প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছে, তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া যাবে না। হয়তো পুরো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, কিন্তু বেশির ভাগ প্রশ্ন যে মিলে যাচ্ছে, তা কি অস্বীকার করা যায়?
মূল প্রশ্নের সঙ্গে নমুনা প্রশ্নের বেশ কিছু যদি মিলে যায়, তাহলে ফাঁস হওয়ার বাকি থাকল কী? এটা পরিষ্কার যে প্রশ্নপত্র তৈরি, ছাপানো ও বিতরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কেউ কেউ হয়তো কিছু মিশেল দিয়ে নমুনা প্রশ্নের আকারে এসব অপকীর্তি করে চলেছে। তাদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এখন জরুরি কর্তব্য।
কোমলমতি শিক্ষার্থীরা যদি জীবনের শুরুতেই এভাবে ফাঁস হওয়া প্রশ্নের খপ্পরে পড়ে, তাহলে পুরো জাতির ভবিষ্যৎই তো অন্ধকারে ছেয়ে যাবে। একশ্রেণির অপরাধী শিক্ষার্থীদের প্রলোভনের ফাঁদে ফেলে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, আর মন্ত্রণালয় বলতে গেলে প্রায় নীরব দর্শক! প্রশ্ন ফাঁসের সুনির্দিষ্ট প্রমাণ নেই, এমন অজুহাতে তারা হাত-পা গুটিয়ে বসে আছে। অথচ ঘটনার পর ঘটনা ঘটেই চলেছে; হতাশা গ্রাস করছে সবাইকে।
সামাজিক মাধ্যম ফেসবুক ও মুঠোফোনে যারা প্রশ্ন প্রচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো জঘন্য অপরাধ করে কি কেউ পার পেতে পারে? বিদ্যমান আইসিটি আইনেই তো তাদের ধরে সাজা দেওয়া যায়। অন্তত দু-চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেও তো অপরাধ দমন সহজ হয়।
সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। উপজেলা এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত সবকিছু তাদের নখদর্পণে। এই নেটওয়ার্ক ব্যবহার করে নজরদারির মাধ্যমে সহজেই প্রশ্ন ফাঁস চক্রকে ধরা সম্ভব।
এই ভয়াবহ অপরাধ সমাজে চলতে দেওয়া যায় না। মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষক-অভিভাবক সবাইকে সক্রিয় হতে হবে। প্রশ্ন ফাঁসকারীদের পুলিশে ধরিয়ে দিন। মুঠোফোন কোম্পানিগুলোরও দায়িত্ব রয়েছে, তারা খুদে বার্তায় প্রশ্নপ্রেরকদের ধরিয়ে দিতে সাহায্য করতে পারে। পুলিশের গোয়েন্দা বিভাগ সক্রিয় হলে প্রশ্ন ফাঁস চক্রকে বের করা কঠিন হবে না। পুলিশ প্রমাণ করুক যে তারা সত্যিই দক্ষ।