মঙ্গলবার হা-মীম গ্রুপের কারখানায় আগুন লেগে ২৬ জন শ্রমিক মারা যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ধরনের ঘটনা এই খাতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তাহীনতার কথাই মনে করিয়ে দেয়। আমরা নিহত শ্রমিকদের জন্য শোক প্রকাশ করছি এবং তাঁদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি। কেন ও কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা প্রয়োজন। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী কারখানাটিতে এক শিফটেই কাজ করতেন ছয় হাজার শ্রমিক। ছিল ছয়টি সিঁড়ি। কিন্তু বের হওয়ার পথ নিরাপত্তা প্রহরীরা বন্ধ করে দেওয়ায় শ্রমিকেরা পুড়ে অথবা দম বন্ধ হয়ে মারা গেছেন। অধিকাংশই বয়সে তরুণ-তরুণী। বাইরে যাঁরা ছিলেন তাঁদেরও অসহায় অবস্থায় এই মর্মান্তিক ট্র্যাজেডির নিরব সাক্ষী হতে হয়েছে। কিছু করার ছিলনা। এমনকি ছাদে টিনের ছাউনি থাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারও সেখানে নামতে পারেনি, পারলে অনেকের জীবন বাঁচানো সম্ভব হতো। ১১ তলার বিশাল ভবনের ছাদ কোনোভাবেই টিনের হওয়ার কথা নয়। প্রশ্ন হলো, অত্যাধুনিক প্রযুক্তি, ছয়টি সিঁড়ি ইত্যাদি থাকার পরও ব্যবস্থাপনাগত অদক্ষতার কারণে এত গুলো শ্রমিক মারা গেলেন। এর দায় কার? তা ছাড়া আতঙ্ক ও হুড়োহুড়ির জন্যও অনেকের পক্ষে আত্মরক্ষা করা সম্ভব হয়নি। আগুন লাগলে কী করা উচিত শ্রমিকদের যদি এমন প্রশিক্ষণ ও মহড়া দেওয়া হতো, তাহলেও হয়তো প্রাণহানির সংখ্যা কম হতো।বাংলাদেশে তৈরি পোশাকশিল্প অর্থনীতিতে বিরাট অবদান রাখলেও এই খাতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নেই। শ্রমিকদের কম মজুরি এবং অনিরাপদ কর্মপরিবেশ বজায় রেখে লাভের মাত্রা বাড়ানোর প্রবণতা রয়েছে মালিকদের। এই কারণে বার বার দুর্ঘটনা ঘটে। অনেক সময়ে পদপিষ্ট হয়েও বহু শ্রমিক হতাহত হন। তৈরি পোশাক শিল্পের মালিকেরা যে শ্রমিকদের নিরপত্তার ব্যাপারে যথেষ্ট মনোযোগী নন, এসব দুর্ঘটনা তারই প্রমাণ। তৈরি পোশাক শিল্পের মত শ্রমঘন কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অনেক কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। আবার কোন কোন কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও তা কাজে লাগানোর মত দক্ষ ও প্রশিক্ষিত লোকবল নেই। তাহলে যন্ত্রপাতি রেখে লাভ কী?প্রত্যাশা থাকবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হা-মীম গ্রুপের কারখানার অগ্নিকান্ডের কারণ খুঁজে বের করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরণের দুঘর্টনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যে শ্রমিকদের শ্রম ও ঘামে বিপুল অংকের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে তাদের নিরাপত্তার বিষয়টি হেলাফেলা করে দেখা সমীচীন নয়।