ঢাকার অদূরে তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে এ বছরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। এর আগে ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হয় গত শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে।
২০১১ সাল থেকে ব্যবস্থাপনার সুবিধার্থে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই পর্বে। নতুন ব্যবস্থাপনায় বিশ্ব ইজতেমা আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল হয়েছে। প্রথম পর্বের মতো আজকের আখেরি মোনাজাতেও বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের নানা অঞ্চল থেকে সমবেত লাখ লাখ মুসল্লি বিশ্বের সব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও ইসলাম ধর্মের মূল আদর্শ বজায় রাখতে মহান আল্লাহর রহমত প্রার্থনা করবেন।
১৯৬৬ সালে তুরাগতীরে ইজতেমা স্থানান্তরিত হওয়ার পর থেকে পর্যায়ক্রমে এই সমাবেশে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ এবং এর আকার বৃদ্ধি ইসলামের বিশ্বভ্রাতৃত্বের অনন্য মাত্রা যোগ করেছে। কেবল বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ইজতেমার গুরুত্ব বাড়ছে। এটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জমায়েত হিসেবে বিবেচিত।
ইজতেমার প্রথম পর্ব সুষ্ঠুভাবে শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের শুরুর দিন সকালে বিশ্ব ইজতেমা এলাকায় বিদ্যুৎ না থাকায় সিসি টিভিসহ বিদ্যুৎ-চালিত মনিটরিংয়ের কাজ ও পানি উত্তোলনে সাময়িক বিঘ্ন ঘটে। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পরিবেশ শান্ত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যময়। আমরা আশা করি, দ্বিতীয় পর্বও সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শেষ হবে। মুসল্লিরা যেন কোনো সমস্যায় না পড়েন, তা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার।
বিশ্ব ইজতেমার আজকের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী লাখ লাখ মুসলমান একদিকে যেমন আল্লাহর কাছে বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করবেন; তেমনি নিজ নিজ অন্তরের পরিশুদ্ধি লাভের জন্য প্রার্থনা করবেন। মানবতার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় বিশ্ব ইজতেমা অব্যাহতভাবে জোরালো ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।