আওয়ামী দুর্গের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি ঘটেছে। শুধু তা-ই নয়, বিএনপি যে নিরঙ্কুশ জয় পেয়েছে তা-ও নয়, এক হাজার ৩৮৯টি ভোট পেয়ে একজন জামায়াতি আইনজীবীও নেতা নির্বাচিত হয়েছেন। তিন হাজার ২০৩ জন আইনজীবী ভোট দিয়ে ক্ষমতাসীনদের জন্য ১৪টি আসনের মধ্যে মাত্র একটি সদস্যপদ বরাদ্দ করেছেন। শাহবাগ আন্দোলনের পটভূমিতে আওয়ামী প্যানেল সর্বোচ্চ আদালতের আঙিনায় এভাবে ভেসে গেল কেন? দলীয় কোন্দল এড়িয়ে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ প্যানেল দেওয়া কি অসম্ভব ছিল? এটা বিচার বিভাগ ও আদালতের পরিবেশ দলীয়করণের প্রতি অনাস্থা কি না?আওয়ামী আইনজীবীদের তীব্র অন্তর্দ্বন্দ্ব এত বড় বিপর্যয়ের মুখ্য কারণ। বার কাউন্সিল নির্বাচনেও তাঁদের কোন্দল স্পষ্ট হয়। আইনজীবী সমন্বয় পরিষদ দীর্ঘকাল লীগ ও বাম ঘরানার আইনজীবীদের প্রভাবে চলছে। একে ঘিরে একটি নাটকীয় ঘটনা ঘটে। সম্ভবত গত বছরের নভেম্বরের একদিন সুপ্রিম কোর্ট চত্বরে সবাই দেখেন, বাইরে সাজেদা চৌধুরী আর ভেতরে সাহারা খাতুন। সুপ্রিম কোর্টকেন্দ্রিক আওয়ামী রাজনীতি মোটামুটি দুই ভাগে বিভক্ত। বাসেত মজুমদারের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বনাম সাহারা খাতুনের আওয়ামী আইনজীবী পরিষদ। এই দুইয়ের টানাপোড়েন পুরোনো। বাসেত মজুমদার সমন্বয় পরিষদ নতুন করে গড়ে তোলার দাবি থেকে গোল বাধে।ওই দিন সাজেদা চৌধুরীর উপস্থিতিতে বঙ্গবন্ধুর এক ‘স্মরণসভায়’ বাসেত মজুমদার নিজেকে আহ্বায়ক করে সমন্বয় পরিষদের একটি ‘স্বঘোষিত কমিটি’ গঠন করেন। একই দিনে সাহারা খাতুনকে দেখা যায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে। সেখানে কার্যত গঠিত হয় সমন্বয় পরিষদের পাল্টা কমিটি। সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি সাহারা খাতুন ও মোমতাজ উদ্দিন মেহেদীকে সদস্যসচিব করা হয়। এই মতানৈক্য চলমান থাকতে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মতিন খসরু, আমীর-উল ইসলাম প্রমুখ। জানামতে, এই প্রতিনিধিদল হতাশ হয়ে ফিরে আসে। প্রধানমন্ত্রী তাদের যথাযথ গুরুত্ব দেননি। এ ঘটনায় কোন্দলে বাতাস লাগে, বিভ্রান্তি বাড়ে।এ রকম প্রেক্ষাপটে মতিন খসরুকে সভাপতি এবং বিদায়ী কমিটির নেতা মেহেদীকে পুনরায় সম্পাদক প্রার্থী করে আওয়ামী লীগের প্যানেল নির্বাচনী মাঠে নামে। কিন্তু নির্বাচনের ঠিক আগে হঠাৎ এই প্যানেল নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। বাসেত মজুমদার সভাপতি এবং রবিউল আলম বুদুকে (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা) সম্পাদক প্রার্থী করে আওয়ামী লীগের নতুন প্যানেলের আবির্ভাব ঘটে। আইনমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দূত হিসেবে বাহাউদ্দিন নাছিম দুই প্যানেলের মধ্যে একটি ঐক্যের চেষ্টা চালান। আদালত চত্বরে দূতের উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। মেহেদী বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী বাছেত-মেহেদী প্যানেলে সম্মত ছিলেন। কিন্তু সাবেক সভাপতি-সম্পাদকদের সমর্থিত বুদুকে বাদ দিয়ে মেহেদীকে নিতে মজুমদার রাজি হননি। বুদুও ছিলেন অদম্য। অন্যদিকে খসরু-বুদু প্যানেলের প্রস্তাবেও রাজি হননি বাসেত মজুমদার। বিএনপির আলী-খোকন প্যানেল তুলনামূলক বিচারে অধিকতর যোগ্যদের (অবশ্যই নৈতিকতার প্রশ্নে নয়) নিয়ে গঠিত হয়। এ জে মোহাম্মদ আলী এক-এগারোতে গণমাধ্যমে আলোচিত। তাঁর একটি অসাংবিধানিক ও নজিরবিহীন ‘দৌড়’ অবিস্মরণীয়। তিনি আমাদের সেই অ্যাটর্নি জেনারেল, যিনি একটি অবৈধ আদেশে সই করাতে প্রধান বিচারপতির বাসভবনে ছুটে গিয়েছিলেন। এবং প্রধান বিচারপতির সেই বিতর্কিত আদেশের কারণে এক-এগারো সৃষ্টির পথ সুগম হয়। সুপ্রিম কোর্টে দাঙ্গা বাধে। বিএনপির ইঙ্গিতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টা পদে আসীন হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দেওয়া রিট মুখ থুবড়ে পড়ে। সংকটকালে বিচার বিভাগের দ্বারা প্রতিকার লাভের একটি ঐতিহাসিক সুযোগ আমরা হাতছাড়া করেছি।ভালো আইনজীবী হিসেবে জনাব আলীর সুনাম আছে। পারিবারিক ঐতিহ্য আছে। এ জে মোহাম্মদ আলীর পিতা এম এইচ খন্দকার একজন জাঁদরেল আইনজীবী ছিলেন। স্বাধীনতাযুদ্ধে মোহাম্মদ আলীর ভাই শহীদ হন। বঙ্গবন্ধু তাঁর পিতাকে দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল করেছিলেন। জনাব খন্দকার ১৯৬৪-৬৫ সালে বারের সভাপতি ছিলেন। সুতরাং আমরা নতুন সভাপতির কিছুটা সমালোচনা করছি। আবার নির্বাচিতদের অভিবাদনও জানাচ্ছি। তবে আমরা ২০০৬ সালে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল দ্বারা বিচারের ভ্রূণ হত্যার প্রতিকারের আশায় ছিলাম। এখনো আছি এবং থাকব। বাসি সেনাশাসনকে অবৈধ বলে সুপ্রিম কোর্ট কৃতিত্ব দাবি করলেন। আমরা তাঁকে বাহবা দিলাম। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁর বিচারবহির্ভূত বাসি ফরমানকে অবৈধ ঘোষণা দিতে কার্পণ্য করলেন। দুটোর মধ্যে একটা তফাত এই যে, একটিতে শাসক দলের স্বার্থ ছিল, অন্যটিতে ছিল না। এটা পরিহাস যে, সেই বিতর্কিত ফরমানের অনুঘটক আজ বিপুল ভোটে জয়ী। তিরস্কারের পরিবর্তে পুরস্কার দিতে আমাদের সময় লাগেনি। তিনি অবশ্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও বনে গেছেন। বারের সম্পাদক হয়েছেন বিএনপিরই সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন, দলীয় রাজনীতিতে যাঁর সদর্প পদচারণ। জোট সরকারের সঙ্গে পাল্লা দিয়ে সরকার গত চার বছরে বিচারাঙ্গন দলীয়করণ করেছে। বিচারাঙ্গনের সার্বিক পরিবেশকে তারা ক্ষেত্র বিশেষে ভারাক্রান্ত করেছে। সাধারণ আইনজীবীরা এতে বিস্মিত, কখনো প্রায় বিপন্ন বোধ করেছেন। বারের দলীয় লেজুড়সর্বস্ব নির্বাচনে তার একটা প্রতিক্রিয়া দেখানো হয়েছে। অবশ্য কোন্দল না থাকলে আমাদের আওয়ামী লীগ দুর্গের এমন অভাবনীয় পতন দেখতে হতো না। গত রাতে জনাব মজুমদার স্বীকার করেন, সমন্বয় পরিষদের নেতৃত্বের কোন্দলে বারের ইতিহাসে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে।মিজানুর রহমান খান: সাংবাদিক। [email protected]