সাবেক কালে কেউ লাখপতি হলে ‘লাখের বাতি’ জ্বালিয়ে জানান দিতেন তাঁর ‘উন্নতি’র কথা। এই কালের ধনপতিদের কেউ কেউ ৩০ হাজার মানুষকে ভোজ খাইয়ে জানান দেন তিনি কিছু একটা হয়েছেন। জয়পুরহাটের আক্কেলপুর কৃষক লীগের আহ্বায়ক জিয়াউল হক নিজ এলাকায় এমন এক ভোজের আয়োজন করে আলোচিত হয়েছেন। খবরে প্রকাশ, এই মহাভোজে তাঁর ব্যয় হয়েছে অর্ধকোটি টাকা। আলোচনার পাশাপাশি প্রশ্নও উঠেছে, অকাতরে যিনি অর্ধকোটি টাকা গণভোজে ব্যয় করলেন, তাঁর সম্পদের উৎস, পরিমাণ ও প্রকৃতি কী?
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই ভোজে লেগেছে ২২টি গরু, ৮টি খাসি, ১০০ মণ চাল, ১০০ মণ আলু ও ৮০ মণ মাছের তরকারি। জানা যায়, বাড়তি অতিথিদের জন্য আরও ১০ মণ চাল ও ৫ মণ মাংসও ‘খরচ’ হয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদদের ভোটার টানতে বেশি খরচ করতে দেখা যায় নির্বাচনের সময়। উল্লেখ্য, জিয়াউল হক গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ছিলেন। পরে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু কৃষক লীগ নেতা জিয়াউল হকের আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা এলাকাবাসী অবগত বলে জানানো হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষকে ‘অতিথি’ করার ঘটনা তাই অরাজনৈতিক বলে ভাবার কারণ নেই। ‘বাঙালির শীতকালীন উৎসব ও প্রীতিভোজ’ নাম দিয়ে জিয়াউল হক যা করেছেন, নিঃসন্দেহে তা তাঁর রাজনৈতিক বিনিয়োগ।
জিয়াউল হকের কাজ জিয়াউল হক করেছেন, এখন দুদকের কাজ হলো তাঁর এই ‘মহানুভবতার’ আর্থিক ভিত্তিটা কী, সেটা তদন্ত করে দেখা। তিনি কি বৈধ পথে এই অর্থ উপার্জন করেছেন? নাকি অন্য কোনো উপায়ে এই অর্থ সংগ্রহ করেছেন। তিনি কি তাঁর আয়কর যথাযথভাবে দিয়েছেন? জাতীয় রাজস্ব বোর্ডও কি তাঁর আয়কর নথি খতিয়ে দেখবে? নাকি তা রাজনৈতিক বিবেচনায় এড়িয়ে যাওয়া হবে?
সুষ্ঠু রাজনীতি ও স্বচ্ছ নির্বাচনের শর্ত হলো রাজনীতিকদের অর্থ ব্যবহারকেও সুষ্ঠু ও স্বচ্ছ রাখা। জনপ্রিয়তা ক্রয়ের জন্য কালোটাকা ব্যবহার করা হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজনৈতিক উদ্দেশ্যে অবৈধ সম্পদের ব্যবহারও দুর্নীতি। জিয়াউল হকের বিষয়ে দুদক ও আয়কর বিভাগের তদন্ত করে দেখা তাই প্রয়োজনীয় কাজ।