আওয়ামী লীগ 'সুবিধাবাদী', বিএনপি কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ ও রুহুল কবির রিজভী
মাহবুব উল আলম হানিফ ও রুহুল কবির রিজভী

গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ধর্ম নিয়ে আওয়ামী লীগের অবস্থান ‘সুবিধাবাদী’। ‘সংসদ বাংলা অভিধান’-এ সুবিধাবাদী শব্দের অর্থ লেখা হয়েছে, ‘কোনো নীতির বালাই না রেখে যেদিকে সুবিধা বোঝে সেদিকে যায় এমন’; ইংরেজিতে যাকে বলা হয় অপরচুনিস্ট।
আমার ধারণা, বিএনপি নেতা ধর্ম নিয়ে আওয়ামী লীগের সুবিধাবাদিতার কথা বলে কিছুটা ছাড় দিয়েছেন, পাছে নিজের সুবিধাবাদিতার বিষয়টি না ফাঁস হয়ে যায়। রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদিতা কেবল ধর্মীয় বিষয়ে সীমিত থাকলে জনগণকে এতটা উদ্বিগ্ন হতো না। কিন্তু তাদের সুবিধাবাদিতা এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে।
প্রতিটি রাজনৈতিক দলের ঘোষিত নীতি-আদর্শ ও গঠনতন্ত্র আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা সেই নীতি-আদর্শ কতটা মেনে চলে?
বিএনপির গঠনতন্ত্রে বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক ইস্পাতকঠিন গণ-ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও গণতন্ত্র সুরক্ষিত ও সুসংহত করার কথা বলা হয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগের গঠনতন্ত্রে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তথা সব ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরণ ও অসাম্প্রদায়িক রাজনীতি এবং সমাজতন্ত্র তথা শোষণমুক্ত সমাজ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত রয়েছে।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সমর্থন আদায়ের জন্য কখনো ইসলামিক হয়ে যায়, আবার কখনো ধর্মনিরপেক্ষ, আবার কখনো নাস্তিক হয়ে যায়। সমর্থন আদায়ের জন্য যখন যেটা প্রয়োজন, তখন তারা সেটা করে।’
এর মাধ্যমে তিনি কি এ কথাই বলতে চাইছেন যে আওয়ামী লীগের গঠনতন্ত্রে যেহেতু ধর্মনিরপেক্ষতার কথা আছে, সেহেতু তারা ধর্মের কথা বলতে পারবে না। সেটি বলার এখতিয়ার একমাত্র বিএনপির আছে। যেকোনো বিষয়ে নিজেদের একমাত্র হকদার দাবি করার মধ্যে একধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা প্রকাশ পায়। গণতন্ত্র হলো ‘আমি আমার অধিকারের কথা বলব, কিন্তু অন্যের অধিকার হরণ করতে পারব না’।
এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মোসাদ ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে আখ্যায়িত করে ইসলামি দলগুলোকে এর বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ইসরায়েল বা ইহুদিদের সঙ্গে কোনো আপস হতে পারে না।’ তিনি ধর্মবাদী দলগুলোকে এখন মাঠে নামতে বলেছেন। কিন্তু তিনি ভুলে গেছেন যে ২০১৩ সালে এই ধর্মবাদীরা মাঠে নেমে কী অঘটন ঘটিয়েছিল!
রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আসলাম চৌধুরীকে নিয়ে কল্পকাহিনি প্রচার করছে। কিন্তু আসলাম চৌধুরী যে ভারতে গিয়ে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটিও কি তিনি অস্বীকার করতে চান? তাঁদের মধ্যে কী কথা হয়েছিল? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন, আসলাম চৌধুরীর ভারত সফরের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এটি তাঁর ব্যক্তিগত সফর। এমনকি তিনি ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন। পুরো বিষয়টিই যদি কল্পকাহিনি হবে, তাহলে মহাসচিবের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ল কেন?
আমরা যদি দুই প্রধান দলের গুরুত্বপূর্ণ দুই নেতার বক্তব্য বিশ্লেষণ করি, তাহলে কী দেখব? দুই দলই ধর্ম নিয়ে সুবিধাবাদী অবস্থান নিয়েছে। ২০১৩ সালে বিএনপি হেফাজতের পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ কঠোর ভাষায় তার সমালোচনা করেছিল। বিএনপি-হেফাজত-জামায়াত সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে বলেও আওয়ামী লীগ নেতারা মাঠ গরম করছিলেন। এখন আওয়ামী লীগ নেতারা রহস্যজনকভাবে হেফাজতের বিষয়ে নীরব; যেমন বিএনপি নীরব ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে আসলাম চৌধুরীর সাক্ষাতের বিষয়ে।
অর্থাৎ দুই দলই ধর্ম নিয়ে সুবিধবাদী অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ নেতারা যেমন তার ধর্মনিরপেক্ষতা শিকেয় তুলে নিজেকে ধর্মবাদী প্রমাণ করতে ব্যাকুল, তেমনি বিএনপি নেতারাও দলের জাতীয়তাবাদী চরিত্র ও চেতনা দূরে ঠেলে দিয়ে নিজেকে ধর্ম নিয়ে কথা বলার একমাত্র হকদার দাবি করছে।