আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গত শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমার দ্বিতীয় পর্ব ১৮ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি শেষ হবে। ব্যবস্থাপনার সুবিধার্থে ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বাংলাদেশের লাখ লাখ মুসল্লির সঙ্গে ৮৫টি দেশের প্রায় আট হাজার ধর্মপ্রাণ মুসলমান যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে।ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে এবার যখন বিশ্ব ইজতেমা শুরু হয়, তখন সারা দেশে কনকনে শীত। তা সত্ত্বেও দেশের ৩২ জেলার মুসল্লিদের সঙ্গে বিদেশ থেকে আসা কয়েক লাখ মুসলমান সেখানে সমবেত হয়েছেন। বাকি ৩২ জেলার মুসল্লিরা যোগ দেবেন দ্বিতীয় পর্বে। তীব্র শীত উপেক্ষা করে দুই দিন ধরে মুসল্লিরা ইবাদত বন্দেগির পাশাপাশি দেশ-বিদেশের ধর্মীয় নেতাদের বয়ান শোনেন। আখেরি মোনাজাতে বিশ্বের সব মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও ইসলাম ধর্মের মূল আদর্শ বজায় রাখতে মহান আল্লাহর রহমত প্রার্থনা করবেন সমবেত মুসল্লিরা। বিশ্ব ইজতেমার আমবয়ানে প্রথম দিন জুমার নামাজ আদায় করতে সেখানে আশপাশের এলাকা থেকে বহু মুসল্লি যোগ দেওয়ায় ইজতেমা প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায় এবং মূল ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয় জামাত। জুমার নামাজের সময় টঙ্গী চৌরাস্তা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও সমবেত হয়েছিলেন মুসল্লিরা।১৯৬৬ সালে তুরাগ নদের তীরে ইজতেমা স্থানান্তরিত হওয়ার পর থেকে পর্যায়ক্রমে এই সমাবেশে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ এবং এর আকার বৃদ্ধি ইসলামের বিশ্বভ্রাতৃত্বের অনন্য মাত্রা যোগ করেছে। কেবল বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ইজতেমার গুরুত্ব বাড়ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এই ইজতেমায় আগত মুসল্লিরা থাকা-খাওয়ার ব্যবস্থা নিজেরাই করে থাকেন। কিন্তু সেখানে তাঁরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সে বিষয়টি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সক্রিয়তা নিয়েই কাজ করে যাচ্ছে। তবে যেহেতু বিশ্ব ইজতেমায় প্রতিবছর মুসল্লিদের সংখ্যা বাড়ছে, সেহেতু এর ব্যবস্থাপনা আরও উন্নত করার বিকল্প নেই। বিশ্ব ইজতেমা উপলক্ষে হাজার হাজার বিদেশি অতিথি আসেন। তাঁদের যথাযথ আতিথ্য দেওয়া আমাদের দায়িত্ব। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের আসা-যাওয়ার জন্য প্রয়োজনীয় যানবাহন ও যান চলাচল সুশৃঙ্খল করতে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আজ অংশ নেওয়া লাখো মুসলমান আল্লাহর কাছে বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা এবং অন্তরের পরিশুদ্ধি লাভের জন্য প্রার্থনা করবেন। বিশ্ব ইজতেমার এই সমাবেশ মানবতার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে, সে প্রত্যাশাই রইল।