আখেরি মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এর আগে ৯ জানুয়ারি শুরু হয়ে ১১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব। গত শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ব্যবস্থাপনার সুবিধার্থে ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারের মতো আজকের আখেরি মোনাজাতেও বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের নানা অঞ্চল থেকে সমবেত লাখ লাখ মুসল্লি বিশ্বের সব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও ইসলাম ধর্মের মূল আদর্শ বজায় রাখতে মহান আল্লাহর রহমত প্রার্থনা করবেন।
১৯৬৬ সালে তুরাগ নদের তীরে ইজতেমা স্থানান্তরিত হওয়ার পর থেকে পর্যায়ক্রমে এই সমাবেশে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ এবং এর আকার বৃদ্ধি ইসলামের বিশ্বভ্রাতৃত্বের অনন্য মাত্রা যোগ করেছে। কেবল বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ইজতেমার গুরুত্ব বাড়ছে। এটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জমায়েত হিসেবে বিবেচিত।
এবারের ইজতেমার প্রথম পর্ব সুষ্ঠুভাবে শেষ হয়েছে। দ্বিতীয় পর্বও সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শেষ হবে বলে আমরা আশা করি। এই ইজতেমায় আগত মুসল্লিরা থাকা-খাওয়ার ব্যবস্থা নিজেরাই করে থাকেন। কিন্তু সেখানে তাঁরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সে বিষয়টি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ব ইজতেমার আজকের আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখো মুসলমান একদিকে যেমন আল্লাহর কাছে বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করবেন; তেমনি অন্তরের পরিশুদ্ধি লাভের জন্য প্রার্থনা করবেন। মানবতার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় বিশ্ব ইজতেমা অব্যাহতভাবে জোরালো ভূমিকা রাখবে, সেটাই প্রত্যাশা।