দেশের সব ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানকে ‘আইপি লগ’ কমপক্ষে এক বছর সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ধরনের একটি উদ্যোগের প্রয়োজনীয়তার পেছনে জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও সাইবার অপরাধীদের শনাক্ত করার বিষয়টিকে তুলে ধরা হচ্ছে। কিন্তু কোনো আইন ছাড়া এ ধরনের নির্দেশনা বাস্তবায়নের যে বিপদ রয়েছে, সেই দিকটির প্রতি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে চাই।
বাংলাদেশে বর্তমানে শুধু একটি মুঠোফোন কোম্পানি আইপি লগ অর্থাৎ গ্রাহকদের পরিচিতি নম্বর এবং কোন সময় তাঁরা ইন্টারনেট সেবা নিচ্ছেন, তা সংরক্ষণ করে। তবে তা খুব সুবিন্যস্ত নয়। আর ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটি আইপি লগ সংরক্ষণ করে। তবে কোনো ক্ষেত্রেই এক মাসের বেশি সময়ের রেকর্ড পাওয়া যায় না। গোয়েন্দারা মনে করেন, আইপি লগ সংরক্ষণ না করার কারণে অনেক ক্ষেত্রে সাইবার অপরাধীদের শনাক্ত করা যায় না। এটা ঠিক যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর আইপি লগ সংরক্ষণ করা হলে অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংরক্ষণ করা এসব তথ্য যে যথেষ্ট গোপনীয়তার সঙ্গে সংরক্ষিত হবে এবং যে কারও হাতে গিয়ে যে তা পড়বে না, তার নিশ্চয়তা কী? এই সুযোগে কেউ যদি ব্যক্তিগত তথ্য পেয়ে সাধারণ মানুষকে হয়রানি করে, তবে তার প্রতিকার হবে কীভাবে?
মানবাধিকারকর্মী ও সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে একজন ব্যক্তি কখন কোন ওয়েবসাইটে ঢুকবেন, তা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তাই এই তথ্যগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন, কীভাবে পেতে পারে, তা যদি আইনের মাধ্যমে নির্ধারিত করা না থাকে তবে অপব্যবহারের বিপদ থেকেই যাবে। আমরা মনে করি, একটি আইনের আওতায় কাজটি হলে তা নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে। কেউ ভিন্ন উদ্দেশ্যে বা কাউকে জিম্মি করার জন্য এ তথ্য ব্যবহার করলে তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া যাবে। জাতীয় নিরাপত্তার প্রয়োজনে ও অপরাধীদের চিহ্নিত করতে উন্নত দেশগুলোতে আইনগত কর্তৃত্বসম্পন্ন কর্তৃপক্ষ আদালতের অনুমতিক্রমে এ ধরনের তথ্য কাজে লাগিয়ে থাকে। আমাদেরও উচিত ওই সুরক্ষামূলক দৃষ্টান্ত অনুসরণ করা।
সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা করতে বিশ্বের দেশে আইপি লগ সংরক্ষণের বিষয়টি কঠোরভাবে তদারক করা হলেও বাংলাদেশে তা এত দিন হয়নি। বর্তমান তথ্যপ্রযুক্তি আইনের কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইপি লগ সংগ্রহ করার বিষয়টি উল্লেখ নেই। তাই আইপি লগ সংরক্ষণ ও তা কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট আইন হালনাগাদ করতে হবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি।