আওয়ামী লীগ ও বিএনপিকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপিকে শোকজ করার সুযোগ নির্বাচন কমিশনের হাতছাড়া করা উচিত হবে না। কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনাকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা নতুন কিছু নয়। দুই নেত্রী সময় সময় এ ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। কিন্তু কখনোই তাঁরা এমন কোনো উদ্যোগ নেননি, যাতে এর পুনরাবৃত্তি বন্ধ হতে পারে।সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁরা অবশ্য দায় ঠেকে দুটি বিষয় মেনে নিয়েছিলেন। এর একটি হলো, তাঁদের দলীয় গঠনতন্ত্রে লেখা থাকবে শিক্ষক-ছাত্র বা পেশাজীবী সংগঠনগুলো স্বাধীনভাবে সংগঠিত হবে, তারা স্বাধীনভাবে সকল প্রকার গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার চর্চা ও প্রয়োগ করবে। কিন্তু আইনের বিধানাবলি মেনে তাঁরা ব্যক্তি হিসেবে রাজনৈতিক দলের খাতায় নাম লেখাতে পারবেন। এই বিধানের কারণে দুই প্রধান দল বিরাট অস্বস্তিতে পড়ে। অঙ্গ বা সহযোগী কোনোভাবেই এসব সংগঠনকে নির্বিচারে দলের লেজুড় হিসেবে ব্যবহারের আইনগত পথ বন্ধ হয়ে যায়। অনিচ্ছুক ঘোড়াকে যেমন নদীর ঘাটে টেনে নেওয়া যায় কিন্তু পানি খাওয়ানো যায় না, তেমনি দুই প্রধান দলকে নির্বাচন কমিশন তাদের বদভ্যাস পাল্টাতে পারেনি। দল দুটি এ বিষয়ে তাদের দলীয় গঠনতন্ত্রে নির্বাচনী আইনের পরিপন্থী বিধিবিধান প্রবর্তনে ব্যাকুল হয়ে পড়ে। এর আগে এ টি এম শামসুল হুদার কমিশন কিছু উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি। বর্তমান পুনর্গঠিত ইসি অতিশয় নির্বিকার। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন ও সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের সঙ্গে আলাপ করে স্পষ্ট ধারণা পেলাম, এই বিধান মানতে দুই বড় দলের অনীহা খুবই তীব্র।২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধনব্যবস্থায় আরেকটি নতুন বিধান যুক্ত করা হয়, যা অনুসরণ করা হলে জন এফ কেনেডি বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিএনপি শাখার এমন অসৌজন্যমূলক তৎপরতা দেখতে হতো না। গণপ্রতিনিধিত্ব আদেশ বলছে, ‘দলের গঠনতন্ত্রে দেশের ভৌগোলিক সীমার বাইরে কোনো দপ্তর, শাখা বা কমিটি গঠন এবং পরিচালনার বিধান থাকতে পারবে না।’ কিন্তু বাস্তবে দুই দলই এটা লঙ্ঘন করছে। বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে সহজেই দুই দলের প্রবাসী সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব। তবে এ জন্য ইসিকেই উদ্যোগী হতে হবে। সুশীল সমাজের সঙ্গে সাম্প্রতিক সংলাপে ইসি বিষয়টি তুলতে পারত। কিন্তু তাদের মেরুদণ্ড সোজা নয়।নির্বাচনী আইনে উক্তরূপ বিধান রাখার অর্থ ছিল, কোনো রাজনৈতিক দল বিদেশে তাদের কোনো দপ্তর, শাখা বা কমিটি রাখতে পারবে না। পরিচালনার তো প্রশ্নই আসে না। কিন্তু ধারণা করা যেতে পারে, প্রধান রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহের অন্যতম উৎস হলো প্রবাসীদের সংগঠনগুলো। এ নিয়ে দলাদলি, রেষারেষি অন্তর্দ্বন্দ্ব, মারপিট অহরহ ঘটে থাকে। যুক্তরাজ্যে আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বের কোন্দল কী পরিস্থিতির সৃষ্টি করতে পারে, সেটা আমরা সম্প্রতি জাতীয় সংসদে তোফায়েল আহমেদের বক্তৃতায় লক্ষ করেছি। একজন বিচারপতির আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এমন দুর্ভাগ্যজনক ঘটনার হয়তো জন্মই নিত না, যদি না আওয়ামী লীগ যুক্তরাজ্যের মতো দেশে তাদের দলের আইনজীবী সংগঠন রাখার প্রয়োজন অনুভব করত। বস্তুত এ ধরনের তথাকথিত শাখা, উপশাখা, দলীয় কোন্দল ও উপদলীয় কোন্দলে এত বেশি খারাপ ভূমিকা রাখে, যা বিবেচনায় নিয়ে সহজেই বলা যায়, নির্বাচন কমিশন কঠোর না হলে কেনেডি বিমানবন্দরে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজের সইয়ে ছাত্রদলের কমিটি করেছেন। এর আগে যুক্তরাজ্যের বিএনপি শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। কিছুদিন আগে শ্রমিক লীগের কমিটি ঘোষণা করলেন মাহবুব উল আলম হানিফ। প্রতিটি ঘটনাই গণপ্রতিনিধিত্ব আদেশের যথাক্রমে ৯০ খ এবং ৯০ গ ধারার লঙ্ঘন। অথচ ইসি লাজলজ্জার মাথা খেয়ে ঘাপটি মেরে আছে। কথা বলছে না। এ থেকে তাদের মুরোদ বোঝা যায়। নির্বাচন কমিশন ভোটার তালিকার হালনাগাদকরণ, সীমানা পুনর্বিন্যাস ইত্যাদি কাজ ছাড়া আর কোনো কাজকে আদৌ কাজ বলে মনে করে কি না, সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। নির্বাচন কমিশনাররা অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলতে নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে শান্তিতে ফলাফল ঘোষণার পর্বটুকু ছাড়া এর বাইরে আর কিছু ভাবেন, সেটা আমরা তাঁদের সার্বিক কার্যক্রম বিবেচনায় নিলে বলতে পারি না। দুই বড় দল সম্প্রতি তাদের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে। এ-সংক্রান্ত তথাকথিত নিরীক্ষা প্রতিবেদনের গোপনীয়তা রক্ষার শপথ কোনো নির্বাচন কমিশনার গ্রহণ করেননি। অথচ তাঁরা বাস্তবে আমাদের তেমনটাই ধারণা দিয়ে চলেছেন। এসব নিয়ে আইনত যথা পদক্ষেপ গ্রহণ দূরে থাক, বিনা পয়সায় কিছু কথামালা উপহার দেওয়ারও তাঁরা প্রয়োজন অনুভব করছেন না।ইসি দুই দলকে কারণ দর্শাও নোটিশ দিতে পারে। আসলে ‘সহযোগী সংগঠন’ নিয়ে তারা তাদের গঠনতন্ত্রে যা করেছে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত। দুই দলের এ-সংক্রান্ত বিধিবিধান দেখে শুধু বলব, এটা প্রতারণা। তাদের গঠনতন্ত্রে এ-সংক্রান্ত বিধানাবলি নির্বাচনী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এর বিরুদ্ধে জনস্বার্থে রিট হওয়া উচিত। কারণ ছাত্র, শ্রমিক ও পেশাজীবীদের দলীয় হীন স্বার্থে ব্যবহারের রাজনীতি আমাদের নির্দলীয় তত্ত্বাবধায়কসর্বস্ব রাজনীতির অবর্তে ঘুরপাক খাওয়াচ্ছে। শুনলাম, দুই বড় দল চাপ দিয়ে দলের গঠনতন্ত্রের ওই পরিবর্তন ইসিকে মানতে বাধ্য করেছে। ‘এটা ছিল আপনাদের অসহায় আত্মসমর্পণ? উত্তরে এম সাখাওয়াত ঈষৎ বিব্রত। তবে জোর দিয়ে বললেন, বর্তমান কমিশনের উচিত এটা নতুন করে তোলা। আমরা আসলে সাধারণ নির্বাচনের আগে বুঝতে চাই, এই নির্বাচন কমিশনের মুরোদ কতটা আছে। তাদের স্বাধীনতা কোনো অলীক বিমূর্ত চিত্র নয়। এটা ধরাছোঁয়ার বাইরে নয়। আমরা এটা ধরতে চাই, ছুঁতে চাই আর সে কারণেই আশা করি, নির্বাচন কমিশন শুধু ভোটের বাক্সের মধ্যে আমাদের রাজনীতিকদের মতো যেন সব আকর্ষণ বোধ না করে। তাদের বোধের নবজাগরণ চাই।মিজানুর রহমান খান: সাংবাদিক। [email protected]