আওয়ামী লীগের অভ্যন্তরে গণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখের বিষয় যে প্রায় এক দশকের অচলাবস্থা কাটিয়ে ঠাকুরগাঁওয়ের সাংগঠনিক জেলা নেতৃত্ব নির্বাচন প্রশ্নে কেন্দ্রীয় নেতারা গোড়াতে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেননি। কারণ, তারা সমঝোতা করে অর্থাৎ ওপর থেকে চাপিয়ে দেওয়া একধরনের পকেট কমিটি গঠনে নেতা-কর্মীদের রাজি করাতে সচেষ্ট হয়েছিলেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীকেই হস্তক্ষেপ করে গোপন ব্যালটে নেতা নির্বাচনের সিদ্ধান্ত দিতে হয়েছে। যদিও এ পর্যন্ত কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ জেলা কমিটি হলো ৭১ সদস্যের। এটা অসত্য নয় যে ৭১টি পদেই গোপন ব্যালটে ভোটাভুটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তা সত্ত্বেও গোপন ব্যালটেই পুরো কমিটি হওয়া উচিত। তৃণমূলে গণতন্ত্রচর্চার অব্যাহত ঘাটতি জাতীয় রাজনীতির ওপর বিরাট নেতিবাচক প্রভাব ফেলছে।

 ঠাকুরগাঁওয়ের পথ অনুসরণ করে প্রতিটি জেলা–উপজেলায় গোপন ব্যাল​েটই আওয়ামী লীগের কমিটি নির্বাচন হওয়া উচিত। এ জন্য সারা দেশের দলীয় নেতা-কর্মীদের জন্য এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব একটি পরিষ্কার নীতি ঘোষণা করতে পারে। দলটির সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও সম্মেলনে যোগদান করলেও তাঁরা কিন্তু নেতা-কর্মীদের মনের ভাষা পড়তে সক্ষম হননি। তাঁদের অধিবেশনস্থল ত্যাগ-পরবর্তী দীর্ঘ বাগ্‌বিতণ্ডার পরে গোপন ব্যালটে ভোটাভুটি হয়। ঠাকুরগাঁওয়ে গণতন্ত্রের যে দৃষ্টান্ত স্থাপিত হলো, সেটা সর্বত্র অনুসরণীয় হোক।