জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যখন কট্টরপন্থার জয়জয়কার, তখন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেত্রী আঙ্গেলা ম্যার্কেলকে চতুর্থবারের মতো বিজয়ী করে জার্মানির ভোটাররা সহিষ্ণুতা ও সমঝোতার পক্ষেই রায় দিয়েছেন। আমরা তাঁকে হার্দিক অভিনন্দন জানাই।
জার্মান পার্লামেন্টে ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টিতে সরাসরি ভোটে নির্বাচন হয়। বাকি ২৯৯ আসনে দলীয় ভোটপ্রাপ্তির শতাংশের হিসাব অনুযায়ী বিভিন্ন দলের তৈরি করা প্রার্থীর তালিকা থেকে সংসদ সদস্য হবেন। আশা করা গিয়েছিল, ম্যার্কেলের দল ৩৬ শতাংশ ভোট পাবে। কিন্তু তারা পেয়েছে ৩২ শতাংশ ভোট। আর ১৬ শতাংশ ভোট পেয়ে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি দল তৃতীয় অবস্থান নিয়েছে। নির্বাচনের আগে দলটি উগ্র জাতীয়তাবাদের পক্ষে এবং ম্যার্কেলের উদার তথা শরণার্থী নীতির বিরুদ্ধে জোর প্রচার চালিয়েছে। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সমাজতান্ত্রিক ধ্যানধারণায় বিশ্বাসী এসডিপি বিরোধী দলে বসার কথা বলেছে। সে ক্ষেত্রে ম্যার্কেলকে ছোট ছোট একাধিক দলের সহযোগিতায় সরকার গঠন করতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ম্যার্কেলকে আগের চেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আবার এটি তঁার জন্য আশীর্বাদও হতে পারে। জার্মান ভোটারদের আস্থার ওপর ভর করে তিনি তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নে তাঁর অগ্রণী ভূমিকা রাখার সুযোগ আছে।
বিশ্বায়নের যুগে আঞ্চলিক বা আন্তর্জাতিকভাবে প্রভাবশালী কোনো দেশে সঠিক নেতৃত্ব না এলে সেটি যে সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে পড়ে, বর্তমান বিশ্বে তার একাধিক উদাহরণ আছে। এই প্রেক্ষাপটে ম্যার্কেলের পুনর্নির্বাচিত হওয়ায় বিশ্বের শান্তিকামী মানুষ কিছুটা হলেও স্বস্তিবোধ করবে। আমরা স্মরণ করতে পারি, যখন মধ্যপ্রাচ্য থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ মানুষ ইউরোপে পাড়ি জমাচ্ছিল, তখন অন্যান্য দেশ দরজা বন্ধ রাখলেও ম্যার্কেল তাদের জন্য জার্মানির দরজা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। উগ্রপন্থীদের বিরোধিতা সত্ত্বেও তিনি ১০ লাখ শরণার্থীকে জার্মানিতে আশ্রয় দেন, যা মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
যে মুহূর্তে ম্যার্কেল জার্মানির চ্যান্সেলর পদে পুনর্নির্বাচিত হলেন, সেই মুহূর্তে চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর বোঝা বাংলাদেশের কাঁধে ভর করেছে। এ ব্যাপারে শরণার্থী মানুষের সুহৃদ ম্যার্কেলের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।