আইপিইউ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কী অর্জন করল? এর মাধ্যমে আমাদের ভঙ্গুর গণতন্ত্র কতটা সবল হবে? গণতন্ত্র একটি ধারাবাহিক প্রক্রিয়া ও নিরন্তর অনুশীলনের বিষয়। একে নিছক আনুষ্ঠানিকতা দিয়ে পরিপুষ্ট করা যায় না, সে কথা রাষ্ট্র ও রাজনীতির কর্ণধারদের উপলব্ধি করতে হবে।

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বৈষম্য কমিয়ে আনা, নারীর ক্ষমতায়ন, জঙ্গি, সন্ত্রাসবাদ প্রতিরোধসহ আইপিইউর ঢাকা ঘোষণায় যেসব প্রস্তাব নেওয়া হয়েছে, তার সব কটিই গুরুত্বপূর্ণ। কিন্তু এসব প্রস্তাব সংশ্লিষ্ট দেশের নীতিনির্ধারকেরা কতটা মেনে চলবেন, তার ওপরই সম্মেলনের সাফল্য ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে। সাম্প্রতিক কালে বনেদি গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যেভাবে অতিমাত্রায় কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক রীতিনীতি অগ্রাহ্য করে চলেছে, তাতে বৈশ্বিক গণতন্ত্র ও শান্তি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

আইপিইউ সম্মেলনে কোনো দেশের ওপর অন্য দেশের হস্তক্ষেপ না করার অঙ্গীকার বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্বে সামরিক শক্তি ছাড়াও নানা অস্ত্র বা মাধ্যম প্রয়োগ করে বড় রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলোতে হস্তক্ষেপ করে থাকে। এর বিরুদ্ধে আইপিইউকে আরও শক্ত ভূমিকা রাখতে হবে।

অস্বীকার করার উপায় নেই, আমাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো খুবই দুর্বল ও ভঙ্গুর। তাকে শক্ত ভিত দিতে হলে ক্ষমতাসীন ও ক্ষমতাবহির্ভূত রাজনৈতিক দল ও পক্ষসমূহের গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখার বিকল্প নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় মত ও পথের ফারাক থাকবে, কিন্তু তাকে কোনোভাবেই সংঘাত কিংবা অপরের গণতান্ত্রিক অধিকার হরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।

গণতন্ত্র সুসংহত করতে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদের পাশাপাশি কর্তৃত্ববাদেরও অবসান জরুরি।