আক্রান্তদের পাশে দাঁড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড প্রদান করার পর সারা দেশে জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে। দেশের বিভিন্ন জায়গায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও সরকারি সম্পদ বিনষ্ট করে। এতে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। আমরা উৎকণ্ঠা ও আশঙ্কার সঙ্গে লক্ষ করলাম, জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সন্ত্রাসী বাহিনীর প্রত্যক্ষ মদদে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের ঘরবাড়ি, দোকানপাট, ও সম্পদের ওপর আক্রমণ শুরু হয়। হিন্দুদের পবিত্র মন্দিরও এ আক্রমণ থেকে রক্ষা পায়নি। একটি হিসাব অনুযায়ী, দেশের ৩২টি জেলায় সংঘটিত ধ্বংসযজ্ঞে প্রায় ৭১টির মতো মন্দির এবং এক হাজার ৫০০টি ঘরবাড়ি লুট কিংবা পোড়ানো হয়েছে। কয়েক হাজার পরিবার পথে বসেছে।১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। এর মূল উদ্দেশ্য ছিল, রাষ্ট্রটি হবে ধর্মনিরপেক্ষ, সব মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সুনিশ্চিত থাকবে এবং সরকারগুলো অংশীদারমূলক গণতন্ত্র ও সামাজিক সমতা প্রতিষ্ঠা করবে। আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম, যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে। সম্প্রতি শাহবাগের গণজাগরণ মঞ্চে লাখ লাখ তরুণের কণ্ঠে সেই কথাটিই প্রতিধ্বনিত হয়েছে। যদিও মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রতিটি নাগরিক অসাম্প্রদায়িক ও গণতন্ত্রমনস্ক হয়ে উঠবে। মানবিক মূল্যবোধ দ্বারাই পরিচালিত হবে বাংলাদেশের প্রতিটি মানুষ। তারা যে যার ধর্ম, বিশ্বাস ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান শান্তিতে পালন করতে করবে। ব্রিটিশ ও পাকিস্তান আমলে আমরা যে ধরনের ভয়াবহ ও নৃশংস সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি, সে ধরনের দাঙ্গা বা সাম্প্রদায়িক হামলা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশকে রক্তাক্ত করবে না। সাম্প্রদায়িকতার বিষবাষ্পে দেশ আর বিষাক্ত হয়ে উঠবে না। রাষ্ট্র হবে সবার, ধর্ম হবে যার যার তার তার। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ প্রতিষ্ঠার ৪২ বছর পরও আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সব মানুষের হূদয়ে প্রোথিত করতে পারিনি।আমরা লক্ষ করলাম, গত বছর কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্মম ও নজিরবিহীন এক আক্রমণ পরিচালিত হলো। বৌদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার ব্যক্তি তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ল। উপাসনালয় আক্রান্ত হলো, পুঁথি-প্রতিমা লুট হলো। রামুর ক্ষত না শুকাতেই এ বছর স্বাধীনতার মাসে আবার হিন্দু সম্প্রদায় আক্রান্ত হলো। তাদের ঘরবাড়ি, দোকানপাট, বিষয়-সম্পত্তি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হলো। উপাসনালয় আক্রান্ত হলো। চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালীর বেগমগঞ্জ, গাইবান্ধা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে, তা নির্মম, নৃশংস ও মর্মান্তিক। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সাম্প্রতিক সহিংসতার লক্ষণীয় বিষয় হচ্ছে, এসব আক্রমণে জামায়াত-শিবিরের সন্ত্রাসী ও নেতা-কর্মীরা মূল ভূমিকা পালন করেছেন। তাঁরা ধর্মীয় অনুভূতিকে এমনভাবে উসকে দিয়েছেন যে পরবর্তী সময়ে স্থানীয় লোকজন ও বিভিন্ন রাজনৈতিক দলও এই আক্রমণের সঙ্গে যুক্ত হয়। গুজব ছড়িয়ে, ফেসবুক আইডি হ্যাক করে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা মিথ্যার ওপর ভর করে এজেন্ডাভিত্তিক ব্লগিংয়ের মাধ্যমে সংঘবদ্ধ ও পরিকল্পিত উপায়ে তারা গোটা দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে। অথচ জামায়াতের ভোট ৫ শতাংশেরও কম। তাই রাষ্ট্রীয়ভাবে তাদের সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত করিয়ে সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ এখন সময়ের দাবি। সংস্কৃতির লড়াইটা অত্যন্ত জরুরি।আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে সব পর্যায়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষার বিস্তার এবং অসাম্প্রদায়িক চেতনার উন্মেষই বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে।সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের সমমনা শিক্ষকদের উদ্যোগে আজ ২৫ মার্চ বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আক্রান্ত ও আক্রান্ত ব্যক্তিদের রক্ষাকারী কিছু মানুষ সেখানে তাঁদের লোমহর্ষক অনুভূতি ব্যক্ত করবেন।ওই সমাবেশের স্লোগান হবে: ‘সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও, আক্রান্তদের পাশে দাঁড়াও। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নাও’।এ প্রতিবাদ সমাবেশে সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, সব ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা ও সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। পর্যায়ক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও আমাদের রয়েছে।আমাদের দাবিনামা হলো:১. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঠিক তালিকা প্রণয়ন করে যথার্থ ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।২. ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি, সম্পদ ও জীবনের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে।৩. ১৯৭১ সালে যেসব রাজনৈতিক অপশক্তি ও ব্যক্তি মানবতাবিরোধী অপরাধসহ দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিধনযজ্ঞ চালিয়েছে, ২০১৩ সালে এসেও তারা একই ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই সেই অপশক্তি ও তাদের অনুসারী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।৪. সাম্প্রতিক হামলার সময় যেসব ব্যক্তি ও পরিবার জীবনের ঝুঁকি নিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন রক্ষা করেছেন এবং নারীদের নিরাপত্তা দিয়েছেন, তাঁদের সামাজিক স্বীকৃতি প্রদান করতে হবে এবং তাঁরা যেন সমাজে অনুসরণীয় হতে পারেন, এর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।৫. যেসব ধর্মীয় ও রাজনৈতিক ধ্যান-ধারণা সমাজে উন্মাদনা ছড়াচ্ছে, সেগুলো সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিকভাবে প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।৬. নাগরিকের জানমালের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। সে কারণে ধর্মীয় সংখ্যালঘুসহ যেকোনো সংখ্যালঘু সম্প্রদায় ভবিষ্যতে যাতে কোনো গোষ্ঠীর দ্বারা আক্রান্ত না হয়, সে জন্য রাষ্ট্রযন্ত্রকে সব ধরনের প্রস্তুতি রাখতে হবে।লেখকেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।