পৃথিবীর নানা জাতির ভাষা ও সংস্কৃতি বৈচিত্র্যময়। এই বর্ণিল সংস্কৃতি ও ঐশ্বর্য রক্ষার জন্য জাতিসংঘ ও তার অঙ্গসংগঠন লাখ লাখ ডলার ব্যয় করে অসংখ্য প্রকল্প পরিচালনা করছে আর স্লোগান তুলছে ‘বৈচিত্র্যের মধ্যেই ঐক্য’। কিন্তু বাস্তব হচ্ছে বিশ্বায়ন, তথ্যপ্রযুক্তির বিকাশ আর আকাশ-সংস্কৃতির দাপটে বিশ্বব্যাপী চলছে সাংস্কৃতিক আগ্রাসন। একুশ শতকে এসে বর্ধিষ্ণু বেনিয়া পুঁজি তার পুঁজিবাজার সম্প্রসারণের লক্ষ্যে নতুন করে যে আগ্রাসন চালাচ্ছে—তারই আরেক নাম সাংস্কৃতিক আধিপত্যবাদ বা সাংস্কৃতিক উপনিবেশবাদ। ফলে বড় বড় জাতি ছোট ছোট জাতির ভাষা-সংস্কৃতির প্রায় গ্রাস করতে বসেছে। এই প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করছে বহুজাতিক কোম্পানি ও সম্প্রসারণশীল পুঁজিবাজার। একটি পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারতের চলচ্চিত্রের বাজার এখন এশিয়া পেরিয়ে ইউরোপ-আমেরিকায়ও সম্প্রসারিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে কয়েকটি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পাওয়ায় আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অস্থিরতা ও উত্তেজনা তৈরি হয়েছে। বাণিজ্যিক লাভের আশায় কিছু ব্যবসায়ী এর পক্ষে, অন্যরা দেশীয় চলচ্চিত্রের সর্বনাশের স্লোগান দিয়ে এর বিরুদ্ধে। আমাদের কথা হচ্ছে, বাংলা ছাড়া অন্য ভাষার ছবি প্রদর্শনের আগে আমাদের একশবার ভাবতে হবে, লাভ-ক্ষতির হিসাব করতে হবে। মুক্তবাজার অর্থনীতির চাপ সত্ত্বেও নিজেদের ভাষা-সংস্কৃতিকে রক্ষা করতে হবে। এমনিতেই শিশুরা আগ্রহ নিয়ে ছোট পর্দায় হিন্দিতে ডাব করা ‘ডোরেমন’ জাতীয় জনপ্রিয় কার্টুন চলচ্চিত্র দেখে বাংলা ভাষা ভুলতে বসেছে, এ নিয়ে প্রথম আলোতে বেশ কয়েকটি লেখাও প্রকাশিত হয়েছে। এরপর যদি ছবিঘরে অবাধে হিন্দি ভাষার ছবি চলে তাহলে আমাদের ভাষার অহংকার থাকে কোথায়?বিশ্বায়নের কারণে যা আমরা চোখে দেখছি তা পণ্যের বাজার তৈরি হওয়া, আর যা দেখছি না তা হলো এসব ছবি, হিন্দিডাবকৃত কার্টুন এবং ভারতীয় টিভিচ্যানেলের ধারাবাহিকের মাধ্যমে যে ভাষা ও সাংস্কৃতিক জীবন ফুটে উঠেছে তা শিশুমনে তো বটেই বড়দের মধ্যেও প্রভাব ফেলছে। শহরের অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীরা আজকাল হিন্দিতে কথা বলে। তরুণ প্রজন্ম যে বাংলা ভাষায় কথা বলছে তা বাঙালির ভঙ্গি নয়; হিন্দি আর ইংরেজি প্রভাবিত উচ্চারণভঙ্গিতে বাংলা বলা। অপ্রয়োজনীয় ইংরেজি বা হিন্দি শব্দের কথা নাই-বা বললাম। ভাষা ছাড়াও আমাদের চালচলন, পোশাক-আহার এমনকি জীবনাচরণের প্রায় সব ক্ষেত্রেই কম-বেশি এই সাংস্কৃতিক আগ্রাসন। আমরা আকাশ-সংস্কৃতি এবং বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপনের ছলনায় ভুলে নিজ দেশের পণ্য ফেলে অতিরিক্ত পয়সা দিয়ে শুধু বিদেশের পণ্যই কিনছি না; সেই সঙ্গে তাদের ভাষা-সংস্কৃতিও আমদানি করছি। বিদেশি পণ্য আমদানির অর্থনৈতিক ক্ষতি পরিমাপ করা যায়, কিন্তু সাংস্কৃতিক ক্ষতি পরিমাপ করা না গেলেও কোনো এক সময়ে মনে হয় আমার সন্তানের মুখের এ ভাষা তো আমার নয়। বাঙালির যে সন্তান দুধে-ভাতে কিংবা মাছে-ভাতে থাকার কথা সে এখন বড় হচ্ছে বার্গার-পিৎজার স্বপ্নে। এভাবেই প্রজন্ম বদলে, বদল ঘটছে সংস্কৃতির। যে শত্রুকে দেখা যায় তার সঙ্গে যুদ্ধ করা চলে, কিন্তু যে শত্রু দেখা যায় না তার সঙ্গে যুদ্ধ করা যায় না। তাই আত্মরক্ষার জন্য নিজের চারদিকে ব্যূহ বা রক্ষাবলয় তৈরি করতে হয়। বিশ্বায়ন, আকাশ-সংস্কৃতি আর প্রযুক্তির উৎকর্ষের কারণে আজ বিশ্ব যখন একটি গ্রাম, তখন নিজেদের সংস্কৃতিকে আগ্রাসনের হাত থেকে রক্ষা করার জন্য চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া যে সাংস্কৃতিক রক্ষণব্যূহ তৈরি করছে তা একটু উল্লেখ করা প্রয়োজন। চীনে সাংস্কৃতিক রক্ষণশীলতা ছিল, এখনো আছে। অন্য দেশের অন্য ভাষার কোনো ছবি সেখানে প্রদর্শন করা যাবে না, বিদেশি টিভি চ্যানেল নিষিদ্ধ। মাত্র কয়েক বছর আগে শুধু সংবাদ ও খেলাধুলা প্রদর্শনের বিদেশি চ্যানেল প্রচারের অনুমোদন পেয়েছে। বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করতে হলে অবশ্যই সে পণ্যের মোড়ক ও ব্যবহারবিধি চীনা ভাষায় হতে হবে। যত বিখ্যাতই হোক না কেন অন্য দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সেখানে কোনো পাবলিক অনুষ্ঠান করতে পারবেন না। এই কিছুদিন আগেও চীনে ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা শেখার অনুমতি ছিল না। থাইল্যান্ড বা সিঙ্গাপুরেও জনগণের জন্য বিদেশি চ্যানেল প্রদর্শনের অনুমতি নেই। কারণ একটাই, নিজেদের সংস্কৃতিকে তারা রক্ষা করতে চায়। পাশ্চাত্যের ও ভারতের সংস্কৃতির ব্যাপ্তি ও সুদূরপ্রসারী প্রভাব প্রথম থেকে আটকে না রাখলে তা যে অনুন্নত অর্থনৈতিক জীবনে প্রভাব বিস্তার করবে, এ বিষয়ে সন্দেহ নেই।আমাদের শিশুরা টিভিতে আগে ইংরেজি ভাষায় কার্টুন নেটওয়ার্কের মাধ্যমে টম ও জেরি কিংবা অন্যান্য সিরিজ দেখে শুধু আনন্দই পেত না, ইংরেজি ভাষায়ও দক্ষতা অর্জন করত। এটা শিক্ষা ও কর্মজীবনে সহায়ক। কিন্তু আজ চ্যানেল খুললেই এগুলো হিন্দি ভাষায় প্রদর্শিত হতে দেখা যায়, এই ভাষাজ্ঞান তার কী কাজে লাগবে? আকাশ-সংস্কৃতির আধিপত্য দিয়ে নব্য সাংস্কৃতিক উপনিবেশ তৈরি করা হচ্ছে এ দেশে। আমাদের সম্প্রচার গণমাধ্যমগুলো প্রতিভার পরিবর্তে ‘জিনিয়াস’ সন্ধান করে; গান শোনায় না, ‘সংস প্লে’ করে; সরাসরি সম্প্রচার ভুলে গিয়ে ‘লাইভ প্রোগ্রাম’ করে। শ্রোতা-দর্শকদের সম্বোধন করে ডিয়ার ভিউয়ার্স বা লিসেনার্স বলে। এফএম বেতারের কথাবন্ধুরা (আরজে) বিকৃত উচ্চারণে যে খিচুড়ি ভাষায় কথা বলে তা কি আমাদের বাংলা? আমরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণ এবং আগ্রাসন থেকে মুক্ত হয়েছি পঁয়ষট্টি বছর আগে। চল্লিশ বছর আগে পাকিস্তানিদের হাত থেকে অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে এ দেশ পেয়েছি, তারও আগে রক্তমূল্যে পেয়েছি আমার মায়ের ভাষা। তাই আজ সময় এসেছে আকাশ-সংস্কৃতির এ আগ্রাসন থেকে নিজেদের মুক্ত রাখতে নতুন একটা যুদ্ধ ঘোষণা করার। সে যুদ্ধ নিজের সঙ্গে বাঙালিত্ব রক্ষার লড়াই, বিজাতীয় ভাষা-সংস্কৃতি বর্জনের লড়াই। আশা করি এই ভাষাশহীদদের ফেব্রুয়ারি মাসে সরকারও বিষয়টির গুরুত্ব বুঝে নতুন নতুন আইন-কৌশল প্রণয়নে সচেষ্ট হবে। সৌরভ সিকদার: লেখক, অধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]