অজপাড়াগাঁ বলতে যা বোঝায়, চিরিরবন্দর হলো তা-ই। একটা উপজেলা বটে, তবে দিনাজপুরের এই উপজেলা বন্দরটিকে সর্ব অর্থে পিছিয়ে পড়া এলাকাই বলতে হবে। রংপুর থেকে গাড়িতে ঘণ্টা খানেক। রাস্তা ভালো, দুই ধারে ধানখেত, বিস্তীর্ণ প্রান্তর, ওই দূরে দেখা যায় মানুষের বসতি। সেই চিরিরবন্দরে ধানখেতের মধ্যে উঠছে একটা পাঁচ-ছয়তলা ভবন। অনেকটা ঢাকার ছয়তলা ফ্ল্যাটবাড়ির মতো দেখতে। তাতে সাইনবোর্ড: আবাসিক বিদ্যালয়। তিন দিকে ধানখেত, এখানে আবাসিক স্কুল কেন? কারণ, ভালো কাজের প্রতিযোগিতা শুরু হয়েছে এই এলাকায়।শুরুটা করেছেন অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক এম আমজাদ হোসেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বিভাগের প্রধান ছিলেন। একবার আমি যে মিনি+বেবি অ্যাক্সিডেন্ট করেছিলাম, মানে সামনে একটা মিনিবাস দাঁড়িয়ে ছিল, তার পেছনে আমার বেবিট্যাক্সি গিয়ে দাঁড়াল, আর একটা মিনিবাস এসে আমাদের বেবিট্যাক্সিটাকে ধাক্কা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিল, আমার ঠ্যাং নিয়ে আমি আর দাঁড়াতে পারি না, বেবিট্যাক্সিটা একেবারে কাগজের ঠোঙার মতো হয়ে গেল দুমড়েমুচড়ে, ওই সময় আমার পায়ে প্লাস্টার করে দিয়েছিলেন সদাশয় ডা. আমজাদ হোসেন। আমার পদমর্যাদা রক্ষার জন্য ডাক্তার সাহেবের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাঁর সঙ্গে আমার মাঝেমধ্যে দেখা হয়, সেটাও এমন জায়গায়, যেখানে আপনি ‘না’ বলতে পারবেন না। ঢাকার একটা জিমনেসিয়ামে, ড্রেসিংরুমে, আমি হয়তো সাঁতার কেটে ফিরে কাপড় পাল্টাচ্ছি, তিনিও ব্যায়াম সেরে এসে পোশাক পাল্টাচ্ছেন। নিজের শরীরে যখন মাত্র একটা তোয়ালে, তখন যেকোনো প্রস্তাবে রাজি হয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ডা. আমজাদ বললেন, ‘চিরিরবন্দর গ্রামে আমরা একটা স্কুল করেছি। আনিস ভাই, বলেন, কবে যাবেন?’‘যাব যাব’ বলে আমি প্যান্টে পা গলাই।উপলক্ষও এসে গেল। ন্যাশনাল ডিবেট ফোরাম ওই চিরিরবন্দরে রংপুর বিভাগীয় বিতর্ক উৎসব করছে।রংপুর যাওয়া হবে, আম্মার সঙ্গে দেখা করা যাবে, একই সঙ্গে দেখা হবে চিরিরবন্দরে আমজাদ সাহেবের স্কুল এবং রংপুর বিভাগের ছেলেমেয়েদের বিতর্ক উৎসব। তা হলে পথিকপরান চল, চল সে পথে তুই...চিরিরবন্দর যাচ্ছি, এ কথা শুনেই সবাই বলতে লাগলেন, কই যাও, আমেনা-বাকী স্কুল? ও তো খুবই নাম করছে। দিনাজপুরে তাদের রেজাল্ট খুব ভালো। গ্রামের ওই স্কুলটি বোর্ডে তৃতীয় হয়! কী বলে! এত জিলা স্কুল আছে, ক্যাডেট কলেজ, ক্যান্ট পাবলিক স্কুল, সবার মধ্যে ওই অজপাড়াগাঁর স্কুলটা হয় তৃতীয়।সত্যি বলছি, চিরিরবন্দরে না গেলে আমার অনেক কিছুই অজানা থেকে যেত। মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন মা-বাবার নামে ফাউন্ডেশন করেছেন, সেই ফাউন্ডেশন নানা সামাজিক উন্নয়নমূলক কাজ করছে, তার মধ্যে খুবই উল্লেখযোগ্য হলো আমেনা-বাকী রেসিডেনসিয়াল স্কুল।থানা সদরে রাস্তার ওপরে তার ক্যাম্পাস। ভেতরে নানা ধরনের গাছপালা। স্কুলঘর। টিনে ছাওয়া টানা ভবন আছে, বহুতল ভবনও আছে। সাড়ে তিন শর মতো ছাত্রছাত্রী হোস্টেলে থাকে। আর এগারো শর মতো ছাত্রছাত্রী পড়াশোনা করে। হোস্টেলের ডাইনিং রুমে গিয়ে দেখি, ক্লাস থ্রি-ফোরে পড়া বাচ্চামেয়েরা টেবিলে বসে ভাত খাচ্ছে। গ্রাম থেকে আসা বাচ্চা একেকটা, ওদের খাওয়ার দিকে তাকিয়ে থাকি। শিশুর মুখের চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে। আবেগে চোখ ছলছল করে ওঠে।স্কুল প্রতিষ্ঠা করা কঠিন কাজ। ইট-কাঠ দিয়ে হয়তো ভবন বানানো যায়, কঠিনতর হলো প্রতিষ্ঠান পরিচালনা করা। ২০০০ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটি পরিচালিত হচ্ছে সুনামের সঙ্গে, বাচ্চারা বৃত্তি পরীক্ষায় ভালো করে, সমাপনী পরীক্ষায় ভালো করে, মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস করে, আর বেশির ভাগই জিপিএ-৫ পায়। শুধু লেখাপড়ায় তারা ভালো, তা-ই নয়, তারা খেলাধুলা করে, গ্রামে যায়, পরিবেশ আর মানুষের সঙ্গে পরিচিত হয়। কম্পিউটার ল্যাবরেটরি আছে, দিন-দুনিয়ার খবর রাখে।টাকাপয়সা হলে অনেকেই অনেক কিছু করেন। কেউ হয়তো দেশ-বিদেশে যান, বিদেশে টাকা পাচার করেন, সুইস ব্যাংকে রাখেন, অস্ট্রেলিয়া-কানাডা প্রবাসী হন, মালয়েশিয়ায় বাড়ি করে দ্বিতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। কিন্তু অনেকেই আছেন এই দেশে, টাকাপয়সা দিয়ে ভালো কাজ করেন, ভালো উদ্যোগ গ্রহণ করেন। একজন চিকিৎসকের টাকা তো সোনালী ব্যাংক থেকে মেরে দেওয়া কোটি কোটি টাকা নয়, একজন একজন করে রোগীকে সেবা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা। সেই টাকা দিয়ে নিজের গ্রামে একজন স্কুল বানিয়েছেন, গ্রামের ছেলেমেয়েদের জন্য বোর্ডিং স্কুল, আর সেটা চলছে সাফল্যের সঙ্গে। আমি বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে থাকি। একেকটা বাচ্চা একেকটা সম্ভাবনার নাম। এই শিশুদের অনেকেই এসেছে সমাজের একেবারে পিছিয়ে পড়া অংশ থেকে, এখানে পড়ছে বিনা খরচে।সবচেয়ে যেটা বড় কথা, এখন আরও আরও স্কুল হচ্ছে চিরিরবন্দরে, দিনাজপুরে। একজন বললেন, দিনাজপুরে একটা কলেজ হচ্ছে, যেটা সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত হবে। বাংলাদেশে একটা কিছু হলে সবাই সেটা অনুসরণ করতে ঝাঁপিয়ে পড়ে। সিনেমা হল বানানো শুরু হলো তো সিনেমা হল, চায়নিজ রেস্টুরেন্ট তো চায়নিজ রেস্টুরেন্ট। এখন যদি ভালো স্কুল বানানো, ভালো স্কুল চালানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায় বেসরকারি উদ্যোগে, সেটা একটা দারুণ সুসংবাদই বটে।আর ওই বিতর্ক উৎসবটাতেও দিনাজপুর-রংপুরের নানা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা এসেছে। এই সবই তো প্রশিক্ষণ। একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, অনেকের সঙ্গে মেশা, কথা বলা, মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলা, সবই তো শিক্ষারই অংশ। কবির ভাষায়: ‘আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে।’বাংলাদেশের আরও অনেক জায়গায় এই ধরনের স্কুল আছে। আমরা কুমিল্লা কিংবা সিরাজগঞ্জের বেসরকারি স্কুলের ভালো ফল করার কথা যেমন জানি। এই যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, শিক্ষার পরশমণির ছোঁয়া পাচ্ছে, এদের জীবন তো বদলে যাবে। রংপুরের পায়রাবন্দের ছোট্ট বালিকাটি রাতের অন্ধকারে একটা প্রদীপ জ্বালিয়ে সেই যে নিষিদ্ধ বিষয় ইংরেজি আর বাংলার পাঠ নিয়েছিল, সে তো কেবল নিজের জীবনটাকে বদলায়নি, সমাজটাকেই বদলে দিয়েছে, সেদিন বেগম রোকেয়া লেখাপড়া করেছিলেন বলেই আজ এই দেশে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে আসছে, লড়াই করছে।বাংলাদেশের ৯০ ভাগের বেশি ছেলেমেয়ে স্কুলে যায়। ২০ বছর পরে এই দেশের প্রায় সবাই যদি শিক্ষিত হয়, তা হলে আমাদের কৃষকেরা হবেন শিক্ষিত কৃষক, আমাদের শ্রমিকেরা হবেন শিক্ষিত শ্রমিক। সেই সময়টা, দেশটা কি উন্নততর হবে না?দেশের রাজনীতি আমাদের পিছু টানছে। আমাদের দেশে চলছে বেপরোয়া লুণ্ঠনতন্ত্র। ক্ষমতাবানেরা আইনকানুন, ন্যায়নীতি, মূল্যবোধ ইত্যাদির পরোয়া করেন না। কিন্তু পাশাপাশি মানুষ এগিয়ে চলেছে। ব্যক্তি মানুষ কী কী সব কাণ্ড ঘটাচ্ছে কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, ব্যবসায়িক উদ্যোগে। আরব দেশের খেজুরের চাষ হচ্ছে বাংলায়, চাষ হচ্ছে স্ট্রবেরির। মাছে এমন বিপ্লব ঘটে গেছে যে পাঙাশ মাছ এই দেশে এখন সবচেয়ে সস্তা। কত নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ দেখি এখানে-ওখানে। আর মানুষ ভালো কাজ করছেন। অনেকেই। এবং কাউকে না জানিয়ে।ডাচ্-বাংলা ব্যাংক লি. ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কার্যক্রম তো ১০০ কোটি টাকার। এর চেয়ে ভালো বিনিয়োগ আর কিছুই হতে পারে না। মানবসম্পদে বিনিয়োগ, শিক্ষায় বিনিয়োগ। ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃপক্ষকে আমি অন্তরের অন্তস্তল থেকে অভিবাদন জানাই। প্রথম আলো ট্রাস্টের বৃত্তি পায় অদম্য মেধাবীরা, যাদের অভিভাবকদের আয় খুবই কম। কিন্তু ওই শিক্ষার্থীরা, দেখা যাচ্ছে, পরের পরীক্ষাগুলোতেও ভালো করছে বেশির ভাগ ক্ষেত্রেই। ভালো ভালো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে। এরা নিজেদের জীবনটাকেই শুধু বদলাবে না, চারদিকের মানুষের জীবনও বদলে দেবে। আমি জানি একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক হাজি আবুল হাশেমের কথা। তিনি অনেকগুলো স্কুল-কলেজ প্রতিষ্ঠাই শুধু করেননি, খবরের কাগজে কোনো শিক্ষার্থীর দুর্দশার খবর ছাপা হলে গোপনে সেখানে ছুটে যান, তার জন্য একটা স্থায়ী কিছু করে দেওয়ার উদ্যোগ নেন, আর ওই শিক্ষার্থীকে বলেন, বড় হয়ে তুমি অন্তত একজন ছাত্রকে লেখাপড়া করতে সাহায্য কোরো। আমাদের সহপাঠীদের বুয়েট ৮৯ ক্লাব বলে একটা সংগঠন আছে। তারাও প্রায় সবার অগোচরে একটা কাজ করছে। কল্যাণপুর পোড়া বস্তিতে তারা একটা ছোট্ট ডে-কেয়ার সেন্টার চালাচ্ছে। ওই বস্তির মায়েরা অনেকেই গার্মেন্টসে বা বাসাবাড়িতে কাজ করেন। তাঁদের বাচ্চারা দিনের বেলা থাকবে কোথায়? একদিন বিকেলে ওই ডে-কেয়ার সেন্টারে গিয়ে দেখি, একটা ঘরে ১০টা বাচ্চা সবুজ রঙের জামা পরে আরামে ঘুমুচ্ছে। ওরা সকাল সাতটায় আসে, সন্ধ্যা সাতটার পরে ফেরে। ওদের খাওয়ানো, পরানো আর লেখাপড়ার কাজটা করে এই সেন্টারটি। চিত্রনায়িকা ববিতা এই কার্যক্রম উদ্বোধন করে দিয়েছিলেন। এ তো গেল ভালো খবর। খারাপ খবরটা পেলাম ওই বস্তিতে গিয়ে, প্রাথমিক বিদ্যালয় থেকে বেরিয়েছে বস্তির যে ছেলেমেয়েরা, তাদের অনেকেই ভালোমতো পড়তে পারে না, লিখতে পারে না। মা গার্মেন্টসে চাকরি করেন, হয়তো তিন হাজার টাকা পান মাসে। তাঁকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া বাচ্চাকে গৃহশিক্ষকের কাছে পড়ানোর জন্য খরচ করতে হয় মাসে হাজার-বারো শ টাকা।আমাদের প্রাথমিক শিক্ষার মান নিয়ে একটা বড়সড় আন্দোলন কিন্তু শুরু করা দরকার। ঢাকা শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় কী হচ্ছে, গ্রামেগঞ্জে কী হচ্ছে, শহরের সমাজনেতারা তার কোনো খবর রাখছেন কি?আমরা সবাই জানি, বাংলাদেশের প্রধান সম্পদ তার মানুষ। প্রায় এক কোটি লোক এখন প্রবাসী, প্রতিদিন তিন হাজার মানুষ বিদেশে যাচ্ছে কাজের সন্ধানে, এই সংখ্যাটা বাড়বে, কারণ একজন বিদেশে গেলে তার আত্মীয়স্বজনকেও নিয়ে যাবে, কাজেই আগামী ১০ বছর পরে এই দেশের তিন কোটি লোকের প্রবাসী হওয়ার কথা। আর এখন ৮০ হাজার ছেলেমেয়ে মাধ্যমিকে জিপিএ-৫ পাচ্ছে। এই লাখ লাখ ছেলেমেয়ে লেখাপড়া শিখে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে, সেই দেশটার অগ্রগতি কে ঠেকিয়ে রাখতে পারবে?আমাদের রাজনীতিতে আগামী দুই বছরে আপনি কোনো সুসংবাদ আশা করেন না, আমি জানি। কিন্তু ২০ বছর পরে এই দেশটা যে একটা আলোকিত উন্নত দেশ হবে, সেটা কিন্তু একটা গাণিতিক বাস্তবতা। কারণ, আজকের শিক্ষার্থীরা তখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে। শিক্ষার বিষয়ে আমাদের আরও মনোযোগী হতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একটা আন্দোলন শুরু করতে হবে। তা হলে দেশটার উন্নতি কেউই ঠেকিয়ে রাখতে পারবে না।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।