আক্রান্তদের পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের এই মহাদুর্যোগে চাঁপাইনবাবগঞ্জের কানসাট ও শিবগঞ্জের মানুষ আশার আলো দেখিয়েছে। রাজনৈতিক নেতৃত্ব যখন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের তির ছুড়ছে, তখন এই দুটি উপজেলার মানুষ সর্বদলীয় বৈঠক করে সম্পদের ক্ষতি না করার অঙ্গীকার করেছে। এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।কেবল কানসাট ও শিবগঞ্জে নয়, সারা দেশেই অনতিবিলম্বে এ ধরনের বৈঠক হওয়া প্রয়োজন, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থেই। ধ্বংসাত্মক ও ক্ষতিকর কর্মসূচি হিসেবে আমরা বরাবরই হরতাল-অবরোধের বিরোধী। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামী গত কয়েক দিনে যে তাণ্ডব চালিয়েছে, তাকে কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচির সংজ্ঞায় ফেলা যায় না। পরিষ্কারভাবে এটি প্রতিহিংসা চরিতার্থতার কৌশল। প্রথমে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আক্রমণের লক্ষ্যবস্তু করলেও এখন সংখ্যালঘু সম্প্রদায়ও আক্রান্ত। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীর সহিংসতায় এ পর্যন্ত দেড় সহস্রাধিক বাড়িঘর এবং অর্ধশতাধিক মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি খুবই উদ্বেগজনক।গত রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে নোয়াখালীর বেগমগঞ্জে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ঘরবাড়ি ও মন্দিরে নিরাপত্তার নির্দেশ দিয়েছেন। আদালতের এ আদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে কতটা সহায়ক হবে, সে ব্যাপারে সংশয়মুক্ত হওয়া যাচ্ছে না। কেননা, আদেশটি এসেছে একটি এলাকার ঘটনা নিয়ে। এর বাইরেও অনেক স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয় আক্রান্ত হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি প্রতিটি আক্রান্ত এলাকায় কানসাট ও শিবগঞ্জের মতো সর্বদলীয় বৈঠক করা প্রয়োজন বলে আমরা মনে করি। স্থানীয় মানুষকে বোঝাতে হবে, যারা সংঘাত ও সন্ত্রাস করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দুঃসময়ে সর্বস্তরের জনপ্রতিনিধিদের এলাকায় গিয়ে মানুষকে অভয় দিতে হবে। মন্ত্রী ও সাংসদেরা সংসদে বসে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তীব্র বাক্যবাণ না ছুড়ে এলাকায় গিয়ে অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালে তারা কিছুটা হলেও ভরসা পাবে। প্রয়োজনে সংসদের অধিবেশন স্থগিত করেও কাজটি করতে হবে। তাঁরা এলাকায় গেলে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোবল চাঙা হওয়ার আশা করা যায়। মনে রাখতে হবে, সমস্যাটি নিছক আইনশৃঙ্খলাজনিত নয়। রাজনৈতিক সমস্যা সবাইকে সঙ্গে নিয়েই সামাল দিতে হবে। এ ক্ষেত্রে বিরোধী দলও তাদের দায়িত্ব অগ্রাহ্য করতে পারে না। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে, তার প্রতিকারে বিশিষ্ট নাগরিকেরা গণতদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা বলব, এই মুহূর্তে আক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জানমাল রক্ষা করাই সবচেয়ে বেশি জরুরি।