আইলার পরিত্যক্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর পার হতে চললেও উপকূলের দুর্গত লোকজনের জীবনে আইলার ক্ষত এখনো জলজ্যান্ত। প্রায় ৫০ লাখ মানুষের জীবন এখনো স্বাভাবিক নয়, খাদ্য-পানি-আশ্রয় ও চিকিৎসার অভাবে লাখ লাখ মানুষ এখনো ধুঁকছে। অথচ এক বছর ধরে সরকারের উদ্যোগ দায়সারা আর আন্তর্জাতিক সংস্থাগুলো উদাসীন। পরিকল্পনা আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ। আইলার ক্ষতিগ্রস্ত লোকজন যেন সভ্যতার কিনারে বাস করা পরিত্যক্ত জনগোষ্ঠী।৪৮ হাজার পরিবারকে গৃহনির্মাণ বাবদ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। গতকাল শনিবারের প্রথম আলোর সংবাদ হলো, সহায়তা দেওয়া হবে বেড়িবাঁধ নির্মাণের পর। আইলার আঘাতে ১৬৬ কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ পুনর্নির্মাণ না হওয়ায় ১০ মাস ধরে লাখ লাখ মানুষ সমুদ্রের জোয়ারের সামনে সম্পূর্ণ অরক্ষিত রয়েছে। পরিহাস কেমন, আরেকটি শুকনো মৌসুম পেরিয়ে যাওয়ার পর এখন সরকার জানাচ্ছে, আগামী এপ্রিল থেকে বাঁধ নির্মাণ শুরু হবে। কাণ্ডজ্ঞান বলে, বর্ষার আগে এত দীর্ঘ বাঁধ নির্মাণ শেষ হবে না আবার বাঁধ তৈরি না হলে ঘরবাড়ি বানানোর সাহায্যও মিলবে না। আসন্ন বর্ষায় নিরাশ্রয়ী লাখ লাখ মানুষকে কি তবে লোনাপানি পরিবেষ্টিত অবস্থায় সমুদ্রের জোয়ার আর জলোচ্ছ্বাসের হুমকির মধ্যেই দিনাতিপাত করতে হবে? এ দীর্ঘসূত্রতা দায়িত্বহীনতারই আরেক নাম। স্থানীয় জনগণ এবং বিশেষজ্ঞ মহল বেড়িবাঁধগুলো ভেঙে যাওয়ার জন্য বাঁধ কেটে চিংড়িঘেরের জন্য লোনাপানি আনাকে দায়ী করেছে। আইলার পর নতুন ঘেরের জন্য আংশিকভাবে মেরামত করা বাঁধগুলোও ধ্বংস হয়। অথচ আবারও বাঁধ মেরামতের আগেই সরকারের তরফে চিংড়িঘেরের মালিকদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশ্রয়হীনদের আশ্রয় আগে, না চিংড়িঘের আগে? এর কারণ কি এই যে অধিকাংশ ঘেরমালিক প্রভাবশালী এবং বিত্তবান আর আইলা-দুর্গতরা দুর্বল ও দরিদ্র? সজ্ঞানে করা ভুল আর অপরাধের মধ্যে কোনো পার্থক্য নেই।আইলা-পুনর্বাসন সময়ের কাজ সময়ে না করার এক নির্মম উদাহরণ। ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অবর্ণনীয় দুর্ভোগ আমরা আর দেখতে চাই না।