আক্রান্ত সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে প্রথম আলো পত্রিকার ছয়জন প্রতিনিধিসহ বিভিন্ন জাতীয় দৈনিকের আরও অন্তত ১০ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনটি ঘটনায় জামায়াতসহ সাম্প্রদায়িক শক্তি এবং অন্য তিনটি ঘটনায় ক্ষমতাসীন দলের সমর্থনপুষ্ট ব্যক্তিরা হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। হামলার চেয়েও বড় আশঙ্কার বিষয় হলো, প্রায় ক্ষেত্রেই আক্রান্ত সংবাদকর্মীরা আইনের আপন গতির ওপর ভরসা রাখতে পারছেন না। পরিহাস হলো, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী এবং সাম্প্রদায়িক শক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ক্ষেত্রেও প্রশাসন একইভাবে উদাসীন। লক্ষ্মীপুরের আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহের নিজেই সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন। ধরমপাশায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ক্ষমতার দাপট প্রকাশে রাখঢাক ছিল না। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে প্রথম আলোর সাংবাদিকের ওপর তাঁরা চড়াও হন। প্রথম আলোর যশোরের অভয়নগর প্রতিনিধির হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। ২০ মার্চ জলবায়ু প্রকল্পে দুর্নীতিবিষয়ক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ঘটনায় আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত নেতা ও ইউপি চেয়ারম্যান এই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের বড়কর্তারা দাবি করেছেন, ‘হামলাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’ অথচ ধরমপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যদের সামনে হামলা চালানো হলেও মামলা নেয়নি পুলিশ। এই কি আইনের শাসনের নমুনা? এটা কৌতূহলোদ্দীপক যে, দুর্নীতি ও সাম্প্রদায়িক সহিংসতাই হয়ে উঠেছে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে হুমকির প্রধান দুটি বিষয়। আলোচ্য ছয়টি ঘটনাই ছিল দুর্নীতি ও সাম্প্রদায়িকতাসংক্রান্ত। প্রায় প্রতিটি ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা অসহিষ্ণুতা এবং নির্দয়তার শিকার হচ্ছেন। সরকারি কর্তাব্যক্তিরা প্রকারান্তরে স্বীকার করে থাকেন যে, দায়মুক্তির সংস্কৃতি বাংলাদেশকে নিয়ত তাড়া করছে। কিন্তু ক্ষমতাসীন দল এ পর্যন্ত গণমাধ্যমকর্মীদের অপদস্থ এবং নির্যাতন করার দায়ে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে জানা যায় না। এই ধারার অবসান হোক।