আগামীকাল বাজেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৬ জুন যখন ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান ৩ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেন, তখনই বিভিন্ন মহল থেকে প্রবল আপত্তি ও প্রতিবাদ উঠেছিল। সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষ থেকে শুল্ক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নোয়াবের প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে পরিস্থিতি ব্যাখ্যা করেছে। সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পত্রিকায় বিবৃতি দিয়ে তাদের ক্ষোভ ও উদ্বেগের কথা জানিয়েছে। সর্বশেষ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত বৃহস্পতিবার বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্ট আমদানির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এর আগেও একাধিক সাংসদ নিউজপ্রিন্টের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবির কথা পুনর্ব্যক্ত করেছেন। জনমতের বাহক হিসেবে পরিচিত সংবাদপত্রের জন্য এ বাড়তি শুল্ক আরোপের পক্ষে দেশীয় শিল্প রক্ষার যে যুক্তি দেখানো হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দেশে ৬৭টি কাগজশিল্প প্রতিষ্ঠান চালু থাকলেও সংবাদপত্রে ব্যবহূত রোল আকারের নিউজপ্রিন্ট উৎপাদন করে মাত্র ছয়-সাতটি প্রতিষ্ঠান। কিন্তু এসব কারখানায় উৎপাদিত নিউজপ্রিন্ট যেমন নিম্নমানের, তেমনি সংবাদপত্রশিল্পের জন্য প্রয়োজনীয় চাহিদা পূরণেও অক্ষম। এ অবস্থায় নিউজপ্রিন্টের ওপর বর্ধিত আমদানি শুল্ক গোটা সংবাদপত্রশিল্পকে চরম বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে। আমাদের ধারণা, দেশীয় কাগজশিল্পের হালহকিকত আগে থেকে জানানো হলে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর বর্ধিত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করতেন না। যেখানে দেশীয় কাগজশিল্প সংবাদপত্রের জন্য প্রয়োজনীয় নিউজপ্রিন্ট সরবরাহই করতে পারছে না, সেখানে আমদানি শুল্ক বাড়িয়ে দেশীয় শিল্প রক্ষার যুক্তি একেবারেই অযৌক্তিক। এর মাধ্যমে সংবাদপত্রশিল্প শুধু গোষ্ঠীবিশেষের কাছে জিম্মি হয়েই পড়বে না, লাখ লাখ পাঠকও বঞ্চিত হবেন। উল্লেখ্য, ভারতে উন্নতমানের কাগজশিল্প থাকা সত্ত্বেও সেখানে বিনা শুল্কে নিউজপ্রিন্ট আমদানির সুযোগ রয়েছে। আগামীকাল ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পাস হবে। তার আগে আজ বাজেটের ওপর সংসদ নেতার বক্তব্য দেওয়ার কথা। তাঁর বক্তৃতায় সংবাদপত্রশিল্পের সহায়ক পরামর্শ থাকবে বলেই এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই আশা করেন। এর আগেও দেখা গেছে, সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর পরামর্শে অর্থমন্ত্রী অনেক প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন। এমনিতেই মুদ্রণ ও পরিবহনসহ সংবাদপত্র প্রকাশের ব্যয় বহুলাংশে বেড়ে গেছে; এ মাসেই সংবাদপত্রসেবীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার কথা রয়েছে, যা বাস্তবায়ন করতে সংবাদপত্রশিল্পকে বাড়তি ব্যয় বহন করতে হবে। অতএব, প্রস্তাবিত বর্ধিত আমদানি শুল্ক প্রত্যাহার করে অর্থমন্ত্রী সংবাদপত্রশিল্প রক্ষায় কার্যকর ও ইতিবাচক পদক্ষেপ নেবেন—এটাই আমাদের একান্ত প্রত্যাশা।