আওয়ামী লীগের সহিংস কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে খুন করে কিংবা শারীরিকভাবে আঘাত করে, সে যদি শত্রু বলে বিবেচিত হয়, তাহলে বলা যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু সে নিজেই। যুবলীগ আর ছাত্রলীগও তা-ই। তারা নিজেদের এবং পরস্পরের নেতা-কর্মীদের প্রাণ সংহার করে চলেছে। আরও গুরুতর কথা হলো, তাদের সংঘাত-সংঘর্ষের বলি হচ্ছেন নিরীহ সাধারণ মানুষ, এমনকি পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত সাংবাদিকও।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে আওয়ামী লীগ ও তার প্রধান প্রতিপক্ষ দল বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩টি, নিহত হয়েছেন ১ জন, আহত ১৯০ জন। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে ৮৮টি, নিহত হয়েছেন ১৭ জন, আহত ১ হাজার ৫২ জন। ছাত্রলীগ-ছাত্রলীগ, যুবলীগ-যুবলীগ, ছাত্রলীগ-যুবলীগ, আওয়ামী লীগ-যুবলীগ, আওয়ামী লীগ-ছাত্রলীগের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে মোট ৩৫টি, মারা গেছেন ৪ জন, আহত হয়েছেন ২০৬ জন।
নতুন বছরেও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের পারস্পরিক সংঘাত ও খুনোখুনি চলছে। বছরটা শুরু হয়েছে আরও দুঃখজনক খবর দিয়ে। গত ৩১ ডিসেম্বর খুলনায় আওয়ামী লীগের একটি পক্ষ অন্য পক্ষের এক নেতাকে গুলি করলে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে এক পথচারী নারী মারা যান। আর গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় দৈনিক সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম গুলিবিদ্ধ হন এবং শুক্রবার মারা যান। নিরীহ পথচারী কিংবা কর্তব্যরত সাংবাদিক, তাঁদের এমন মৃত্যুর জবাব কী?
ক্ষমতাসীন দল ও তার অনুগামী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে যাঁরা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তাঁরা দৃশ্যত আইনের ঊর্ধ্বে উঠে গেছেন। নইলে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্রপাতি নিয়ে তাঁরা পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পদক্ষেপ নেয় না কেন? পুলিশের সামনেই তাঁদের আগ্নেয়াস্ত্র বহনের ছবি অনেকবার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মানে কি দেশের কোনো আইন ক্ষমতাসীনদের জন্য প্রযোজ্য নয়?
আইনের শাসনের প্রতি ক্ষমতাসীনদের এমন অবজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব এখনই বন্ধ করা দরকার। আওয়ামী লীগ নিজের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হতে পারে, কিন্তু সাধারণ মানুষকে কেন তার মাশুল গুনতে হবে? কেন জনগণের সরকার আইন প্রয়োগে তৎপর হবে না?