আওয়ামী লীগের সেতু বনাম দেশের সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার আগের লেখাটি নিয়ে একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী পাঠক এক মন্তব্যে বলেছেন, ‘ভালোই তো ছিলেন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী থেকে, কোন দুঃখে দেশের জনগণের শুভাকাঙ্ক্ষী হলেন?’ সেই বিজ্ঞ পাঠকের ধারণা, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হলে জনগণ তথা দেশের শুভাকাঙ্ক্ষী হওয়া যায় না। এমন বিশ্বাস দেশের বাইরে থাকা শুধু একজন প্রবাসীর নয়, অনেকেরই। কারণ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই অবিরাম, সূক্ষ্মভাবে জনমনে নানা কায়দায় বিভিন্ন মহল থেকে এমন একটি ধারণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ হচ্ছে দেশের প্রধান শত্রু, তারা সব সময় জনবিরোধী কাজে লিপ্ত থাকে এবং যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, তারা সব সময় দেশের জনগণকে বিভ্রান্ত করে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একেবারে সমালোচনার ঊর্ধ্বে নয়, তথাপি যাঁরা দলের অন্ধ ভক্ত, তাঁরা দলটিকে সে হিসেবে চিন্তা করতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ধরা যাক মধ্যরাতের টক শোগুলো। কখনো কখনো এসব টক শোতে কিছু আলোচক আসেন যাঁরা বস্তুনিষ্ঠ আলোচনা করেন, সরকারের গঠনমূলক সমালোচনা করেন এবং তাঁদের সেসব আলোচনার দ্বারা অনুষ্ঠান অনেক সমৃদ্ধ হয়। কিন্তু তার পাশাপাশি বেশ কিছু টক শো আছে, যার অংশগ্রহণকারীদের আলোচনা শুনলে মনে হবে, তারা কোনো একটি দল বা গোষ্ঠীর বেতনভুক্ত কর্মচারী এবং তাঁদের কাজই হচ্ছে প্রয়োজনে-অপ্রয়োজনে আন্দাজনির্ভর, অসত্য, অর্ধসত্য বক্তব্য দিয়ে সরকারের বিনা প্রয়োজনে সমালোচনা করা।এ মুহূর্তে দেশের প্রধান আলোচ্য বিষয় পদ্মা সেতু। দিন দশেক দেশের বাইরে ছিলাম। তথ্যপ্রযুক্তির এই যুগে দেশ থেকে যত দূরেই থাকি না কেন, ল্যাপটপের বোতাম টিপলেই দেশের সংবাদ পাওয়া যায়। যেদিন বিশ্বব্যাংক সিদ্ধান্ত নিল যে তারা পদ্মা সেতুর অর্থায়নে ফিরছে, সেদিন ডজন খানেক মেইল পেয়েছি। সবার মেইলে একধরনের তৃপ্তি দেখা গেছে এবং অনেকে তাঁদের ভাষায়, বিশ্বব্যাংকের ‘এই অভাবনীয়’ সিদ্ধান্তে শত্রুর মুখে ছাই দিয়ে সরকার এবং আওয়ামী লীগের রাজনৈতিক ও কূটনৈতিক বিজয় হয়েছে। যাঁরা এটি মানতে নারাজ, তাঁরা সব সময় মনে করেছেন, পদ্মার ওপর সেতুটা আওয়ামী লীগের সেতু, দেশের বা জনগণের নয়। এই সেতু নিয়ে প্রায় এক বছর ধরে দেশের ভেতর যে একধরনের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা থেকে সরকার তো বটেই, যাঁরা এই সেতুটিকে দলের নয়, দেশের সেতু হিসেবে চিন্তা করেছেন, তাঁদের মধ্যে খানিকটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে নিঃসন্দেহে বলা চলে, এতে হতাশ হয়েছেন অনেকেই, বিশেষ করে বিরোধী দল এবং কিছুসংখ্যক বুদ্ধিজীবী ও বিশ্লেষক, যাঁরা এই সরকারকে সব বিষয়ে ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখাতে চেয়েছেন।নদীমাতৃক বাংলাদেশে নদ-নদী আর খালের ওপর সেতুর প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারেন না। ছোটখাটো সেতু নিজস্ব অর্থায়নে করলেও বড় বড় নদীর ওপর সেতু করতে অতীতে বিদেশি আর্থিক ও কারিগরি সহায়তা প্রয়োজন হয়েছে। বাংলাদেশের প্রধান দুটি রেলসেতু ভৈরব আর হার্ডিঞ্জ নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে কলকাতার বিখ্যাত নির্মাণপ্রতিষ্ঠান জেসপ অ্যান্ড জেসপ কোম্পানির সহায়তায়। একাত্তর সালে সেতু দুটি পলায়নপর পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংস করে দিলে ওই নির্মাতা কোম্পানিকেই ডাকতে হয়। বঙ্গবন্ধু বহুমুখী সেতু বাস্তবায়নেও বিদেশি আর্থিক ও কারিগরি সহায়তা প্রয়োজন হয়েছে, তবে এই সেতু নির্মাণে একটি উল্লেখযোগ্য তহবিল এসেছে এ দেশের জনগণের সংগৃহীত লেভি থেকে। বাংলাদেশের যে তিনটি বড় নদী আছে তার অন্যতম পদ্মা। এই একটি নদী দেশের দক্ষিণ-পশ্চিম অংশকে দেশের অন্যান্য অঞ্চল থেকে আলাদা করে রেখেছে। এই নদীর ওপর একটা সেতু হবে, তা এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। পদ্মার ওপর সেতু হলে দেশের কী লাভ? এমন প্রশ্নের উত্তর নানা জনকে নানাভাবে দিতে শুনেছি। সেদিন একটি মধ্যরাতের টক শোতে একজন সাবেক আমলা, যিনি একদা আবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তিনি নির্দ্বিধায় বলে গেলেন, পদ্মার ওপর সেতু হলে একমাত্র লাভ গোপালগঞ্জ আর টুঙ্গিপাড়ার মানুষের, কারণ সেখানকার জমির দাম বাড়বে। আরেকজন বিশারদ জানালেন, ওই এলাকার মানুষ কম সময়ে রাজধানীর সঙ্গে সড়কপথে যোগাযোগ করতে পারবেন। একজন আবার হিসাব কষে দেখালেন, সেতুর ওপর দিয়ে যে পরিমাণ যানবাহন চলাচল করবে এবং তাদের কাছ থেকে যে টোল পাওয়া যাবে, তাতে আর্থিকভাবে তেমন লাভবান হওয়া যাবে না। অন্য আরেকজনের মন্তব্য, এতে দল হিসেবে আওয়ামী লীগেরই লাভ, অন্য কারও নয়। খালেদা জিয়ার কাছ থেকে জানা গেল, পদ্মার ওপর সেতু কীভাবে হবে, সব টাকা তো আওয়ামী লীগ আগাম নিয়ে ভাগ-বাঁটোয়ারা করে ফেলেছে! কেউ কেউ আবার চোর খুঁজতে ব্যস্ত। বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় তো বলেই দিয়েছেন, তাঁরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কাউকে দেশ থেকে পালাতে দেবেন না। সবার বিচার হবে। এসব বক্তব্য হয় সম্পূর্ণ রাজনৈতিক অথবা একধরনের মূর্খতা। এই একটি সেতু যে শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় কোটি মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে দিতে পারে, তা কিন্তু এঁদের কেউ-ই বলেন না। এঁদের কেউ বলেন না এই সেতু হলে একেবারে কম করে হলেও দেশের গড় প্রবৃদ্ধি বছরে ১ দশমিক ২ শতাংশ বেড়ে যাবে। এঁদের কেউ বলেন না, এই একটি সেতু মংলা সমুদ্রবন্দরকে এই অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরে রূপান্তর করবে। এই একটি সেতু পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক চেহারা পাল্টে দিতে পারে। এঁরা মনে করেন, পদ্মার ওপর সেতুটি যত না দেশের সেতু, তার চেয়েও বেশি এটি আওয়ামী লীগের সেতু, শেখ হাসিনার সেতু। এখন সুযোগ পেলেই বিএনপি বলে থাকে, তারা ক্ষমতায় গেলে পদ্মার ওপর দুটি সেতু হবে। এর আগে বিএনপি জেনারেল জিয়া থেকে খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে প্রায় ১৭ বছরেরও বেশি সময় দেশ শাসন করেছেন তখন কিন্তু তাঁদের একটি সেতু করার কথাও মনে হয়নি। এখন তাঁরা দুটির কথা বলছেন। সাধারণ মানুষ ঠিকই বুঝতে পারেন এটি হচ্ছে বিরোধী দলের সেতু নিয়ে রাজনীতি। সরকার গঠন করলে পদ্মার ওপর অগ্রাধিকার ভিত্তিতে সেতু হবে, এটি ছিল আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। নির্বাচনের আগে সব দেশেই রাজনৈতিক দলগুলো এমন সব অঙ্গীকার করেই থাকে। সব অঙ্গীকার যে সব সময় পূরণ হয়, তা-ও নয়। তবে জনগণ যদি দেখে, অঙ্গীকার পূরণ করতে ক্ষমতাসীন দল সচেষ্ট, তাতেই তারা সন্তুষ্ট। পদ্মা সেতুর ক্ষেত্রে বলতে গেলেই মহাজোট সরকার প্রথম থেকেই চেষ্টা করে আসছে। প্রথমে আসে অর্থায়নের বিষয়টি। বাংলাদেশের বর্তমান যে আর্থিক অবস্থা, তাতে বিশ্বব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা না নিয়েও পদ্মা সেতুর অর্থায়ন সম্ভব ছিল। এটি হলে নিজের সক্ষমতার ওপর আত্মবিশ্বাস বাড়ত। বিকল্প হিসেবে সরকার ঋণদাতাদের সহায়তা চেয়েছে, কারণ যেহেতু সুদের হার কম, এতে মূলধনের ব্যয়ও কম। প্রথমে মূল অর্থ জোগানদাতা হিসেবে এডিবি এসেছে। পরে জাইকা, আইডিবি যোগ হয়েছে। সব শেষে এসেছে বিশ্বব্যাংক। শেষে এসেও বিশ্বব্যাংক পদ্মা সেতুর মূল অর্থ জোগানদাতা হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও ঋণদাতা গোষ্ঠীদের অর্থে কোনো প্রকল্প বাস্তবায়িত হলে তার সুদ থাকে কম কিন্তু তার সঙ্গে শর্ত থাকে, যা সব সময় দেশের অনুকূলে হয় না। আবার এই শর্তগুলো দেশভেদে ভিন্ন ভিন্নও হয়। যেমন বাংলাদেশে পদ্মা সেতু বাস্তবায়নে বিশ্বব্যাংকের অর্থায়ন ও সম্ভাব্য দুর্নীতি নিয়ে দেশব্যাপী এত হইচই চীন বা ভারত হলে তা হওয়া সম্ভব ছিল না। চীন একটি বৃহৎ ঋণদাতা দেশ কিন্তু তারাও বিশ্বব্যাংক থেকে ঋণ নেয় কিন্তু নিজেদের শর্তে। ভারতের ক্ষেত্রেও তাই। পদ্মা সেতু প্রকল্প নিয়ে শুরু থেকেই সবকিছু ঠিকঠাক চলছিল। গোল বাধল সেতুর তদারকি পরামর্শক নিয়োগের প্রাক-বাছাইতে থাকা কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিনকে নিয়ে। বিশ্বব্যাংক জানিয়ে দিল, এই পরামর্শক নিয়োগে অনিয়ম হয়েছে এবং তার সঙ্গে সরকারের তৎকালীন যোগাযোগমন্ত্রীর ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রকল্পের সঙ্গে জড়িত বেশ কিছু আমলা জড়িত আছেন। এই অনিয়ম মাথায় নিয়ে সেতু নির্মাণ করতে গেলে ভবিষ্যতে দুর্নীতি হওয়ার আশঙ্কা আছে। সুতরাং এসব অনিয়মের সঙ্গে যারাই জড়িত থাকতে পারে বলে ধারণা, তাদের সরে যেতে হবে। এভাবেই বাতিল হয়ে গেল বিশ্বব্যাংকের পদ্মা সেতু অর্থায়ন। বিশ্বব্যাংক এই প্রকল্পে ফিরে আসার চারটি শর্ত জুড়ে দিল। সরকারের ভেতরে থাকা অভিযুক্ত কর্মকর্তাদের ছুটিতে পাঠানো, দুদকের তদন্তে বিশ্বব্যাংকের নিয়োগ করা বিশেষজ্ঞ টিমের সদস্যদের অবাধ প্রবেশাধিকার অন্যতম। এমন শর্তও প্রথম দিকে এসেছিল, দুদককেও পুনর্গঠন করতে হবে। বিশ্বব্যাংক বুঝতে চাইল না, দুদক একটি স্বাধীন দেশের একটি বিধিবদ্ধ সংস্থা। সরকারের দূতিয়ালির ফলে বিশ্বব্যাংক পরবর্তীকালে শেষের শর্তটি থেকে সরে এসেছে। যাঁদের ছুটিতে যাওয়ার কথা, তাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। তাঁর প্রশ্ন, দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে জীবনের শেষবেলায় এসে তিনি কেন তাঁর দায়িত্ব থেকে সরে যাবেন? যাঁরা তাঁকে চেনেন তাঁরা স্বীকার করবেন, তাঁর বক্তব্যে জোরালো যুক্তি ছিল। শেষতক প্রধানমন্ত্রীর অনুরোধে তিনিও ছুটিতে গেলেন। হয়তো তিনি রাজনীতির মারপ্যাঁচ বুঝতে একটু দেরি করেছেন। এ বিষয়ে মিডিয়াতে কথা না বলে শুধু যদি বলতেন, তিনি যেসব অভিযোগে অভিযুক্ত, তার কোনোটাই সত্য নয়। তবে দেশের স্বার্থে তিনি নিজ দায়িত্ব থেকে সরে গেলে অথবা ছুটিতে গেলে তাতে তাঁর সম্মান বাড়ত বই কমত না। গত এক বছরের অনেক টানাহেঁচড়ার পর পদ্মা সেতু অর্থায়নে বিশ্বব্যাংক আবার ফিরে এসেছে। তবে তারা এই বলে বাংলাদেশকে সতর্ক করেছে যে অর্থায়নের আগে বিশ্বব্যাংককে দেওয়া বাংলাদেশের সব অঙ্গীকার পূরণ করতে হবে। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসায় যেমন সরকার এবং দেশের মানুষ স্বস্তি পেয়েছে, ঠিক একইভাবে যাঁরা সরকারকে এই বিষয়ে ব্যর্থ দেখতে আগ্রহী ছিলেন, তাঁরা হতাশও হয়েছেন। এখন সরকারের উচিত, পেছনের দিকে না তাকিয়ে স্বচ্ছতার সঙ্গে সব বিষয়ে দুর্নীতিমুক্ত থেকে পদ্মা সেতুর কাজ শুরু করে দেওয়া। মনে রাখা প্রয়োজন, এটি একটি দলের সেতু নয়, এটির মালিক হবে দেশের ১৫ কোটি মানুষ। আর আমার সেই পাঠককে বলি, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়েও দেশের শুভাকাঙ্ক্ষী হওয়া যায়। যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর যা-ই হোক, সেই দলটি দেশের শত্রু নয়। তারা মাঝেমধ্যে ভুল করতেই পারে।  আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।