এর সবকিছুই মানবাধিকার ও আইনের শাসনের ব্যত্যয়। এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি হুমকিস্বরূপ।নিকট অতীতে আমরা দেখেছি, আইনের শাসন যখন গুরুতরভাবে ব্যাহত হয়, তখন একপর্যায়ে গণতন্ত্রই মুখ থুবড়ে পড়ে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে বারবার অনেক খেসারত দিতে হয়েছে দেশবাসীকে। অতিসম্প্রতি ওই প্রবণতাই আরও জোরদার হতে দেখে অনেকেই শঙ্কিত হয়ে পড়ছেন। একাত্তরের মানবতাবিরোধী কার্যকলাপের অপরাধে কিছু ব্যক্তির বিচার চলছে। কয়েকটি রাজনৈতিক দল ও তাদের ছাত্রসংগঠনের দাবি, সে বিচার করা যাবে না। এ দাবিও নিয়মতান্ত্রিকভাবেই তারা করছে, এমনটি কিন্তু নয়; বরং সহিংস হরতালসহ আইনবিরোধী অনেক পন্থাই গ্রহণ করছে।আবার সেসব অভিযুক্ত ব্যক্তির সবাইকে ফাঁসি দেওয়ার দাবিও করেছে কিছু সংগঠন। এমনকি তরুণ প্রজন্মের একটি অংশ শাহবাগে ৫ ফেব্রুয়ারি থেকে অবস্থান করে অবিচলভাবেই এ দাবি করছে। তাদের আরও কতিপয় রাজনৈতিক দাবি আছে। সেই মূল মঞ্চ এখনতক কাজকর্মে অহিংসই আছে। তবে দাবিতে রয়েছে অনড়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করেই তারা আন্দোলনে নামে। গতকাল আরেকটি মামলার রায় হয়েছে। সেই রায়ে যারা সন্তুষ্ট হয়েছে, তাদের উচিত হবে না উল্লাস করে পরিস্থিতিকে উত্তপ্ত করা। আবার যারা সংক্ষুব্ধ, তাদের আইনের মাধ্যমে প্রতিকার চাওয়ার সুযোগ আছে। তাই রাস্তায় সহিংসতা না চালিয়ে আইনি প্রতিকারের চেষ্টা নিতে হবে। আইনের প্রতি থাকতে হবে শ্রদ্ধাশীল। এর আগে কতিপয় ইসলামি সংগঠন ২২ ফেব্রুয়ারি জুমার নামাজের পর ইসলাম ও মহানবী (সা.) অবমাননাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করেছিল। পূর্ব অভিজ্ঞতা থেকেই পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। পুলিশ ছাড়াও এ দফায় তাদের হামলার প্রধান শিকার হন সাংবাদিকেরা। সাংবাদিকদের ওপর তাদের এ বিদ্বেষ ধারণাতীত ছিল। এটা দুঃখজনক যে এ বিক্ষোভ কর্মসূচির প্রথম দিনেই প্রাণ হারিয়েছেন চারজন, আর আহত কয়েক শ। এ আন্দোলনকারীদের কিছু সহিংস গ্রুপ কতিপয় স্থানে জাগরণ মঞ্চ ও শহীদ মিনার ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। চট্টগ্রাম প্রেসক্লাবে করা হয় ব্যাপক ভাঙচুর। চাঁদপুরে জাতীয় পতাকায় দেওয়া হয় আগুন। পাশাপাশি আমরা দেখি, বিরোধী দলের সমর্থক একটি সংবাদপত্র ও টিভি চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো অফিসে আগুন ধরিয়ে দেয় আন্দোলনবিরোধীরা। তাদের দ্বারা কতিপয় স্থানে ইসলামী ব্যাংকের স্থাপনা হয় ভাঙচুরের শিকার।এসব ঘটনা প্রতিরোধে পুলিশ সক্ষম হয়নি। তবে মামলা হয়েছে অনেক। মামলার কারণে গ্রেপ্তারও হয়েছে বিপুলসংখ্যক। আর মামলা ও গ্রেপ্তারে পক্ষপাতসুলভ আচরণটি স্পষ্ট। আন্দোলনকারীদের ভাঙচুর-অগ্নিসংযোগ যেমন অগ্রহণযোগ্য এবং তা আইনের আওতায় আনার দাবি রাখে; তেমনি দাবি রাখে একই ধরনের কার্যক্রমে যারা আন্দোলনবিরোধী ভূমিকা পালন করতে গিয়ে আইনকে হাতে তুলে নিয়েছে, তাদের ক্ষেত্রেও। এটা করতে পারলে আন্দোলনকারীদের মোকাবিলায় পুলিশের নৈতিক দিক অনেক বাড়ত। সৌভাগ্যের বিষয়, শাহবাগকেন্দ্রিক আন্দোলন কিন্তু প্রতিপক্ষের হরতাল বা আন্দোলন প্রতিহত করতে নামছে না; এটি বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে করছে সভা ও মিছিল।দুর্ভাগ্যজনকভাবে উল্লিখিত আন্দোলন চলমান রয়েছে। দ্বিতীয় দিনেও প্রাণহানি ঘটেছে দুজনের। ২৪ ফেব্রুয়ারি গোটা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। হরতাল যেকোনো দাবিতে, যে কেউ আহ্বান করুক; তাতে বেশ কিছুকাল ধরে প্রকৃত জনসমর্থন তেমন একটা থাকে না বললেই চলে। তবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ভয়ে পারতপক্ষে কেউ গাড়ি বের করে না, খোলে না অধিকাংশ দোকানপাট আর শিক্ষার্থীস্বল্পতায় ক্লাস হয় না শিক্ষাপ্রতিষ্ঠানে। তাই হরতাল এমনিতেই কিছুটা সফল হয়ে যায়। দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক যে এ হরতালে নিহত হয়েছে অন্তত চারজন। এ হরতালের সময় শাসক দলের সমর্থকেরা বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। তাদের কার্যক্রমও আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য।এ আন্দোলনকারীরা মূলত যাঁর ব্লগের লেখা নিয়ে এতটা ক্ষুব্ধ, তিনি তো এখন মানুষের বিচারের আওতার বাইরে চলে গেছেন। ব্লগে যদি অন্য কেউ এরূপ অনাকাঙ্ক্ষিত মতামত লিখে প্রচার করে, তার শাস্তির দাবি আন্দোলনকারীরা করতেই পারে। এ বিষয়ে যথাযথ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নিয়ে একটি আস্থার পরিবেশ সৃষ্টি করা সরকারের কর্তব্য। আর এ আন্দোলনকারীদের আন্দোলনের সহিংসতা ও বেআইনি কার্যক্রম ঠেকানোর দায়িত্ব কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই; অন্য কেউ পাশাপাশি সেই দায়িত্বে অংশ নিয়ে আইনকে হাতে তুলে নেওয়াও শাস্তিযোগ্য অপরাধ। এটা পরিস্থিতির অবনতি ঘটাবে; আর তা অতিদ্রুত। একবার যদি লাগাম ছেড়ে দেওয়া হয়, তাহলে তা আবার টেনে ধরা খুবই কঠিন হবে। যে তরুণ প্রজন্ম শাহবাগকে কেন্দ্র করে একটি অহিংস আন্দোলন পরিচালনা করছে, তাদেরই সমর্থক দাবিদার হয়ে কোনো কোনো স্থানে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।শাহবাগকেন্দ্রিক আন্দোলনটি যাঁরা পরিচালনা করছেন, তাঁদের পরিশীলিত আচরণ, ধৈর্য ও সংযম অনেকের প্রশংসা কুড়িয়েছে। এ আবেগাশ্রয়ী আন্দোলনে তাঁরা সাম্প্রতিক অন্যান্য হিংসাত্মক কর্মকাণ্ডের বিপরীতে একটি নতুন ধারার সৃষ্টি করবেন বলে আশাবাদী অনেকেই। তাঁদের আবেগ মর্যাদা পাওয়ার দাবি রাখে। তবে তাঁরাও আইনের শাসনের প্রতি অবিচলভাবে অনুগত থাকবেন, এ প্রত্যাশা করা অসংগত হবে না। কোনো অভিযুক্ত ব্যক্তিকে বিশেষ কোনো শাস্তি দেওয়ার জন্য তাঁরা দাবি করতে পারেন। তবে এখানে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত মেনে নিতে হবে।প্রকৃতপক্ষে চলমান এই আন্দোলনের মূল শক্তি একটি রাজনৈতিক দল এবং তাদের সমর্থিত ছাত্রসংগঠন। আন্দোলনটির পেছনে তাদের একটি রাজনৈতিক উদ্দেশ্যও আছে। উদ্দেশ্য যা-ই থাক, একে সহিংস করে আইন হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাই সমর্থনযোগ্য নয়। আমরা জানি, ইসলাম শান্তির ধর্ম। আর এ ধর্মের নামে অশান্তি মুসলমানদের সমর্থন পাওয়ার দাবি রাখে না।গণতন্ত্রকে আমরা রাষ্ট্রব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি। এতে বহু মত ও বহু পথ থাকবে। তবে সব পথ এসে মিলে যাবে দেশের সার্বিক স্বার্থে। গণতন্ত্রে নিজ মত প্রকাশ করার অধিকার সবার থাকে। তবে কোনো অধিকার থাকে না শক্তি প্রয়োগ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে অন্যকে নিজ মত সমর্থনে বাধ্য করার। আইন প্রয়োগের কর্তৃত্ব রাষ্ট্রের। অন্য কেউ তা নিজ হাতে তুলে নিতে পারে না। তবে সাধারণত এ প্রবণতা সৃষ্টি হয় আইন প্রয়োগকারী সংস্থা যখন পক্ষপাতসুলভ আচরণ করে তখন। সুতরাং, বর্তমান পরিস্থিতিতে তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এ দায়িত্ব পালন করতে হবে। সরকারের এখানে সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের আবশ্যকতা রয়েছে। তারা এ রাষ্ট্রের কান্ডারি। তাদের বুঝতে হবে, সংকট গভীর। তাই তাদের উদ্দেশে জাতীয় কবি নজরুলের ভাষায় বলতে চাই:‘কাণ্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যাজিবে কি পথ-মাঝ?করে হানাহানি, তবু চলো টানি’, নিয়াছ যে মহাভার।’সোজা কথায় বলা চলে, বিষয়টি নিয়ে আমরা একটি কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি। শুধু ভাবাবেগ দিয়ে এ সমস্যার সমাধান হবে না। এ রাষ্ট্রের মালিক ১৬ কোটি জনগণ। দেশটির স্বাধীনতা একে শুধু মর্যাদার আসনেই প্রতিষ্ঠিত করেনি, করেছে আর্থিক ও সামাজিকভাবে সমৃদ্ধ। চলমান পরিস্থিতির মাধ্যমে ওই সমৃদ্ধিতে ভাটা আসতে বাধ্য। সেই ভাটার টান ব্যাহত করতে পারে আমাদের গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে; ক্ষতবিক্ষত করে ফেলতে পারে আমাদের জাতীয় সংহতি।বিশ্বসমাজে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অনেক কিছুই আছে। তা-ও আমাদের মাথা হেঁট করে থাকতে হয় মূলত রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য। অনেক ক্ষেত্রেই সালিস করতে বিদেশিদের ডেকে আনি। আর এটা ঘটে চলছে বারবার। তবে এবারের সংকটের মাত্রা জটিল। এ পর্যায়ে সবারই উচিত আইন নিজ হাতে না নেওয়া। আইনকে আপন গতিতে চলতে দিলে এর সমাধানও হয়ে যাবে। আর সবকিছুই কারও পছন্দমতো হতে হবে, এটা ভেবে চলতে থাকলে মস্ত ভুল করা হবে। সেটার খেসারত দেবে গোটা জাতি। আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক সমাজব্যবস্থা আর রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখতে আইনের শাসনের বিকল্প কিছুই নেই।আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। [email protected]