১ নভেম্বর রাতে টেলিভিশন দেখতে দেখতে এই লেখাটার সিদ্ধান্ত নিলাম। পাঠক, আপনারা নিশ্চয়ই দেখেছেন টেলিভিশনের সেই দৃশ্য। সন্ধ্যায় নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আইভী নিজে থেকে এই দেখা করতে যাননি। যখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছে, তখন প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন। ফিরে এসেই তিনি আইভীকে দেখা করতে বলেছেন। সেলিনা হায়াৎ আইভী যাবেন না? নিশ্চয়ই যাবেন। এর আগে যখন নারায়ণগঞ্জ পৌরসভা ভেঙে দেওয়া হচ্ছিল এবং সিটি করপোরেশন গঠন করার প্রক্রিয়া চলছিল, তখন আইভী কত চেষ্টা করেছেন একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। পারেননি। এমন বড় কিছু চাওয়ার ছিল না তাঁর। আইভী শুনেছিলেন, নবগঠিত সিটি করপোরেশনে একজন আমলাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিনি চাইছিলেন, তাঁকেই অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দেওয়া হোক। কিন্তু তিনি তা পারেননি। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কী ব্যাপারে কথা বলবেন তিনি। আইভী জবাব দিলে তাঁকে আগে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলা হয়েছিল। কারণ, এ ব্যাপারে তিনিই কর্তৃপক্ষ। কর্তৃৃপক্ষের কাছে কথা বলতে গেলে তিনি বলেছিলেন, এ জন্য তাঁরাই যথেষ্ট; প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার দরকার নেই। আইভী তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। আইভী আর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা পাননি। এখন সেই প্রধানমন্ত্রী নিজে থেকে তাঁকে ডেকেছেন। আইভী যাবেন না? প্রধানমন্ত্রী তাঁর দলের সভানেত্রীও তো বটে। আইভী তো নির্বাচনের পর বলেছেন যে তিনি এখনো আওয়ামী লীগই করেন। তবে যাবেন না কেন? অতএব, আইভী গিয়েছিলেন। রাত আটটায় গণভবনে প্রবেশ করলে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামানসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই ছেলে সীমান্ত ও অনন্ত। এ ছাড়া আইভীর সঙ্গে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারাও ছিলেন। ১৫ মিনিট পর প্রধানমন্ত্রী আইভীকে ডেকে নেন। প্রথমে তাঁরা দুজন একান্তে কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী শামীমকেও ডেকে নেন। রাত নয়টায় প্রধানমন্ত্রী আইভী ও শামীমকে অন্য একটি কক্ষে নিয়ে যান। সেখানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদসহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী প্রথমেই আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান; তাঁকে জড়িয়ে ধরেন। এরপর আইভী এবং পরে তাঁর দুই ছেলে প্রধানমন্ত্রীকে ফুল দেন। প্রধানমন্ত্রীর পাশে আইভী বসেন। তাঁর ডান পাশের সারিতে নারায়ণগঞ্জের নেতারা এবং বাঁ পাশের সারির একটি চেয়ারে শামীম ওসমান বসেন।পরে সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘আমি ঘরে ঢুকতেই প্রধানমন্ত্রী আমাকে জড়িয়ে ধরে বলেন, “বাপের বেটি।” তিনি আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।’টেলিভিশনে এসব দৃশ্য যাঁরা দেখেছেন, তাঁরা বেশ অবাক হয়ে গেছেন। প্রধানমন্ত্রী আইভীকে এত ভালোবাসেন! গত ৩১ অক্টোবর প্রথম আলোয় ‘আইভীর বিজয়ে প্রধানমন্ত্রী খুশি’ শিরোনামে বিশেষ প্রতিনিধি লিখেছেন: সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে, সিটি করপোরেশনে দেশে প্রথমবারের মতো একজন নারী মেয়র নির্বাচিত হওয়ায় তিনি খুশি হন। গত সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তাঁর আনন্দের বিষয়টি প্রকাশ করেন বলে পত্রিকায় খবর এসেছে। পত্রিকা আরও জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, নারায়ণগঞ্জের দুই মেয়র প্রার্থীই তাঁর কাছে এসেছিলেন। দুজনকেই তিনি সমর্থন করেছেন। তবে আইভী বিজয়ী হওয়ায় তিনি খুশি হয়েছেন। এ প্রসঙ্গে তিনি অস্ট্রেলিয়ায় পার্থের নারী মেয়রের সঙ্গে কথোপকথনের বিষয়টি উল্লেখ করেন। তাঁকে তিনি বলেন, ‘তুমি একজন নারী মেয়র। আমার দেশেও একজন নারী মেয়র হতে যাচ্ছে।’আক্কেল গুড়ুম হয়ে যাওয়ার মতো অবস্থা না? পার্থের নারী মেয়রের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর কথা হয়েছে নির্বাচনের তিন-চার দিন আগে। সেদিনই অথবা সম্ভবত তার আগেই তিনি জানতেন, সেলিনা হায়াৎ আইভী জিতবেন। তাহলে তিনি শামীম ওসমানকে বসে যেতে বললেন না কেন? যে সময়কার কথা আমরা আলোচনা করছি, তখন কি বোঝা গিয়েছিল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি গণক নন। কবে তিস্তার পানি নিয়ে চুক্তি সই হবে, তা তিনি বলতে পারেন না। বর্তমান মন্ত্রিসভায় বা সরকারে কিংবা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এমন কেউ আছেন, যিনি গণক? বলে দিতে পারেন, বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে, কোন নির্বাচনে নেবে না? কোন নির্বাচনে প্রার্থী দিয়ে একেবারে শেষ মুহূর্তে প্রত্যাহার করবে? তাই কি হয়? রাজনীতি কোনো জাদুবিদ্যা বা গণকশাস্ত্র নয়। এটা সব সময় একটি সম্ভাব্য সমাজবিজ্ঞান। সেটা সবাই বিশ্লেষণ করার চেষ্টা করেন। সেভাবে মাননীয় প্রধানমন্ত্রীও একটি বিশ্লেষণ দাঁড় করাতেই পারেন। তাঁর বিচারে যদি আইভীর বিজয় সম্ভাবনা প্রায় নিশ্চিত ছিল, তার পরও শামীম ওসমানকে তিনি সমর্থন করেন কীভাবে?প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকলাম। যে প্রতিবেদনটির কথা আমি উল্লেখ করেছি, তার ওপর পাঠকদের মতামত পড়ে দেখলাম। ৮৩ জন পাঠক এর ওপর মতামত পাঠিয়েছেন। চার-পাঁচজন পাওয়া যেতে পারে, যাঁরা প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ঘুরেফিরে সমর্থন করেছেন। আর সবাই বিরূপ মন্তব্য করেছেন।গত ৩১ অক্টোবর প্রথম আলোয় আমি বলেছিলাম, ‘আজ থেকেই দেখবেন, আওয়ামী লীগ কী করে সুর পাল্টাতে শুরু করে। একেকজন একক রকম করে ব্যাখ্যা দিতে শুরু করবেন। ভেতরে ভেতরে কে, কীভাবে আইভীকে সমর্থন দিয়েছিলেন, তা নিয়ে হরেক রকম কেচ্ছাকাহিনি শুনবেন। তিনি যাতে জয়ী হতে পারেন, সে জন্য তাঁরা কত রকম কৌশল করেছেন। হয়তো ইনিয়ে-বিনিয়ে বলা হবে, নেত্রীর খুব ইচ্ছা ছিল, আইভীকে সমর্থনদানের। কিন্তু অজ্ঞাত বিবিধ কারণে দিতে পারেননি।’এ লেখাটা এখানে উদ্ধৃত করলাম কেবল এ কারণে যে, ওয়েবসাইটে পাঠকদের মন্তব্যে চোখে পড়ল মো. ইব্রাহিমের কথা। তিনি বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম, আইভী জিতলে মাননীয় প্রধানমন্ত্রী এটাই বলবেন। এতই যদি খুশি হবে তাহলে...!’অন্য মন্তব্যগুলো পড়লে দেখা যাবে, তাঁরা সবাই প্রধানমন্ত্রীর এ মন্তব্যে কষ্ট পেয়েছেন। কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সুশান নামে একজন লিখেছেন, ‘আমাদের পলিটিশিয়ানরা কি পাল্টাবেন না?’এর আগে আমি প্রথম আলোয় দুটো লেখা লিখেছি নারায়ণগঞ্জ নির্বাচনের ওপর। দু-একটা টক শোতে কথাও বলেছি। আমাকে পছন্দ করেন এ রকম অনেকে বলেছেন, আপনার দল কী ভাবছে? প্রধানমন্ত্রী কি রেগে যাচ্ছেন না আপনার ওপর? পাঠক, একজন নেত্রী যখন প্রধানমন্ত্রী, তখন তিনি সমালোচনার ঘেরাটোপের মধ্যেই থাকেন। সরকারের সমালোচনা হবে আর সরকারপ্রধানের গায়ে তার আঁচও লাগবে না, তা কি হয়? কিন্তু আমি—দল করি বলেই নয়, ব্যক্তিগতভাবেই—মনে করি, প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলের নেত্রী দুটি ইনস্টিটিউশন। তাঁরা ছোট হলে আমাদের রাজনীতিও ছোট হয়ে যায়। আমি আমার লেখায় বা বলায় কোথাও তাঁদের ছোট করার চেষ্টা করি না। এই একটু ওপরে যে লেখা উদ্ধৃত করলাম, সেখানেও আমি সরাসরি প্রধানমন্ত্রীর কথা বলিনি। স্তাবক, তাঁবেদার, চামচাদের কথা বলেছি। কয়েক দিন আগে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় শেখ হাসিনা চীন সফরের সময় মন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় তাঁর আহ্বানে নেতাদের (পুনরায় নাম উল্লেখ করা সমীচীন মনে করছি না) দৌড়ের কথা উল্লেখ করেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একজন ব্যক্তিগত সহকারী আমাকে বলছেন, তিনি নিজের চোখে দেখেছেন, বেগম জিয়া সোফায় বসে টেবিলের ওপর পা তুলে রেখেছেন আর বিএনপির এক সিনিয়র মহিলা নেতা তাঁর পায়ের মোজা পরিয়ে দিচ্ছেন এবং অপর এক নেত্রী জুতা হাতে দাঁড়িয়ে আছেন। আমি সেই চামচাদের কথা বলেছিলাম। কিন্তু প্রথম আলো লিখেছে—সূত্র জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন দুজনকেই সমর্থন করেছেন। সে জন্যই এ কথাগুলো বললাম, তা না হলে শামীম ওসমানকে সমর্থন দেওয়া নিয়ে আওয়ামী লীগ যে নাটক করল, তা দলটির সাংগঠনিক নৈরাজ্য ও স্বেচ্ছাচারের কথা বলে মাত্র। যা-ই হোক, আমি খুশি হয়েছি প্রধানমন্ত্রী অবশেষে ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাছে টেনে নিয়েছেন, তাঁকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেলিনা হায়াৎও বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে নেমেছিলেন, জেতার পরে আবার তাঁরই দোয়া নিয়ে কাজে ফিরে যাচ্ছেন। আজকাল দেখছি বেশ পরিবর্তন হয়েছে। গণতান্ত্রিক রাজনীতিতে এখন দাওয়ার বদলে দোয়া চালু হয়েছে। ভালোই লেগেছে একটা হাসি-খুশি আনন্দঘন পরিবেশ গণভবনে ছিল। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান ও জেলা আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আমি খুব বেদনার সঙ্গে লক্ষ করলাম, একজন মানুষ সেখানে উপস্থিত ছিলেন না, যাঁর কথা মিডিয়ার লোকও ভাবেননি। পাঠক, আমি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরামের কথা বলছি। ১ নভেম্বর প্রথম আলোর প্রথম পাতায় যে একটি কলামে আইভীর বিজয়ে প্রধানমন্ত্রীর খুশির কথা ছাপা হয়েছে, ঠিক তার পাশের একটি সংবাদে বলা হয়েছে, আওয়ামী লীগ ছাড়লেন এস এম আকরাম। সাবেক সাংসদ এবং অতিরিক্ত সচিব এস এম আকরাম দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোন প্রক্রিয়ায়, কীভাবে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একজন প্রার্থীকে সমর্থন দিলেন, তা তাঁর কাছে রহস্যাবৃত। তিনি মনে করেন, জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনার কথা চিন্তা করে তিনি জেনেশুনেই আইভীকে সমর্থন দিয়েছিলেন। তাঁর সিদ্ধান্ত যে ভুল হয়নি, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং তাঁর সমর্থিত প্রার্থীই জয় পেয়েছেন। তাঁর মতে, নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভীর ভাবমূর্তি অনেক ভালো। কিন্তু নির্বাচনে সমর্থন করা হলো শামীম ওসমানের মতো একজন লোককে। তাঁকে সমর্থন জানাতে কেন্দ্র থেকে অনেক নেতা এসেছেন। কেউ তাঁর সঙ্গে এ বিষয়ে পরামর্শ করার কথা চিন্তাও করেননি। তিনি এ জন্য অত্যন্ত মর্মাহত। শামীম ওসমানকে সমর্থনের বিরোধিতা করে এস এম আকরাম বলেন, ‘অনিয়মতান্ত্রিক ও শিষ্টাচার-বহির্ভূতভাবে দলের যে সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, তার বিরুদ্ধাচরণ করে আমি নৈতিকভাবে দলের সদস্য থাকার অধিকার হারিয়ে ফেলেছি। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’এস এম আকরাম নৈতিক ও সাংস্কৃতিক বোধ থেকে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর এই পদত্যাগে এমনকি আইভীও বিস্মিত হয়েছেন। কারও সঙ্গেই কোনো আলোচনা করেননি জনাব আকরাম। সাধারণত আলোচিত রাজনৈতিক সংস্কৃতির কেউ এমন করেন না। কিন্তু ৭৩ বছর বয়স্ক আকরাম এই রাজনীতির ট্র্যাডিশনে বিশ্বাস করেন না। বিশ্বাসে প্রচণ্ডভাবে চোট খেয়েছে। তিনি বলেছেন, সমর্থনদানের প্রক্রিয়ায় কেউ তাঁকে গোনায় নেননি। অপমানটা হজম করে, দাঁতে দাঁত চেপে নিজের বিশ্বাস নিয়ে নির্বাচনে আইভীর পক্ষে কাজ করেছেন; অতঃপর নির্বাচন শেষে সব প্রক্রিয়ার বিরোধিতা করে আত্মসম্মান বোধসম্পন্ন আকরাম পদত্যাগ করেছেন। ব্রাভো এস এম আকরাম! আসলে সৎ, সাহসী রাজনীতির আইকন আপনি। প্রধানমন্ত্রীর উচিত এরপর আপনাকে ডেকে নেওয়া। গণভবনের পাদপ্রদীপের আলোয় আপনি না থাকুন, আপনি আমার মনের মণিকোঠায় রইবেন।মাহমুদুর রহমান মান্না: রাজনীতিবিদ ও কলাম লেখক।